যখন তাঁরা ব্যর্থতার প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দলের পারফরম্যান্স আর আপনাদের পারফরম্যান্স দুটিই যা-তা। ভালো কিছু করার পর সাক্ষাৎকার দিতে নিশ্চয়ই খুব ভালো লাগে। উল্টোটা কেমন লাগছে?সাকিব: ভালো লাগার তো কোনো কারণ নেই। ব্যক্তিগত ব্যর্থতার চেয়ে টিম খারাপ করেছে, এটাই বেশি খারাপ লাগছে। কখনো এমন হয় যে, আমি খারাপ করেছি কিন্তু টিম ভালো করেছে, তখন এত খারাপ লাগে না। কিন্তু টিম খারাপ করেছে, আমিও খারাপ করেছি—এমন হলে বেশি খারাপ লাগে। নিজে ভালো করেছি কিন্তু টিম ভালো করেনি, তখনো খারাপ লাগাটা একটু কম হয়। তবে দুটিই খারাপ হলে খুব বেশি খারাপ লাগে। তামিম, একজন ব্যাটসম্যানের জন্য চরমতম দুঃস্বপ্ন তো গোল্লা মারা। প্রশ্নটা নিষ্ঠুর হয়ে যাচ্ছে, এই অনুভূতিটা কেমন?তামিম: কী বলব...এই একটা ম্যাচের জন্য আমরা ছয় মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। দেশে-বিদেশে অনেক কষ্ট করেছি। এই ম্যাচটাই আমরা ফোকাস করছিলাম যে, এই ম্যাচ আমরা জিতব আর কোয়ালিফাই করাটা প্রায় নিশ্চিত করে ফেলব। এত কষ্ট-টষ্ট করার পর ওই ম্যাচেই যদি জিরো করি, তাহলে কেমন লাগে! এই ম্যাচ নিয়ে একটু বেশি আশা করায় কি আপনারা খুব বেশি টেনস্ড ছিলেন?সাকিব: এমন হতে পারে, অনেক দিন ধরে একটা জিনিসের জন্য অপেক্ষা করেছি, যখন ওই সময়টা এসেছে, তখন হয়তো কীভাবে কী করব বুঝতে পারছি না...একটু নার্ভাস, একটু প্রেশার...নিজের অজান্তেই মনে এমন কিছু হয়তো কাজ করে থাকতে পারে।তামিম: বলা কঠিন। তবে আমাদের মধ্যে অনেকেই নতুন আসছে, যেমন জিয়া ভাই, নাসির, সানি ভাই...তারা জিনিসটা কীভাবে ফিল করছে, এটা তো আমরা বলতে পারব না। একটু টেনস্ড থাকাটাই স্বাভাবিক। আমি, সাকিব বা মাশরাফি ভাই বড় স্টেজে অনেক ম্যাচ খেলছি। ওদের জন্য হয়তো বা এটা নতুন জিনিস আর এত বড় স্টেজ...তার পরও আমি মনে করি না, আমরা খুব নার্ভাস ছিলাম। শুরুটা ভালো করলে বাংলাদেশ হঠাৎ করে দুর্দান্ত ফিল্ডিং দল হয়ে যায়। কিন্তু এদিন তো ভালো শুরুর পরও সব এলোমেলো হয়ে গেল...সাকিব: এটাই আসলে চিন্তার বিষয়, কেন এমন হলো! ৬ ওভার শেষে ফিল্ডিং যখন ছড়িয়ে গেল, তখন আমরাও কেমন যেন ছড়িয়ে গেলাম! হয়তো ভেবেছি, এমন সুন্দর শুরু করেছি, প্রতিদিন স্পিনাররা ভালো বল করে দেয়, আজও করবে। তা হয়নি। স্পিনাররা সব সময়ই বাংলাদেশের জেতার পেছনে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু এদিন সেটা ১ পার্সেন্টও হয়নি। কিন্তু ফিল্ডিং এত খারাপ হলো কেন?তামিম: এটা বলা খুব কঠিন। ফিল্ডিং কেন এত খারাপ হয়েছে, কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না।সাকিব: কারণ আমরাও খুঁজছি। অনেক কিছুই আসছে। কিন্তু সুনির্দিষ্ট কিছু কেউই খুঁজে পাচ্ছি না। সাকিব, আপনার নামের পাশে ৪-০-৪০-০টা একদমই মানায় না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আপনার সবচেয়ে বাজে বোলিং...সাকিব: বোলিং নিয়ে আমি খুব বেশি ভাবি না। বোলিংয়ের সময় কিছু না কিছু করে ফেলি। কিন্তু এদিন কিছুই কাজে আসেনি। টি-টোয়েন্টিতে যেকোনো বোলারেরই এমন একটা দিন আসতেই পারে। কেন ভালো করতে পারলাম না, আমিও তা ভাবছি। হয়তো কোনো ভুল ছিল, সামনের ম্যাচে সেটি শোধরাতে চেষ্টা করব।তামিম: সাকিব যখন বল করতে আসে, পুরো দলই ভালো কিছু আশা করে। কারণ, ও আমাদের সেরা বোলার। কে জানে, সাকিব যে ভালো করতে পারল না, এটাও আমাদের ভেঙে পড়ার একটা কারণ হতে পারে। অন্য বোলারদের হয়তো মনে হয়েছে, সাকিবই পারছে না, আজ তা হলে কিছুই হবে না। উইকেট কি একটা কারণ?সাকিব: বড় কারণ। আমি সব সময়ই বলে এসেছি, আমরা ভালো স্পিনার। কিন্তু অত ভালো নই যে, যেকোনো উইকেটে ভালো করতে পারব। উইকেট থেকে আমাদের একটু হেল্প লাগে। পাল্লেকেলের উইকেটে তা একটুও পাইনি। এখন মনে হচ্ছে, আমাদের ম্যাচগুলো কলম্বোতে হলেই বোধ হয় ভালো হতো। টিভিতে তো দেখলাম, প্রেমাদাসায় বল ইয়া বড় টার্ন করছে। শেষ পর্যন্ত তো ম্যাচটা বাংলাদেশ বনাম ম্যাককালাম হয়ে গেল। কী বলবেন ওর ইনিংসটাকে?তামিম: ও একটা প্ল্যান নিয়ে নেমেছিল। অনেক নতুন জিনিস করেছে, যাতে আমাদের স্পিনাররা কনফিউজড হয়ে গেছে। স্টান্স, যেভাবে উইকেটে মুভ করছিল, সবকিছুতেই বোঝা গেছে ওর একটা প্ল্যান আছে, সেটি কাজও করেছে। কোনো সন্দেহ নেই, টি-টোয়েন্টিতে আমার দেখা অন্যতম সেরা ইনিংস। ম্যাককালাম অবিশ্বাস্য কিছু শটও খেলেছে, মাশরাফির বলে যে ছক্কাটা মারল, যেন টেনিস ফোরহ্যান্ড...তামিম: টি-টোয়েন্টিতে আপনি যদি ১২৩ রান করেন, তা হলে কিছু শট খেলবেনই, যা অবিশ্বাস্য মনে হবে। কল্পনাও করতে পারবেন না যে, ওটা ছয় হয়ে গেছে।সাকিব: টি-টোয়েন্টিতে ম্যাককালাম সব সময়ই দুর্ধর্ষ ব্যাটসম্যান। যেকোনো বোলিংকে ছিন্নভিন্ন করে দিতে পারে। এদিনই দেখেন না, এত মেরে খেলল, তার পরও প্রায় চান্সলেস একটা ইনিংস। প্রথম চান্স যেটা দিল, সেটাও ৯২ রানে। পাকিস্তান তো নিউজিল্যান্ডের চেয়েও কঠিন হবে। বাংলাদেশের আশা কি তাহলে শেষ?সাকিব: শেষ হওয়ার আগে শেষ বলাটা ভুল। কম চান্স আছে, কিন্তু চান্স নেই, এমন তো কেউ বলতে পারবে না। এমনকি আইসিসিও বলতে পারবে না (হাসি)। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড যদি জিতে যায়, তা হলে শেষ ম্যাচে যারা জিতবে, তারাই যাবে। তবে কাল (আজ) যা হবে না-হবে, সেই চিন্তা করে লাভ নেই। পাকিস্তানের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে। যদি জিতে যাই, তাহলে তো কথাই নেই। যদি না-ও জিতি, পারফরম্যান্সটা যেন এমন হয়, যাতে সবাই বুঝতে পারে, আমরা ভালো টিম, নিউজিল্যান্ডের সঙ্গে যাদের একটা খারাপ দিন গেছে।তামিম: পাকিস্তানের কথা বেশি চিন্তা না করে আমরা যদি আমাদের কাজগুলো ঠিকভাবে করতে পারি, তা হলে আমার বিশ্বাস, একটা ভালো রেজাল্টই হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা এত যে প্রস্তুতি নিলাম, এখন কি মনে হচ্ছে না সেই প্রস্তুতিতে বড় একটা ফাঁক ছিল? শুধু ছোট দলের বিপক্ষে খেলে তেমন লাভ হয়নি।সাকিব: বড় দলের সঙ্গে খেলতে পারলে তো অবশ্যই ভালো হতো। তবে আমি কাউকে দোষ দিচ্ছি না। আমাদের কোনো খেলাই ছিল না, সেখানে খেলার ব্যবস্থা তো হয়েছে, এটাই বা কম কী! তবে আমি মনে করি, আমরা ৫০ ওভারের বিশ্বকাপে খেলার আগে টেস্ট খেলা বাদ দিয়ে দিয়েছি, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুধু টি-টোয়েন্টিই খেললাম। এটা বাজে জিনিস। টেস্ট বা ওয়ানডে খেললে ব্যাটসম্যান-বোলাররা অনেক বেশি সময় পায়। অনেক কিছু শিখতে পারে। অন্য দলগুলো কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টেস্ট সিরিজ-ওয়ানডে সিরিজ বাদ দিয়ে দেয়নি। আমরা শুধু একটা খেলাই খেলতে খেলতে অন্য খেলা ভুলে যাই।