
আজ হোক, কাল হোক ঘোষণাটা আসতই। একদিন তিনিও থামবেন—এ যে প্রকৃতিরই নিয়ম।
তবু কাল শেষ বিকেলের দিকে বার্তা সংস্থাগুলোর অনলাইন সংস্করণে ‘তরতাজা খবর’ দেখে নিশ্চয়ই ক্রিকেট অনুরাগীরা কিছুক্ষণের জন্য থমকে গেছেন। টেলিভিশনের পর্দার নিচে হঠাৎ ‘স্ক্রল’ দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অনেকে। বিস্ময়কর কিছু নয়, অনেকের চোখেমুখে তবু হয়তো ছিল অবিশ্বাসের চাহনি।
অবসরের ঘোষণা দিয়েছেন শচীন টেন্ডুলকার! দেশের মাটিতে কিছুদিন পর ২০০তম টেস্ট খেলেই ক্রিকেটকে ‘গুডবাই’ বলবেন এ গ্রহের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই সময়ের তো বটেই, হয়তো ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে আলোচিত বিদায় ঘোষণাটা কাল টেন্ডুলকার দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে চিঠি লিখে।
এক দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টিকেও। এবার ক্রিকেটের সঙ্গে নিজের শেষ গাঁটছড়া ছিন্ন করার পথে ব্যাটিং মহাতারকা। ক্যারিয়ারের শেষ দুই টেস্টের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ নভেম্বর থেকে, শেষের শুরুটা হবে ১৪ নভেম্বর। ক্রিকেট রূপকথার নায়ক বিদায় নেবেন সেই টেস্টের পরই।
কেমন হবে টেন্ডুলকারবিহীন ক্রিকেট? গত দুই যুগে এই ছবিটা হয়তো অনেকেই আঁকেননি। আঁকার কথাও নয়। ক্রিকেটের সংজ্ঞাই যেন হয়ে উঠেছিলেন টেন্ডুলকার। বার্লিনের দেয়াল ভেঙে দুই জার্মানির এক হওয়ার বছরে অভিষেক, গত বছর যখন এশিয়া কাপে সেঞ্চুরির সেঞ্চুরি করেন, তখন মঙ্গল গ্রহে দিব্যি বিচরণ করছে কিউরিওসিটি রোভার। এই ২৪ বছরে তাঁর চোখের সামনেই কত কিছু বদলে গেছে। আটজন প্রধানমন্ত্রী দেখেছে ভারত। টেন্ডুলকারের অভিষেকের সময় যে লিওনেল মেসি কেবল হাঁটতে শিখেছেন, আজ তাঁর সেই পায়ে দুলছে ফুটবল-বিশ্ব। তাঁর সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ওয়াকার ইউনিসের। বছর দশেক আগে খেলা ছেড়ে সেই ওয়াকার পুরোদস্তুর কোচ। বদলাননি শুধু ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মানুষটা। সেদিন করাচির সেই টেন্ডুলকার পরের দুই যুগে হায়দরাবাদ, সেঞ্চুরিয়ন, সিডনি, শারজা, ওয়াংখেড়ে যেখানেই ব্যাট হাতে নেমেছেন, বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়েছে কি? টাইম সাময়িকী সম্ভবত এ কারণেই তাঁর সম্পর্কে লিখেছিল—এ গ্রহের সব মানুষের ওপর সময় প্রভাব ফেললেও একজনকে বাদ রেখেছে। শচীন টেন্ডুলকারের সামনে এসে থমকে গেছে সময়!
এমন টেন্ডুলকারকেও ‘শেষ’ বলতে হচ্ছে। অবসর নিয়ে নানা জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। গুঞ্জন ছিল, ২০০ টেস্টের মাইলফলক ছোঁয়ার পরই অবসর নিতে তাঁকে অনুরোধ করেছে বিসিসিআই। সে বিদায় যাতে দেশের মাটিতে হয় সে কারণেই দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানানো। যদিও বোর্ডকে লেখা চিঠিতে টেন্ডুলকার জানিয়েছেন, মন থামতে বলছে বলেই তিনি থামছেন। কিন্তু কাল ঘোষণাটা আসার পর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের তুমুল সমালোচনা—অনেকটা জোর করেই নাকি অবসর ঘোষণায় বাধ্য করা হয়েছে ব্যাটিং জিনিয়াসকে।
হয়তো শুধুই গুঞ্জন। কিন্তু এই সমালোচনার আড়ালে মিশে আছে ব্যাট হাতে কটা দিন পর থেকেই টেন্ডুলকারকে আর না দেখার আফসোসও। শুধুই একজন ব্যাটসম্যান কিংবা শুধুই একজন ক্রিকেটার তো নন তিনি। টেন্ডুলকারই ক্রিকেট!
এমন একজনকে আর ব্যাট হাতে না দেখার আক্ষেপ কে ঘোচাবে?
বিসিসিআইকে টেন্ডুলকারের চিঠি
সারা জীবনই আমি ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নটা বুকে লালন করেছি। ২৪ বছর ধরে প্রতিটি দিন আমি এই স্বপ্ন নিয়ে চলেছি। ক্রিকেট ছাড়া জীবন আমি ভাবতেই পারি না, কারণ ১১ বছর বয়স থেকেই এই ক্রিকেটই আমার সবকিছু। আন্তর্জাতিক ক্রিকেটে পৃথিবীজুড়ে আমার দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল দারুণ সম্মানের।
দেশের মাটিতে নিজের ২০০তম টেস্ট খেলার জন্য উন্মুখ হয়ে রয়েছি, তারপরই অবসর।
আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ জানাই সবকিছুর জন্য এবং আমার মন যখন বিদায় বলতে চাইছে, তখন বিদায়ের অনুমতির জন্য। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাই তাদের ধৈর্য ও সহযোগিতার জন্য। সর্বোপরি আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই, যাঁদের প্রার্থনা ও শুভকামনা মাঠে গিয়ে আমার সেরাটা দিতে সাহায্য করেছে।
শচীন টেন্ডুলকার
১৯৮ টেস্ট ১৫৮৩৭ রান, ৫১ সেঞ্চুরি
৪৬৩ ওয়ানডে ১৮৪২৬ রান, ৪৯ সেঞ্চুরি
আমি চাই এরপর সে তরুণদের কিছু সময় দিক। ওরা তার কথা শোনার অপেক্ষায়
—কপিল দেব, সাবেক ভারতীয় অধিনায়ক
সন্দেহাতীতভাবেই আমার সময়ের সেরা ক্রিকেটার... দ্বিতীয় হওয়ার মতোও কেউ ছিল না, লারা তৃতীয়
—শেন ওয়ার্ন, সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার
শুধু সে যে প্রতিভা নিয়ে জন্মেছে সেটা নয়, সে যা করেছে সেটাও অবিশ্বাস্য
—সৌরভ গাঙ্গুলী, সাবেক ভারতীয় অধিনায়ক
আমার নায়কদের একজন তিনি। তাঁর বিপক্ষে খেলাটা ছিল দারুণ আনন্দের
—মাইকেল ভন, সাবেক ইংল্যান্ড অধিনায়ক
lin� ih���>