যখন ভাগ্যকেও দুষবার উপায় নেই
ঝরনা কলমের ব্যবহার বাংলাদেশে এখন প্রায় উঠেই গেছে। অঙ্কটা প্রায় শেষ করে আনার পর খাতায় দোয়াত উল্টে পড়ার উপমাটা নবীন প্রজন্ম বুঝতে পারবে কি না সন্দেহ। তার পরও এটি বলা, কারণ প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ইনিংসটি বোঝাতে এর চেয়ে জুতসই উপমা আর খুঁজে পাওয়া যাচ্ছে না।৩২ রানে ৩ উইকেট পড়ার পর নেমেছেন। এক বল পরই ৪ উইকেটে ৩৩। সেখান থেকে মুশফিকুরকে নিয়ে ভাঙা ইনিংসটায় জোড়াতালি মারতে মারতে এগোলেন। গলায় ফাঁসটা যখন একটু ঢিলে, ৬২ বলে মাত্র দুটি চারের সংযমের পরীক্ষার ফলটা ঘরে তোলার সময়, তখনই সাকিব আউট!ইনিংসের ৪০তম ওভার। উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ফেলা দুই সেট ব্যাটসম্যান। ঝড় তোলার অপেক্ষায় শেষ ১০ ওভার, যাতে আছে ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারও। কত হতে পারে বাংলাদেশের স্কোর—২২০? ২৩০?হলো আসলে ১৮৪। মাসাকাদজার বলটা মারারই ছিল। কিন্তু সেটি উঠে গেল কাভারে। শেষ ভরসা মুশফিকুরও আর বেশিক্ষণ থাকলেন না। ৫০ ওভারের ৮টি বল অব্যবহূত রেখেই বাংলাদেশের ইনিংস শেষ।মাঠে আবেগের প্রদর্শনীতে সাকিব খুব মিতব্যয়ী। আনন্দ-হতাশা দুটিই নিয়ন্ত্রণে রাখতে জানেন। অথচ এ দিন মাসাকাদজার বলে উতসেয়া ক্যাচটা নেওয়ার পর প্রস্তরমূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন উইকেটে। তারপর শরীরটা যেন টানতে টানতে পথ ধরলেন ড্রেসিংরুমের।সাকিবকে জিম্বাবুয়ে খুব ভয় পায়। বোলার সাকিবের চেয়ে ব্যাটসম্যান সাকিবকে বেশি। তাঁর ব্যাটের রুদ্ররূপ যে জিম্বাবুইয়ানরাই বেশি দেখেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের দুটি সেঞ্চুরিই রীতিমতো ‘হারিকেন’। প্রথমটি ৬৩ বলে, ৬৮ বলে দ্বিতীয়টি। ১৮৪ রানে অলআউট হয়ে যাওয়ার দিনে সেই দুই সেঞ্চুরির গল্প দেউলিয়া হয়ে যাওয়া জমিদারের সুখের দিনের স্মৃতিচারণার মতো।জিম্বাবুয়ের বিপক্ষে এমন সুখের স্মৃতি বাংলাদেশের অনেক ব্যাটসম্যানেরই আছে। তামিম ইকবালের ১৫৪ আছে, যেটি ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। কাল সেই তামিম করলেন ১৮ বলে ৪।শাহরিয়ার নাফীসের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ওয়ানডেতে চার সেঞ্চুরির তিনটিই ওদের বিপক্ষে। এদিন সেঞ্চুরির চেয়ে ‘মাত্র’ ৮৬ রান কম করলেন।দুই বছর আগে জিম্বাবুয়েতে সর্বশেষ সফরে প্রথম ম্যাচেই মোহাম্মদ আশরাফুল অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। সেটি বুলাওয়েতে। হারারে মাঠেও সুখস্মৃতি আছে। ২০০৪ সালে এখানেই তাঁর ৩২ বলে অপরাজিত ৫১ রানের সেই ইনিংস। যেটির কল্যাণে প্রায় পাঁচ বছর ও ৪৭ ম্যাচ জয়হীন থাকার পর প্রায় ভুলে যাওয়া জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আশরাফুল কাল করলেন মাত্র ২।ইমরুল কায়েস ব্যতিক্রম। জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরিও নেই। ওদের বিপক্ষে মাত্র চারটি ওয়ানডেই খেলেছেন, সর্বোচ্চ ৪১। জিম্বাবুয়েতে কালই ওয়ানডে অভিষেক। ২০০৯ সালে সর্বশেষ সফরে এসে পাঁচ ম্যাচই বাইরে বসে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে অতীত পারফরম্যান্সের বিচারে ব্যতিক্রম, তবে কাল ব্যতিক্রম না হয়ে তিনিও শামিল ব্যর্থতার মিছিলে। ২৭ বলে ১১।বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে আরেকটা মিলও আছে। সেটিই আসলে নির্ধারণ করে দিয়েছে প্রথম ওয়ানডের ভাগ্য। চারজনই শিকার ব্রায়ান ভিটরির। ৮ ওভারের প্রথম স্পেলে ২১ রান দিয়ে ৪ উইকেট। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ৫ উইকেট পেতে পেতে পাননি। দ্বিতীয় স্পেলে ফিরে শফিউলকে তুলে নিয়ে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট পেলেন।একদিক থেকে ভালোই হলো। টেস্টে অভিষেক ইনিংসে ৫ উইকেট পেলেও আরও অনেক বোলারের ভিড়ে হারিয়ে যেতেন। ওয়ানডে অভিষেকে এই অর্জন জিম্বাবুইয়ান বাঁহাতি পেসারকে এমন একটা ক্লাবে স্থান করে দিল, তাঁকে নিয়ে যেটির সদস্যসংখ্যা মাত্র সাত। ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসের। ৫ উইকেট পেয়েছেন ভিটরিকে নিয়ে ছয়জন। যে দলে আর কোনো জিম্বাবুইয়ান নেই।জিম লেকারের যে টেস্টে ১৯ উইকেট, সেটিতেই উইকেটশূন্য ছিলেন বাঁহাতি স্পিনার টনি লক। এই ম্যাচে ব্রায়ান ভিটরি যদি ‘লেকার’ হন, ‘লক’ ক্রিস্টোফার পোফু। নতুন বলে এই দুর্দান্ত বোলিং করেছেন ববি ডাকনামের এই লিকলিকে তরুণও। প্রথম স্পেলে ভিটরির চেয়েও মিতব্যয়ী (৮-২-১৭-০)। উইকেট পেলেন না নিতান্তই দুর্ভাগ্যের কারণে। দ্বিতীয় স্পেলে ফিরে মাত্র চারটি বলই করতে পারলেন। ওই ওভারে একটি উইকেটও পড়ল। বাংলাদেশের ইনিংসের শেষ উইকেট। তবে সেটি রানআউট!ক্রিকেটে আসলে ভাগ্যও লাগে। যাঁর ব্যাটিংয়ে ‘ভাগ্য’ ব্যাপারটা কখনোই পাত্তা পায়নি, সেই ডন ব্র্যাডম্যান পর্যন্ত বলে গেছেন, ‘ক্রিকেটে ভাগ্য খুব বড় ভূমিকা রাখে।’ অবশ্যই রাখে। তবে কাল ক্রিস্টোফার পোফু এ কথা বলে দুঃখ করতে পারেন। বাংলাদেশ দলের তা করার অধিকার নেই। টপ-অর্ডার ব্যাটসম্যানরা এমন ব্যর্থতার প্রতিযোগিতায় নামলে ভাগ্যের কি আর পাশে দাঁড়ানোর রুচি হয় নাকি!