যখন শুধুই দর্শক

প্রেসবক্সে বসে এশিয়া কাপ তো আর কম দেখলাম না। তার পরও কেন যেন এশিয়া কাপ এলে প্রেসবক্সের কোনো স্মৃতি নয়, সবার আগে মনে পড়ে ২৬ বছর আগের বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি। সেই গ্যালারিতে আমি ছিলাম নির্ভেজাল দর্শকের ভূমিকায়।
বঙ্গবন্ধুর নাম তখনো স্টেডিয়ামের সঙ্গে জড়ায়নি। ‘জাতীয়’ শব্দটাও সম্ভবত নয়। তখনো শুধুই ঢাকা স্টেডিয়াম। ১৯৮৮ এশিয়া কাপের মূল ভেন্যু ছিল এটিই। ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি অবশ্য হয়েছিল চট্টগ্রামে।
বাংলাদেশের ক্রিকেটাকাশে সেই প্রথম তারার মেলা। সেই তারারা মূলত ভারত আর পাকিস্তানের। শ্রীলঙ্কা তখনো শ্রীলঙ্কা হয়ে ওঠেনি। আর বাংলাদেশের তো আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই শৈশবকাল। ‘পুরো ৫০ ওভার খেলতে চাই’ প্রতিজ্ঞাপূরণই তখন সাফল্যের উদ্বাহু নৃত্যে মাতিয়ে তোলার উপলক্ষ।
এখন যেটির নাম কুয়েট, সেটি তখন খুলনা বিআইটি। পুরকৌশলের শেষ বর্ষে পড়ি। ঢাকায় আত্মীয়ের বাসায় থাকার ব্যবস্থা আছে। কিন্তু খুলনা থেকে আসা-যাওয়া, ম্যাচের টিকিট এসব মিলিয়ে অনেক টাকার ধাক্কা। এ নিয়ে কয়েকটা দিন কেমন বিষম দুশ্চিন্তায় পড়েছিলাম, এখনো তা মনে পড়ে। সেটির ব্যবস্থা হয়ে যাওয়ার পর ঢাকার পথে যাত্রাটাকে মনে হচ্ছিল ক্রিকেট তীর্থযাত্রা।
ঢাকায় বাংলাদেশের একটি ম্যাচই হয়েছিল। এখন একটু অবিশ্বাস্যই লাগে, সাশ্রয়ী চিন্তা থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটিই শুধু মাঠে বসে দেখিনি। তখন আমি বিশ্ব ক্রিকেটের নাগরিক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবেগ-টাবেগের কোনো ‘বালাই’-ই নেই। দ্রুতই তাই সিদ্ধান্তে পৌঁছে যাই, বাংলাদেশ তো গোহারাই হারবে, এটি দেখতে টাকা খরচ করার কী দরকার! টেলিভিশনে দেখলেই হবে। তা-ই দেখেছিলাম। সেই ম্যাচের একটা দৃশ্য কীভাবে যেন এখনো চোখে ভাসে। রবি রত্নায়েকের বাউন্সারে হুক করছেন আমিনুল ইসলাম। সেই সময়ের বাংলাদেশের জন্য এমনই পুরুষকারের পরিচয় যে, তা রীতিমতো শিহরণ জাগিয়েছিল।
আর সবার মতো আমারও মূল আকর্ষণ ছিল ভারত-পাকিস্তান মহারণ। তখন তো ভারত-পাকিস্তান মানে পুরো দেশেরই দুই ভাগ হয়ে যাওয়া। সেই ম্যাচের দিন সাতসকালে স্টেডিয়ামে পৌঁছে দেখি, পশ্চিম গ্যালারিতে ঢোকার লাইনই শিল্পব্যাংক ছাড়িয়ে আরও অনেক দূর চলে গেছে। ঘণ্টা দেড়েক লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার পর মনে হলো, জনারণ্যে হারিয়ে গেছি। গ্যালারির ওপরের দিকে তিল ধারণের জায়গা নেই। নিচের সারিতে কংক্রিটের বেঞ্চে কোনোমতে একটু বসার জায়গা মিলল। এ নিয়ে বিরক্তিটা কিছুক্ষণের মধ্যেই উধাও। যখন দেখলাম, গ্যালারি আর ফেন্সিংয়ের মাঝখানটাতে দাঁড়িয়ে খেলা দেখার জন্যই রীতিমতো যুদ্ধ চলছে দর্শকদের মধ্যে।
আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচে গ্যালারি উপচে পড়া দর্শক তো অনেকই দেখেছি। তবে এখনো মনে হয়, ঢাকা স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ডটা সম্ভবত ১৯৮৮ এশিয়া কাপের ওই ভারত-পাকিস্তান ম্যাচেই। তখন তো আর সুনির্দিষ্টভাবে সংখ্যাটা জানার উপায় ছিল না। তবে দর্শকদের ফেন্সিংয়ে চিড়েচ্যাপ্টা হয়ে খেলা দেখতে আর কখনো কোথাও দেখেছি বলে মনে পড়ে না।
সেই ম্যাচের কথা উঠলে প্রথমেই মনে পড়ে ওই দর্শকসমুদ্রের কথা। এরপর আসেন আরশাদ আয়ুব ও মহিন্দর অমরনাথ। আয়ুব ৫ উইকেট নিয়ে ১৪২ রানে শেষ করে দিয়েছিলেন পাকিস্তানকে। সেটি পেরিয়ে যেতেই সে কি কাঁপাকাঁপি ভারতের! ৭৪ রানের ইনিংস খেলে যেটি থামিয়েছিলেন মহিন্দর অমরনাথ। এর কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়ে নির্বাচকদের ‘ভাঁড়ের দল’ বলে তুমুল আলোড়ন তুলেছিলেন লালা অমরনাথ-তনয়। ওই ইনিংসটি যাতে অন্য মাহাত্ম্য পেয়েছিল।
কিছু স্মৃতি থাকে না, কীভাবে যেন তা সারা জীবন মনে থেকে যায়! ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিনের একটি স্মৃতিই যেমন। স্টেডিয়ামের মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে এলেন রবি শাস্ত্রী। হাত দুয়েক দূর থেকে তাঁকে দেখে সে কি রোমাঞ্চ! সেই প্রথম এত কাছ থেকে আমার বড় কোনো ক্রিকেটারকে দেখা। ঘটনাচক্রে এর বছর ছয়েক পর কলম্বোতে শাস্ত্রী যে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে দিলেন, সেটিতে আমি সাংবাদিকের ভূমিকায় উপস্থিত। সংবাদ সম্মেলন শেষে শাস্ত্রীকে ঘটনাটা বললাম। শাস্ত্রী হেসে বললেন, ‘আরে, আমি কি আর বড় ক্রিকেটার নাকি!’ আমি পাল্টা রসিকতা করলাম, ‘তখন তো আমার কাছে তা-ই ছিলেন।’
ভারত-পাকিস্তান ম্যাচের বাইরে ওই এশিয়া কাপের কথা মনে হলেই চোখে ভাসে রোশান মহানামার অসাধারণ ফিল্ডিং। ব্রেন্ডন কুরুপ্পু ও মহানামা উদ্বোধনী জুটির দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেটও।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ভারত ও আমন্ত্রিত একাদশের মধ্যে একটা প্রীতি ম্যাচের কথাও মনে পড়ে। গ্যালারিতে বসে সুনীল গাভাস্কার ও জহির আব্বাসের ব্যাটিং দেখার একমাত্র সুযোগটাও করে দিয়েছিল যে ম্যাচ। গাভাস্কারকে খুব বেশিক্ষণ দেখা হয়নি। তাঁকে স্টাম্পিং করে দেওয়ায় উইকেটকিপারের ওপর খুব রাগ হয়েছিল। তবে রাজকীয় সব ড্রাইভ খেলে মন ভরিয়ে দিয়েছিলেন জহির আব্বাস।
স্মৃতি যে কোনটাকে সরিয়ে কোনটাকে জায়গা করে দেয়, তা এক রহস্য বটে। গাভাস্কার-জহির আব্বাসের কথা আগে বললাম বটে, কিন্তু ওই প্রীতি ম্যাচটার দিকে ফিরে তাকালে সবার আগে তো চোখে ভাসে অন্য একটা দৃশ্য। পাকিস্তানি লেগ স্পিনার আবদুল কাদির হেলতে-দুলতে এসে বল করলেন আর মোহাম্মদ আজহারউদ্দিন সেটিকে মেরে টুকরো টুকরো করে ফেললেন!
কীভাবে সম্ভব? কাদির দুষ্টুমি করে ‘বল’টি করেছিলেন আপেল দিয়ে!