যত আকর্ষণ উদ্বোধনীতেই
বাতিঘর থেকে বের হচ্ছে রঙিন আলোর রোশনাই। কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেতরে ছিল এমনই বর্ণিল আবহ। মাঠের মাঝখানে বিশাল মঞ্চ। সাতটি বড় পর্দা ঘিরে রেখেছে সেটিকে। এলাহি ব্যাপার!এটি বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একখণ্ড ছবি, যা তাক লাগিয়ে দেয়। যেকোনো গেমসেরই বড় আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ গেমসেও ব্যতিক্রম হয়নি। আগামীকাল বিকেল পৌনে পাঁচটায় অনুষ্ঠান শুরু। তিনটি বিরতি দিয়ে প্রায় চার ঘণ্টা চলবে। মূল পর্বটা দেড় ঘণ্টার। কী থাকছে অনুষ্ঠানে? গেমসের অনুষ্ঠান কমিটির সদস্যসচিব লে. কর্নেল কামরুল হাসানের মুখে বেশ রাখঢাক, ‘এখনই এটা সবার কাছে উন্মুক্ত করতে চাই না।’তবে তা গোপনও নেই। অনুষ্ঠানসূচি এবং কালকের মহড়া দেখে বোঝা যাচ্ছে, বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে বেশ ভালোভাবে। গান গাইবেন সুবীর নন্দী, শাকিলা জাফর, কনা, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। আর্মি স্কুল অব মিউজিকের বাদকদল ব্যান্ড মিউজিক নিয়ে আসছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরের ধারার শিল্পীরা গাইবেন জাতীয় সংগীত। বাংলাদেশের খেলাধুলায় আন্তর্জাতিক সাফল্য নিয়ে থাকছে প্রামাণ্যচিত্র। বাংলাদেশের ইতিহাস, গ্রামীণ জীবনমান, ঘৌড়দৌড়, ছোটদের নানা ডিসপ্লে, গান-নাচ বাদ যাচ্ছে না। সবচেয়ে বড় আকর্ষণ আতশবাজি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসনসংখ্যা ২৫ হাজার ৫৭০। সাধারণ দর্শকের জন্য ১২ হাজার ৫৭০ আসন। টিকিট নেই, কাজেই আগে এলে আগে বসবেন।