যত কথা আম্পায়ারিং নিয়েই
অন্য সময় হলে আইসিসি সভাপতির কাছে অনেক কিছুই জানার থাকত। তবে ডেভিড মরগান এমন এক সময়ে বাংলাদেশ সফর করছেন, যখন আলোচনার বিষয় একটাই। ঢাকা টেস্ট কলঙ্কিত হয়ে পড়েছে ভুলে ভরা আম্পায়ারিংয়ের কারণে। প্রশ্ন উঠেছে, সুযোগ থাকা সত্ত্বেও এই সিরিজে কেন নেই রেফারেল পদ্ধতি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে এসে অবশ্য ডেভিড মরগান রেফারেল পদ্ধতিসংক্রান্ত প্রশ্নটার উত্তর দিলেন না। ‘বিষয়টা স্থানীয় বোর্ডের’ বলে বল ঠেলে দিলেন পাশেই বসে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামালের দিকে।বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে রেফারেল পদ্ধতি না রাখার কারণ ব্যাখ্যা করে বোর্ড সভাপতি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো অনেক বড় দেশও এখনো এই পদ্ধতি খুব বেশি ব্যবহার করছে না। প্রথমে আমাদের এটা ভালোভাবে জানতে হবে, এর ব্যবহার বুঝতে হবে। এই পদ্ধতি খুব জটিল, ঠিকভাবে ব্যবহার করতে না পারলে উল্টো তা আমাদের বিপক্ষেও যেতে পারে। এসব কারণেই মূলত এই সিরিজে রেফারেল পদ্ধতি নেওয়া হয়নি।’ সঙ্গে টেলিভিশন সম্প্রচারকারীদের সঙ্গে সমঝোতার ব্যাপারটাও টেনে আনলেন মোস্তফা কামাল, ‘সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করে এবার এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আমরা। তবে তাদের সঙ্গে কথা হয়েছে এবং আগামী নিউজিল্যান্ড সিরিজে রেফারেল পদ্ধতি রাখার ব্যাপারে সবাই একমত হয়েছেন।’ তবে বোর্ড সভাপতি বাজে আম্পায়ারিং নিয়ে তাঁর অসন্তুষ্টির কথাটা জানিয়েছেন ঠিকই, ‘আম্পায়াররাও মানুষ। তাদের ভুল হতে পারে। তবে এবার আমাদের বিপক্ষে অনেক বেশি বাজে সিদ্ধান্ত গেছে। একটার পর একটা ভুল হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’দুই আম্পায়ার রড টাকার আর টনি হিলের ভুলের পাহাড় এতটাই উঁচু যে ব্রিটিশ মিডিয়াও এ নিয়ে সমালোচনামুখর। তাঁদেরই একজন প্রশ্ন করলেন, বাংলাদেশের সিরিজে দক্ষিণ এশিয়ান আম্পায়ার থাকাই ভালো কি না, কারণ স্থানীয় এক পত্রিকায় শ্বেতাঙ্গ আম্পায়াররা ইংল্যান্ডের দিকে পক্ষপাতিত্ব করতে পারেন বলে মন্তব্য ছাপা হয়েছে। মরগান অবশ্য আম্পায়ারদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্নটাকেই অগ্রহণযোগ্য বলে রায় দিয়ে দিলেন, ‘এ ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য। আমি বিশ্বাস করি না যে আন্তর্জাতিক বা এলিট প্যানেলের কোনো আম্পায়ারই পক্ষপাতদুষ্ট।’আম্পায়ারদের এত ভুলের কারণে রেফারেল পদ্ধতি বাধ্যতামূলক করারও দাবি উঠেছে। আইসিসি সভাপতি মনে করেন, আপাতত সিদ্ধান্তটা স্বাগতিক বোর্ড নিলেও সব টেস্টেই রেফারেল পদ্ধতি চালু হতে আর বেশিদিন লাগবে না, ‘বোর্ডগুলোই এখন ঠিক করে কোনো সিরিজে রেফারেল পদ্ধতি থাকবে কি না। যেসব সিরিজে সম্ভব সেসব সিরিজে রেফারেল পদ্ধতি নেওয়ার ব্যাপারটা গত অক্টোবর থেকেই চালু হয়েছে। সব টেস্ট এমনকি কিছু ওয়ানডে ম্যাচেও রেফারেল পদ্ধতি চালু হতে হয়তো আর বেশি দিন বাকি নেই।’রেফারেল পদ্ধতি থাকলে হয়তো ঢাকা টেস্টের চেহারা অন্য রকম হতো। তবে সেই ভুল তো আর শোধরানোর উপায় নেই। কিন্তু টনি হিল ও রড টাকার যে একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে গেলেন, এর কি শাস্তি পাবেন না তাঁরা? বাংলাদেশের অধিনায়ক ও কোচের রিপোর্ট কি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে? ডেভিড মরগান সে রকমই আভাস দিলেন, ‘বাংলাদেশের কোচ-অধিনায়কের বক্তব্য অবশ্যই শোনা হবে। তবে আম্পায়ারদের পারফরম্যান্স মূল্যায়নে সেগুলোর ভূমিকা থাকবেই, এমন কোনো কথা নেই। ম্যাচ রেফারি তাঁদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন। দুবাইয়েও (আইসিসির প্রধান কার্যালয়) প্রতিটি বলেই আম্পায়ারদের পারফরম্যান্স বিচার করা হচ্ছে।’