যত কাণ্ড কন্তেকে নিয়ে
ম্যাচ পাতানোর দায়ে কেড়ে নেওয়া হয় জুভেন্টাসের ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমের লিগ শিরোপা দুটি। এমনকি নামিয়ে দেওয়া হয় সিরি ‘বি’তে। সেই দুঃসহ স্মৃতি মুছে ফেলে ছয় মৌসুম পর এবার সিরি ‘আ’র শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। যে জয়কে তারা দেখছে নতুন যুগের সূচনা হিসেবে।কিন্তু তাদের পরম কাঙ্ক্ষিত এই শিরোপার গায়েও কলঙ্কের দাগ লাগবে না তো? প্রশ্নটা উঠছে এ কারণে যে, ম্যাচ পাতানো তদন্তে সন্দেহের তালিকায় আছেন জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে। তদন্তে গতকাল জুভেন্টাস কোচকে জিজ্ঞাসাবাদ করেছে ইতালি পুলিশ।অবশ্য জুভেন্টাসের শিরোপায় কলঙ্কের দাগ লাগার সন্দেহের প্রসঙ্গটা আসছে শুধু এ কারণে যে, কন্তে জুভেন্টাসের কোচ। এই কন্তের হাত ধরেই জুভরা জিতেছে শিরোপা। নয়তো এবারের ম্যাচ পাতানো অভিযোগের সঙ্গে জুভেন্টাসের কোনো সম্পর্ক নেই। আর অভিযোগটাও গত মৌসুমের কয়েকটি ম্যাচ নিয়ে। ২০০৬ সালে ইতালির ফুটবলকে টালমাটাল করে দেওয়া সেই ঘটনার পর গত মৌসুমেও ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। গত মৌসুমে কন্তে ছিলেন সিয়েনার কোচ। লেচ্চে-লাৎসিও এবং লাৎসিও-জেনোয়ার ম্যাচ দুটির সঙ্গে ২০১১ সালের এপ্রিলে কন্তের সিয়েনা-নোভারার ম্যাচটিও আছে সন্দেহের তালিকায়।কন্তেকে শুধু জিজ্ঞাসাবাদই করা হয়নি, তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। ২৮০ জন পুলিশ দেশটির ২৩টি শহরে হানা দিয়ে গ্রেপ্তার করেছে ১৯ জনকে। যাঁদের মধ্যে আছেন লাৎসিওর অধিনায়ক স্টেফানো মাউরি। ৩২ বছর বয়সী মাউরির সঙ্গে গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন জেনোয়া ও ফিওরেন্তিনার সাবেক খেলোয়াড় ৩৬ বছর বয়সী ওমার মিলানেত্তোও। যিনি বর্তমানে সিরি ‘বি’র দল পাদোভায় খেলেন। তল্লাশি চালানো হয়েছে ইতালির ডিফেন্ডার ডমেনিকো ক্রিসিতোর কক্ষেও।তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বেটিং সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে ম্যাচ পাতিয়ে টাকা নিয়েছেন। যার প্রধান গত ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া সিঙ্গাপুরভিত্তিক জুয়াড়ি তান সিত ইং। ইতালি পুলিশ জানিয়েছে, হাঙ্গেরিতেও সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে কার কপালে কী আছে কে জানে! তবে ইতিমধ্যেই অনেক বড় ক্ষতি হয়ে গেছে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলা ডিফেন্ডার ক্রিসিতোর। আসন্ন ইউরোতেই আর খেলতে পারছেন না তিনি। পুলিশের তল্লাশির পরই ইতালির জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁর নাম। ২০১২ ইউরোর প্রস্তুতির জন্য ফ্লোরেন্সের কভারসিয়ানোতে অনুশীলন ক্যাম্প করেছে ইতালি। সেখানেই ক্রিসিতোর রুমে তল্লাশি চালিয়ে পুলিশ জানিয়ে দেয়, ম্যাচ পাতানোর তদন্তের মুখোমুখি তিনি। পরে কোচ সিজারে প্রানদেল্লির সঙ্গে আলোচনা করেই ক্রিসিতোকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ক্রিসিতো অবশ্য অভিযোগকে ‘বিস্ময়কর’ বলে উড়িয়েই দিয়েছেন। রয়টার্স, এএফপি।