যত কাণ্ড ব্রাজিলে
কনফেডারেশনস কাপ যেন ঘণ্টাধ্বনি শোনায়, বিশ্বকাপের বাকি আর এক বছর। ব্রাজিলে বিশ্বকাপের এই মহড়া টুর্নামেন্টটিই চলছে এখন। এতে নিরাপত্তা নিয়ে এমনিতেই উদ্বেগের বাতাবরণ আছে। কোথায় সেটা কমবে, তা না সাম্প্রতিক দুটি ঘটনা আরও বাড়িয়ে দিয়েছে সেই উদ্বেগ। বিশ্বকাপের আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাজটাও এখন বেড়ে গেল অনেক। প্রথম ঘটনাটি গত রোববারের। স্পেন-উরুগুয়ে ম্যাচ চলছিল তখন রিও ডি জেনিরোতে। এর মধ্যে চোর বাবাজি হোটেলকক্ষে ঢুকে ছয় স্প্যানিশ ফুটবলারের লকার থেকে টাকা নিয়ে সটকে পড়ে। জেরার্ড পিকে পরে আবিষ্কার করেন চুরিটা। পুলিশকে জানানো হয়েছে। তবে চোর এখনো ধরা পড়েনি। তবে তিন দিন পর বুধবারের ঘটনাটা ব্রাজিল কর্তৃপক্ষের জন্য একটা অশনিসংকেতই। ফোর্তালেজায় সেদিন মেক্সিকোর সঙ্গে ম্যাচ ছিল ব্রাজিলের। সেলেসাও গোলরক্ষক হুলিও সিজারের স্ত্রী সুজানা ওয়ার্নার বেরিয়েছিলেন হোটেলের বাইরে। গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। পথে একদল দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে বন্দুক তাক করে কেড়ে নিয়ে যায় সঙ্গে থাকা সবকিছু। কিন্তু ওয়ার্নারের মন্তব্য শুনলে মনে হবে এটা কোনো ব্যাপারই নয়, ‘সব সময় যেমন দস্যুতা-ছিনতাই হয়, এটা তেমনই। এটা যে কারও ভাগ্যেই ঘটতে পারত। তারা তিনজন ছিল, প্রথম যে গাড়িটা আসবে সেটার জন্য অপেক্ষা করছিল। আমিই পেয়েছি পুরস্কারটা।’ গাড়িটা যে নেয়নি, সেজন্য সিজার-পত্নী ধন্যবাদ জানিয়েছেন ছিনতাইকারীদের! ব্যাপারটা ভয়ের। কিন্তু ওয়ার্নার এটিকে বড় করে দেখাননি হয়তো ব্রাজিলিয়ান দেশপ্রেম থেকেই। ৬৪ বছর পর বিশ্বকাপ হবে ব্রাজিলে। ফুটবলের দেশটির নেতিবাচক ভাবমূর্তি হোক, সেটি কি চাইতে পারেন ব্রাজিলের মেয়ে! রয়টার্স।