যত চাপ রেফারিদের
আসলে যত দোষ নন্দ ঘোষ! ভাবতে পারেন, ফুটবল ম্যাচে নন্দ বেটা কে? রেফারির কথাই বলা হচ্ছে। ফুটবলারদের ভালো খেলার দায় থাকে। আর রেফারিদের থাকে নির্ভুল ম্যাচ পরিচালনার চাপ। চিরন্তন টানাপোড়েন। তবে বিশ্বকাপের রেফারিদের এই চাপটা একটু বেশিই। এবারও ব্যতিক্রম হবে না। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যবহার করা হবে সময়ের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি। সেই প্রযুক্তির সাহায্যে কোটি কোটি চোখ ম্যাচের প্রতিটি দৃশ্য দেখবে নিখুঁতভাবে। কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত ওই সময়ে ধরতে না পারলে দেখে নিতে পারবেন রিপ্লেতে। কিন্তু রেফারি? তাঁকে মাঠে বসে দুই চর্মচক্ষে দেখতে হবে সব। তার ওপরই নির্ভর করে পলকে দিতে হবে নির্ভুল সিদ্ধান্ত।কখনো কখনো ভুল হয়ে যেতেই পারে। ভুল তো মানবিক। এই ভুল হওয়া প্রসঙ্গে ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করা সুইজারল্যান্ডের রেফারি মাসিমো বুসাকা বলেছিলেন, ‘আমি ঈশ্বর নই, ভুল করে ফেলতে পারি।’ এই সত্যটা সবাই জানেন। কিন্তু এর পরও কি ভুল করলে রেফারিরা রেহাই পান? সমালোচকদের তলোয়ার ওপরে তোলাই থাকে, তূণে থাকে তীর। ভুলচুক হলেই সমালোচনার তলোয়ারে খণ্ডিত হতে হয় রেফারিকে। বিদ্ধ হতে হয় তিরস্কারের তীরে। আরও ভয়াল ব্যাপারও ঘটে যেতে পারে কখনো কখনো। ক্ষুব্ধ সমর্থকদের কাছ থেকে মৃত্যু পরোয়ানা পাওয়াও বিচিত্র কিছু নয়। গত বিশ্বকাপেও ছিল এমন এক নজির।তবে ভুলটা যাতে এই বিশ্বকাপে কম হয়, এ জন্য রেফারিদের আগে থেকেই দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। আত্মবিশ্বাস বাড়াতে ক্রীড়া মনোবিদেরা কাজ করবেন বিশ্বকাপের ৬৪ ম্যাচের জন্য নিয়োগ করা ৩০ জন রেফারিকে নিয়ে। বিশেষ যন্ত্র ব্যবহার করে তাঁদের জানানো হবে তাঁরা যে দলগুলোর খেলা পরিচালনা করবেন, সেই দলের শক্তি, দুর্বলতা ও প্রিয় কৌশল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন করে দেওয়া হবে রেফারিদের। পাঁচতারা হোটেলে বলতে গেলে নিঃসঙ্গ জীবনই কাটাবেন তাঁরা এক মাস। এই বিশ্বকাপের জন্য নির্বাচন করা ৩০ জন রেফারির ১০ জন ইউরোপের। ৬ জন দক্ষিণ আমেরিকার। এশিয়া, আফ্রিকা এবং কনক্যাকাফ অঞ্চল থেকে যাচ্ছেন ৪ জন করে। এত প্রশিক্ষণ আর এত কিছু করা হচ্ছে, তার পরও কি এঁদের সবাই নির্ভুল হতে পারবেন?ইউরোপ আর দক্ষিণ আমেরিকার রেফারিদের ব্যাপারে দলগুলো অনেকটাই আশ্বস্ত। এই দুটি মহাদেশের রেফারিদের সচরাচর অনেক চাপ সামলে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা থাকে। কিন্তু অন্য অঞ্চলগুলোর রেফারিদের তা নেই। তা থাকুক আর না থাকুক, ভুল করলে হাত তুলে সবাই বলবে—ওই রেফারিই যত নষ্টের মূল! ওয়েবসাইট।