যত তামাশা বিপিএলে
দিন-রাত ২৪ ঘণ্টাই ‘চমক’ দেখাচ্ছে বিপিএল! দুরন্ত রাজশাহী পরশু সারা দিন জানত পরদিন বরিশাল বার্নার্সের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। রাতে ঘুমাতে গেল প্রতিপক্ষ চিটাগং কিংস জেনে। সকালে ঘুম থেকে উঠে জানল, আসলে বরিশাল বার্নার্সের বিপক্ষেই খেলা! তবে দুপুরে ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বদলায়নি প্রতিপক্ষ।গভীর রাতের সিদ্ধান্তেই বদলে গেছে বিপিএলের চতুর্থ সেমিফাইনালিস্ট। বরিশাল শীর্ষ চার থেকে বাদ পড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুললে পরশু রাত সাড়ে ১০টায় বিপিএল টেকনিক্যাল কমিটির সভা বসে। একপর্যায়ে বরিশাল দলের প্রতিনিধিদেরও ডাকা হয় সেখানে। সভায় টেকনিক্যাল কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিপিএলের ম্যাচ রেফারি মাইক প্রক্টর এবং গেম অনের এক কর্মকর্তা। চার ঘণ্টারও বেশি সময় ধরে হওয়া ওই সভা শেষে রাত সোয়া দুইটার দিকে বরিশালকে ঘোষণা করা হয় চতুর্থ সেমিফাইনালিস্ট।খবর পেয়ে চিটাগং কিংস কর্মকর্তারা রাতেই ছুটে যান বিসিবির অফিসে। কাল সংবাদ সম্মেলন ডেকে এই ‘অন্যায়ে’র প্রতিবাদ জানান। সেখানে ঢাকা, খুলনা ও রাজশাহীর প্রতিনিধিরা এসে একাত্মতা প্রকাশ করে গেছেন চিটাগং কিংসের সঙ্গে। চিটাগং কিংস এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে।চতুর্থ সেমিফাইনালিস্ট নিয়ে বিভ্রান্তির শুরু গত রোববার থেকে। চট্টগ্রামের বিপক্ষে ১৫ ওভারেই ম্যাচ জিতে যাওয়ার পর টুর্নামেন্টের সরকারি সম্প্রচারকারী চ্যানেল, ওয়েবসাইট, এমনকি মাঠের বড় পর্দায়ও দেখানো হয়েছিল, বরিশাল সেমিফাইনালে উঠে গেছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ছিল বরিশালের উল্লাস আর চট্টগ্রামের হতাশা। এমনকি রাতে এক টেলিভিশন টক শোতে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালও সান্ত্বনা দেন সেমিফাইনালে উঠতে না পারা চিটাগং কিংসকে।কিন্তু পরদিন বলা হলো, ভুল হয়েছে। বরিশালই বাদ। ওই ম্যাচে হারলেও চিটাগং কিংসই খেলবে সেমিফাইনাল। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন প্রেসবক্সে এসে সাংবাদিকদের কাগজ-কলমে বুঝিয়ে দিলেন সেটা। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল—তিন দলেরই পয়েন্ট সমান হওয়ায় বাইলজ অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম সেমিফাইনালে যাবে। বাইলজের ২১.৮ এর ২ অনুচ্ছেদে বলা আছে, তিন দলের পয়েন্ট সমান হলে তাদের নিজেদের মধ্যে খেলায় জয়ের সংখ্যা দিয়ে ঠিক হবে অবস্থান। ঢাকার জয় তিনটি, চট্টগ্রামের দুটি ও বরিশালের একটি। কাজেই বরিশাল বাদ।বিপিএলের বাইলজের সঠিক অনুবাদই করেছিলেন গাজী আশরাফ। সূত্রমতে, টেকনিক্যাল কমিটির সভায়ও তিনি এবং আরও দু-চারজন বাইলজ অনুযায়ী চিটাগং কিংসের শেষ চারে যাওয়া উচিত বলে মত দিয়েছিলেন। কিন্তু বাকিদের বাধার মুখে সেই মত টেকেনি।কাল প্রথম সেমিফাইনাল শেষে সংবাদ সম্মেলন ডেকে বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে তোলার ব্যাখ্যা দিতে আসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও ম্যাচ রেফারি মাইক প্রক্টর। প্রক্টর যে ব্যাখ্যা দিলেন, সেটা ছাড়িয়ে গেল বিস্ময়ের সীমা। তাঁরা ২১.৮ এর ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিন দলের মধ্যে বেশি ম্যাচ জেতায় ঢাকাকে সেমিফাইনালে তুলেছেন। এই অনুচ্ছেদ অনুযায়ী তিন দলের মধ্যে দ্বিতীয় দল হিসেবে চট্টগ্রামের সেমিফাইনালে ওঠা উচিত হলেও শেষ দল নির্বাচনে ফিরে গেছেন ২১.৮ এর ১ অনুচ্ছেদে! অথচ এই অনুচ্ছেদটি ব্যবহার হওয়ার কথা দুই দলের পয়েন্ট সমান হলে, তিন দলের নয়। ২১.৮ এর ১-এ স্পষ্ট ভাষায় বলা আছে, দুটি দলের পয়েন্ট এবং জয় সমান হলে তাদের মধ্যে হওয়া ম্যাচের জয়-পরাজয় দিয়ে ঠিক হবে দুই দলের অবস্থান। আর এসব ম্যাচে যদি কোনো ফলাফল না এসে থাকে কিংবা ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে, তাহলে শ্রেয়তর নেট রানরেটের দলটি থাকবে এগিয়ে। নেট রানরেটে যেহেতু বরিশাল এগিয়ে, গভীর রাতের সভায় তাদেরই সেমিফাইনালে তুলল টেকনিক্যাল কমিটি।যে সমস্যার সমাধান বাইলজের ২১.৮ এর ২ অনুচ্ছেদেই হয়ে যায়, সেটি করতে কেন এর আগের অনুচ্ছেদকেও টেনে আনা হলো, কেন এ নিয়ে চার ঘণ্টার সভা হলো, এসবের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি প্রক্টর বা আলমগীর। ঘুরিয়ে-ফিরিয়ে প্রক্টরের এক কথা, ‘চট্টগ্রামের সেমিফাইনালে ওঠার কথা আমরা কখনোই আনুষ্ঠানিকভাবে বলিনি। যদি টেলিভিশন এবং আপনারা সে রকম অনুমান করে থাকেন, এর দায়দায়িত্ব আমরা নেব না।’প্রক্টরের পাশে বসা বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি বললেন আরও ভয়ংকর কথা। চিটাগং কিংস সেমিফাইনালে উঠেছে বলে নাকি ভুলই করেছেন কাউন্সিল প্রধান, ‘ওটা বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের ব্যক্তিগত মতামত। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত ছাড়া তাঁর এ রকম বলা ঠিক হয়নি। তিনি ভুল করেছেন এবং আমরা ভুলটা স্বীকার করছি।’ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ছাড়েননি বোর্ড সভাপতিকেও, ‘প্রেসিডেন্ট যদি কোনো দলকে সমর্থন করে বলে থাকেন, এই দল সেমিফাইনাল খেলবে—সেটি তাঁর ব্যক্তিগত মত।’বিসিবির সভাপতি থাকবেন দল-মতের ঊর্ধ্বে। বিপিএলে যে তিনিও একটি দলের সমর্থক, সেটি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারির কাছ থেকেই প্রথম জানল সবাই। জানা গেল আরেকটা ব্যাপারও। বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের পদে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিয়ে কিছু বলার অধিকার নেই। তাঁদের সব মতামতই ব্যক্তিগত। আনুষ্ঠানিক বক্তব্য দেবেন শুধু গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি। তবে এত দায়িত্ববান কর্মকর্তা কেন প্রশ্নের তির সইতে না পেরে সংবাদ সম্মেলন অসমাপ্ত রেখেই চলে গেলেন, সেটা বোঝা গেল না।