যত দোষ উইকেটের!
মহেন্দ্র সিং ধোনি এখন উইকেটের দোষ খুঁজে বেড়াচ্ছেন। আপাতত উইকেটের ঘাড়ে দায় চাপিয়ে মুখ লুকানোর একটা চেষ্টাও বলা যেতে পারে একে। কিন্তু আগের ম্যাচে ৩০০ পেরোনো স্কোরের পর, ঠিক পাশের উইকেটেই ১৩৩ রানে গুটিয়ে যাওয়ার জুতসই অজুহাত কি এটি হতে পারে? ধোনি অবশ্য ওসব ‘ব্যাখ্যা’র দিকে যাননি। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলে দিয়েছেন, উইকেটের মন্থরতাই ভারতের এত অল্প রানে গুটিয়ে যাওয়ার জন্য দায়ী।ধোনি বলেছেন, যে উইকেটে আগের ম্যাচে তিন শর বেশি রান উঠল, সেই উইকেটের ঠিক পাশের উইকেটটিই কাল সম্পূর্ণ অন্যরকম আচরণ করল। ম্যাচের শুরুর দিকে উইকেট ছিল খুবই মন্থর।’বিরাট কোহলির তাড়াতাড়ি ফিরে যাওয়াকেই ভারতীয় ইনিংসের টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেছেন ধোনি। তিনি বলেন, ‘কোহলির আউট হওয়ার পর খুব দ্রুত দুটি উইকেট হারিয়ে ফেলি আমরা। এরপর আর ম্যাচে ফিরতে পারিনি।’ধোনি আরও বলেন, যতক্ষণে ব্যাটসম্যানরা উইকেটের গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা করতে পেরেছে, ততক্ষণ বড্ড দেরি হয়ে গেছে। ইরফান পাঠান ও রবিচন্দ্রন অশ্বিন দলকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করবে—এমনটা ভাবা একটু বাড়াবাড়িই বৈকি। এদিকে, লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অবশ্য ধোনির কথায় একমত হতে পারেননি। তিনি কালকের উইকেটকে ‘সম্পূর্ণ ব্যাটিং-সহায়ক’ উইকেট হিসেবেই অভিহিত করেছেন। তবে জয়াবর্ধনে স্বীকার করেছেন, উইকেট একটু মন্থর ছিল। মাহেলা বলেন, ‘উইকেট একটু মন্থর হতে পারে। কিন্তু আমাদের বোলাররা ভালো বল করেই ভারতের ব্যাটসম্যানদের আউট করেছে। বেশ কয়েকটি দুর্দান্ত ডেলিভারি এই উইকেটে ভারতীয় ব্যাটিং লাইনআপকে অল্পতেই গুটিয়ে দিতে সহায়ক হয়েছে।’তিনি বলেন, ‘ভারতীয় ব্যাটসম্যানদের কয়েকজন বাজে শট খেলে আউট হয়েছেন।’মহেন্দ্র সিং ধোনি মাহেলার এই কথার পিঠে অবশ্য তাঁর ব্যাটসম্যানদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে আমাদের ব্যাটসম্যানরা বাজে শট খেলে আউট হয়েছেন।’ তাঁর মতে, আপনারা যদি রোহিতের আউটটি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ওই বলে রোহিতের শট খেলাই উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে প্লেইড-অন হয়ে যায়।শ্রীলঙ্কার বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘লঙ্কান বোলাররা যে খুব বেশি সুইং পেয়েছে—এ কথা আমি বলব না, তবে উইকেটে বল পড়ে তা থেমে আসছিল।’ তিনি আরও বলেন, এই উইকেটে ব্যাটিং করা ছিল যথষ্টই কঠিন।