যত দোষ রাফায়েলের!
‘যত দোষ নন্দ ঘোষ’ বোধহয় একেই বলে। অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলের হারের পুরো দায় গিয়ে পড়েছে ডিফেন্ডার রাফায়েলের ওপর। ব্যাপারটা একটু অবাক করে দেওয়ার মতোই। এর আগে কোনো দলের হারের পর এককভাবে কোনো খেলোয়াড়কে দায়ী করার মতো ঘটনা ঘটেছে কি না সন্দেহ। রাফায়েলকে ব্রাজিলের পরাজয়ের জন্য দায়ী করছে খোদ ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন। খেলার ২৯ সেকেন্ডের মাথায় রাফায়েলের ভুল পাস থেকে গোল খেয়ে বসে ব্রাজিল। খেলার শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়ে আর খেলায় ফিরতে পারেনি তারা। পরে একটি গোল করলেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। রাফায়েলের ওই ভুলই এখন ব্রাজিলের ভাগ্যবিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘রাফায়েলের ভুলেই যে মেক্সিকো প্রথম গোলটি করেছে, এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি অনুভব করছে রাফায়েল নিজেও। একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে রাফায়েলের এই ভুল সত্যিই অমার্জনীয়।’ওয়েবসাইটে আরও বলা হয়, ‘ভুল হয় শোধরানোর জন্য। আশা করা যাচ্ছে, পরবর্তী সময়ে মাথা ঠান্ডা করে রাফায়েল নিজের ভুলটি নিয়ে ভাববে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যেন আর না হয়, সে ব্যাপারে সচেষ্ট হবে।’ব্রাজিল অলিম্পিক দলের কোচ মানো মেনেজেস এবং অন্য খেলোয়াড়েরা রাফায়েলের পক্ষেই কথা বলছেন। বিশেষ করে কোচ মেনেজেস বলেন, ‘রাফায়েল হয়তো ভুল করেছে, কিন্তু সেই ভুল শোধরানোর জন্য ব্রাজিলের হাতে ম্যাচের পুরো ৮৯ মিনিটই ছিল। কিন্তু আমরা ম্যাচে ফিরে আসতে ব্যর্থ হয়েছি।’ নেইমার অবশ্য দলের ব্যর্থতার দায়ভার সবার সঙ্গে ভাগ করে নিতে চান। তিনি বলেন, ‘মাঠে আমরা একটি দল হিসেবে খেলেছি। দল সাফল্য পেলে তার ভাগীদার যদি সবাই হতে পারে, ব্যর্থ হলেও তার দায়ভার সবার। এ পরাজয়ের জন্য আমরা খেলোয়াড়েরা প্রত্যেকেই দায়ী।’ রয়টার্স।