যত রেকর্ড অ্যাডিলেডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কয়েকটি নতুন রেকর্ডের সাক্ষী হয়েছে অ্যাডিলেড টেস্ট
বেশ কয়েকটি নতুন রেকর্ডের সাক্ষী হয়েছে অ্যাডিলেড টেস্ট

অ্যাডিলেডে মাত্র নয়টি টেস্ট খেলেই ছয়টি শতক করেছেন মাইকেল ক্লার্ক। ছুঁয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। এই ভেন্যুতে এক হাজারের বেশি রান করা পাঁচজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের তালিকাতেও স্থান করে নিয়েছেন ক্লার্ক। অধিনায়ক হিসেবে ১২টি সেঞ্চুরি করে সুনীল গাভাস্কার, গ্রাহাম গুচ, গ্যারি সোবার্সদের মতো কিংবদন্তিদের পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি, ২৫টি সেঞ্চুরির রেকর্ডটি আছে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের দখলে।

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্লার্কের পর শতক পূর্ণ করেছেন উইকেটরক্ষক ব্রাড হাডিনও। আর এর মাধ্যমে সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের পাশেও বসে গেছেন হাডিন। অ্যাশেজে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি তিনটি সেঞ্চুরির রেকর্ডটি এখন আছে তাঁদের দখলে।

অ্যাডিলেডে ষষ্ঠ উইকেট জুটিতে প্রথমবারের মতো ২০০ রানের জুটির রেকর্ড গড়েছেন ক্লার্ক ও হাডিন। এর আগের সর্বোচ্চ ১৮১ রানও করেছিলেন এ দুজনই। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। অ্যাশেজে সব ভেন্যু মিলিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি অবশ্য রয়েছে মাইক হাসি ও হাডিনের দখলে। ২০১০ সালের ব্রিসবেনে তাঁরা করেছিলেন ৩০৭ রান।

৫৭০ রানের বড় সংগ্রহ গড়ার পথে ১২টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অ্যাশেজে এটাই এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের নতুন রেকর্ড।

১০ নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সপ্তম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক পূর্ণ করেছেন রায়ান হ্যারিস। শেষবারের মতো ১৯৮৯ সালে এই কীর্তিটি করেছিলেন জিওফ লওসন। লর্ডসের সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৪ রান।

২০১৩ সালে বল হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক হাজার ১২১ রান দিয়েছেন গ্রায়েম সোয়ান। এক বছরে এক হাজারের বেশি রান দেওয়ার রেকর্ডটি এর আগে করেছেন মাত্র ১০ জন বোলার। আর একই প্রতিপক্ষের বিপক্ষে এক হাজারের বেশি রান দেওয়ার রেকর্ড আছে মাত্র তিনজনের। জিওফ লওসন, মাইকেল হোল্ডিং ও অ্যাশলে মাইলির।

এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ২৫ ইনিংসে ১০০-র বেশি রান দিয়েছেন সোয়ান। ২০০৮ সালে তাঁর অভিষেকের পর থেকে আর কেউই এত রান দেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মিচেল জনসন। তিনি ১০০-র বেশি রান দিয়েছেন ১৪ ইনিংসে।