যত রেকর্ড ব্রিসবেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এক উইকেট হারিয়ে দলের রান ৫০০ ছোঁয়ার ঘটনা এর আগে ছিল মাত্র পাঁচটি। সর্বশেষ এটি করেছিল দক্ষিণ আফ্রিকা, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে। ইনিংস শেষে ১ উইকেট হারানো কোনো দলের সবচেয়ে বেশি রান হলো গ্যাবাতেই। উইকেটপ্রতি গড়ে রান উঠেছে ৬২.০৪ করে, যা গ্যাবার ৫৩ টেস্টের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছিল অ্যাশেজেই, ১৯৬৫ সালের সেই টেস্টে উইকেটপ্রতি রানের গড় ছিল ৪৭.৮৪। অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রটের ৩২৯ রানের জুটি অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ এবং তিন শ পেরোনো তৃতীয় সর্বোচ্চ জুটি। গ্যাবাতেও সর্বোচ্চ জুটি এটি। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার তিন অঙ্ক ছুঁলেন ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যান। ১৯২৪ সালের লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জ্যাক হবস, হাবার্ট সাটক্লিফ ও ফ্র্যাঙ্ক উলি। প্রথম তিন ব্যাটসম্যানেরই সেঞ্চুরির ঘটনা টেস্টে ঘটেছে খুব কম—স্ট্রাউস, কুক ও ট্রটেরটি ধরে মাত্র ১১ বার (অস্ট্রেলিয়া ও ভারতের পক্ষে ৩ বার, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ বার ও নিউজিল্যান্ডের পক্ষে ১ বার)। অ্যালিস্টার কুকের ২৩৫ গ্যাবায় যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস, সফরকারী ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরিও। আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল স্যার ডন ব্র্যাডম্যানের ২২৬, সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল মার্টিন ক্রোর ১৮৮। এই প্রথম এক টেস্টে পাঁচ সেঞ্চুরি দেখল গ্যাবা। এর আগে এখানে ৪টি সেঞ্চুরি হয়েছে সর্বোচ্চ ৩ বার। ৩৯ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম টেস্টে উইকেটশূন্য থাকলেন মিচেল জনসন। অষ্টমবারের মতো টেস্টে ওভারপিছু রান দিলেন চারেরও বেশি। এর সাতটিই সর্বশেষ ১৭ টেস্টে, জনসনকে নিয়ে অস্ট্রেলিয়ার চিন্তা আছে বৈকি! এর আগে গ্যাবায় সর্বশেষ টেস্ট ড্র হয়েছিল ২০০৩-০৪ মৌসুমে। ১৯৯০ সালের পর এখানে ২১ টেস্টের মাত্র ৫টিই ড্র হয়েছে।