যথারীতি অবহেলিত ক্রীড়া প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আসে সরকার যায়। মন্ত্রীর চেয়ারে বসে নতুন মুখ। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া প্রশিক্ষণ বাজেটে লক্ষণীয় পরিবর্তন আসে না। একইভাবে চলছে প্রশিক্ষণ বরাদ্দ। গতকাল পাস হওয়া এনএসসির ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত ১৩৪ কোটি ৫৩ লাখ টাকার বাজেটে প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র তিন কোটি টাকা!
গত বছর ক্রীড়া প্রশিক্ষণ খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা। এবার তা ১১ লাখ ১২ হাজার টাকা বেড়ে হলো তিন কোটি টাকা! যা মোট বাজেটের মাত্র সাড়ে তিন শতাংশ। ফেডারেশন-অ্যাসোসিয়েশন মিলিয়ে সংখ্যাটা যেখানে প্রায় ৪০, এই বরাদ্দ যে ‘সিন্ধুতে বিন্দু’র মতো তা না বললেও চলে। অতীতে দেখা গেছে সামান্য এই প্রশিক্ষণ বরাদ্দের একটা অংশ খরচই হয় না!
বাজেটে এনএসসির অন্যান্য খাতে বরাদ্দ বেড়েছে অনেক। জেলা স্টেডিয়াম মেরামত বাবদ গতবার যেখানে বরাদ্দ রাখা হয় ১ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা, এবার এক লাফে সেটি ৫ কোটি ৫০ লাখ! এক বছরের মধ্যে তিন শ শতাংশেরও বেশি বাড়ল স্টেডিয়াম মেরামত খরচ!
সে তুলনায় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার জন্য বরাদ্দও বলার মতো বাড়েনি। গত বছর ‘ক্রীড়া সংস্থার মঞ্জুরি’ ছিল ৮ কোটি ৯৪ লাখ, এবার তা ১০ কোটি নয় লাখ। এনএসসির নিজস্ব ‘প্রতিভা অন্বেষণ ও বিকাল কর্মসূচি’র জন্য বরাদ্দ ১ কোটিই আছে। বিভিন্ন গেমস ও টুর্নামেন্ট পরিচালনার জন্য খরচের খাতটা গতবারের ১৭ লাখ থেকে বেড়ে এবার হয়েছে ২৫ লাখ। অথচ এনএসসির ‘কম্পিউটার ও যন্ত্রাংশ’ বাবদ ৩০ লাখ এবং ‘বৈদ্যুতিক সরঞ্জাম বাবদ’ খরচ ৪৭ লাখ থেকে বাড়িয়ে এবার করা হয়েছে ৭০ লাখ টাকা।
জাতীয় ক্রীড়া পরিষদ সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ প্রসঙ্গে বললেন, ‘ক্রীড়া প্রশিক্ষণ খাতে ব্যয় হয় এনএসসির নিজস্ব আয় থেকে। সেই আয় সামনে বাড়বে এবং প্রশিক্ষণের জন্য ব্যয় আমরা বাড়াব।’ এনএসসি অবকাঠামোর পেছনেই খরচ বেশি করছে, খেলোয়াড় এবং খেলাটা পড়ে যাচ্ছে পেছনে, এনএএসসি এই ধারা থেকে বেরিয়ে আসবে কি না প্রশ্ন করলে তাঁর উত্তর, ‘অবকাঠামো উন্নয়ন ছাড়া ক্রীড়া উন্নয়ন তো সম্ভব নয়।’