যথারীতি ধুঁকছে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণিকের বিভ্রান্তি। এরপর সেই চেনা ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ের অর্জন ব্যাটিংয়ে বিসর্জন। প্রথম দুই দিন পাত্তা না পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরাতে নিজেদের উজাড় করে দিলেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা পুরোনো পথেই। দুই ওপেনারের শুরুটা আবারও ছিল সাবধানি। কিন্তু চা-বিরতির ঠিক আগে সব লেজেগোবরে হয়ে গেল।৯ বলের এক বিভীষিকায় দলকে ৩৬ রানে রেখে পর পর ফিরে গেলেন প্রথম তিন ব্যাটসম্যান! পরে আরও এক উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।অথচ দিনের প্রথম ভাগটায় আগের দুই দিনের হতাশা অনেকটাই ভুলিয়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা। আগের দিন বিকেলে পাওয়া নতুন বল হাতে কাল জ্বলে উঠলেন ক্যারিবিয়ান পেসাররা। আগের দিনের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করতে পেরেছেন অ্যান্ড্রু স্ট্রাউস। অভিষেক ইনিংসে দারুণ তিনটি চার মেরেছেন জনি বেয়ারস্টো, তবে কেমার রোচের দুর্দান্ত ইনসুইঙ্গারের জবাব জানা ছিল না তাঁর। টিকতে পারেননি তাই প্রায়র-ব্রেসনান-ব্রডরাও।ইংল্যান্ডের লিড তবু দেড় শ ছাড়িয়েছে ইয়ান বেল ও গ্রায়েম সোয়ানের সৌজন্যে। নবম উইকেটে বলের সঙ্গে পাল্লা দিয়ে গড়েছেন ৫৫ রানের জুটি। সোয়ান খেলেছেন কার্যকরী এক ক্যামিও। রান-খরায় থাকা বেল তুলে নিয়েছেন ফিফটি। বেলকে ফিরিয়েই ইনিংসের ইতি টেনেছেন শ্যানন গ্যাব্রিয়েল। আগের দিন নিষ্প্রভ থাকা অভিষিক্ত পেসারই শেষ পর্যন্ত দলের সফলতম বোলার, ৬০ রানে নিয়েছেন ৩ উইকেট।বোলাররা ইংল্যান্ডের লিডটাকে ১৫৫ রানেই বেঁধে ফেলেছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় এখনো ইনিংস-হার থেকে ৩৫ রানে দূরে ওয়েস্ট ইন্ডিজ। ৬৫ রানেই ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন সেই চন্দরপল (৩৪*) এবং স্যামুয়েলস (২৬*)। তথ্যসূত্র: ওয়েবসাইট।