নাঈম ইসলামকে অভিনন্দন। সত্যিকারের টেস্ট ইনিংস দেখলাম তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি অনেকেই করে, কিন্তু আসল টেস্ট সেঞ্চুরির উদাহরণ নাঈমেরটা।টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের উদ্দেশ্য সব সময় রান করা নয়। সেশন ধরে ধরে খেলাটাই এখানে গুরুত্বপূর্ণ। নাঈম সেটা করেছে। চেষ্টা করেছে যত বেশি সম্ভব বল খেলতে, উইকেটে থাকতে, বোলারের ভালো সময়ে দাঁতে দাঁত চেপে পার করে দিতে। আবার রান করার সুযোগও কাজে লাগিয়েছে। টেস্টে এটাও ব্যাটসম্যানদের জন্য একটা চ্যালেঞ্জ।সারাক্ষণ রানের জন্য না গিয়ে ব্যাটসম্যানকে বুঝতে হবে কখন রান করার সময়। কথাটা সুনীল গাভাস্কারের মুখেও শুনেছি। গাভাস্কার টেস্টে তিনটা জিনিস মনে রাখতে বলেন ব্যাটসম্যানদের—সেশন ধরে খেলা, বোলারের ভালো সময়ে উইকেট না দেওয়া এবং রান করার পরিস্থিতি তৈরি করা। নাঈম তিনটিতেই সফল।নাঈমের এটা সবে শুরু। এই খেলাটা ধরে রাখতে পারলে তার কাছ থেকে আরও অনেক কিছু পাবে বাংলাদেশ দল। নাঈমও যাবে অনেক দূর। টেস্ট দলে চার নম্বর জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গায় যদি আমাদের কেউ বেশি বল খেলার অভ্যাস তৈরি করতে পারে, এর চেয়ে ভালো কিছু আর হয় না। নাঈম সে সম্ভাবনা দেখাচ্ছে। আমিও আশাবাদী সে পারবে।সাকিবকে নিয়ে আলাদা কিছু বলার নেই। হয়তো ওই সময়ে ওই শটটা ও না খেললেও পারত, হয়তো উচিত ছিল সেঞ্চুরির জন্য অপেক্ষা করা। উইকেটে থাকলে হয়তো সে নাঈমের আগেই সেঞ্চুরি পেত। কিন্তু এসব ‘হয়তো’র পরও সাকিবের আউট নিয়ে কিছু বলব না। এ রকম কিছু ব্যাটসম্যান থাকেই, যারা সব পরিস্থিতিতেই নিজের মতো খেলতে পছন্দ করে। বীরেন্দর শেবাগ যেমন। সাকিবের ধরনটাও সে রকম, সে তার খেলা খেলে এবং সফল হয়। এমন না যে এভাবে খেলে সাকিব রান পায় না, দ্রুত আউট হয়ে যায়। যেভাবেই ব্যাটিং করুক, দিন শেষে তা দলের কাজে এলেই হলো।দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আর নাসির যেভাবে খেলছে, চতুর্থ দিনেও তাই চালিয়ে যাওয়া উচিত। ইতিবাচক ব্যাটিং করে নিরাপদ একটা জায়গায় যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজ দলে স্ট্রোক প্লেয়ারের অভাব নেই। কাজেই আমার মনে হয় এখনো আমরা নিরাপদ নই। খুব ভালো হবে, যদি আমরা ৮০ বা ১০০ রানের লিড নিতে পারি। তখন হয়তো ইনিংস ঘোষণার কথাও চিন্তা করতে পারে মুশফিক। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় দিন পর্যন্ত সবই ভালো। লিডটা নিতে পারলেই ষোলোআনা পূর্ণ হয়ে যায়।