সালমান বাটকে ওয়ারেন বার্ডসলি বলতেই পারেন, ‘বাছা, আমার মতো যন্ত্রণা তো আর পেতে হয়নি!’ বছর শুরুর হোবার্ট টেস্টে চার বছরেরও বেশি সময় পর সেঞ্চুরি পেয়েছেন বাট, পাকিস্তানি ওপেনারের চেয়ে বার্ডসলির অপেক্ষা ছিল ১০ বছর বেশি। ১৯১২ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার পর এই অস্ট্রেলীয় ওপেনার আবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন লর্ডসেই, তবে মাঝখানে চলে গেছে ‘মাত্র’ ১৪ বছর (১৯২৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৪)! ১২ বছর ৫ মাস অপেক্ষা করে মুশতাক আলী আছেন বার্ডসলির পরেই। ১৯৩৬ সালে প্রথম ভারতীয় হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরির পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছিলেন ১৯৪৯ সালে। ম্যাচের হিসাবে রেকর্ডটি অবশ্য অ্যাডাম প্যারোরের। ক্যারিয়ারের দুই সেঞ্চুরির প্রথমটি পেয়েছিলেন ১৯৯৫ সালে, ২০০১ সালে যখন দ্বিতীয় সেঞ্চুরিটি পেলেন, কিউই উইকেটকিপার মাঝখানে খেলে ফেলেছেন ৫৭ টেস্ট!