যমজ কন্যাকে ফারাহর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা দেশের স্বপ্ন ছিল তাঁকে ঘিরে। তিনি নিজেও বুকে পুষে রেখেছিলেন একটা স্বপ্ন। পেশাদারি আর ব্যক্তিগত জীবনের স্বপ্ন-লক্ষ্য মিলেমিশে হয়ে গিয়েছিল একাকার। লন্ডন অলিম্পিকে জোড়া সোনা চাই-ই চাই। যমজ কন্যার জন্য উপহার জোড়া সোনা। দেশবাসীর মুখেও হাসি!স্বপ্নের পরিধি বড় ছিল বলে চাপও ছিল অনেক বেশি। কিন্তু স্বপ্নপূরণের তাড়নার কাছে পাত্তা পায়নি ওই চাপ। সবই পেরেছেন মোহাম্মদ ফারাহ, জিতে নিয়েছেন দূরপাল্লার ‘ডাবল’। গত সপ্তাহে জিতেছিলেন ১০ হাজার মিটারের সোনা। পরশু জিতলেন ৫ হাজার। গোটা ব্রিটেনকে আনন্দে ভাসিয়েছেন জোড়া সোনায়। আর পূরণ হয়েছে ব্যক্তিগত স্বপ্নটাও। কদিনের মধ্যেই ফারাহ-তানিয়ার ঘর আলো করে আসছে যমজ কন্যা। অনাগত দুই সন্তানের জন্য উপহার দুটি সোনা!১০ হাজার মিটার জয়ের পর যেমন, পরশুও তেমনি উত্তাল অলিম্পিক স্টেডিয়াম। ৮০ হাজার দর্শকের ‘মো’ ‘মো’ চিৎকারের মাঝে ছুঁয়ে ফেললেন সমাপ্তিরেখা। তাঁর অর্জনে আনন্দে ভাসছে যখন গোটা ব্রিটেন, ফারাহর ভাবনাজুড়ে অনাগত দুই সন্তান, ‘এই সোনা দুটি আমার কাছে অনেক অনেক বড় কিছু। শিগগিরই পৃথিবীতে আসছে আমার দুই মেয়ে, এই দুই সোনা ওদের দুজনের জন্য।’বাবা হওয়ার উত্তেজনা হয়তো এ মুহূর্তে ছাপিয়ে যাচ্ছে ইতিহাস গড়ার আনন্দ। তবে কিছুটা থিতু হলেই ফারাহ বুঝতে পারবেন, কত বড় একটা কীর্তি গড়ে ফেলেছেন তিনি! একই অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটার জয়ের কীর্তি আছে আর কেবল ছয়জনের। যে তালিকায় আছেন এমিল জাটোপেক, কেনেনিসা বেকেলের মতো গ্রেটরা।জয়টা অবশ্য খুব সহজ হয়নি ফারাহর। পুরোটা সময়টাই ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন ডেজেন জেব্রেমেসকেল, টমাস লঙ্গোসিওয়া, বার্নার্ড লাগাতরা। তবে শেষের জন্য যেন দমটাকে জমিয়ে রেখেছিলেন ফারাহ। শেষ দিকে বড় পদক্ষেপ আর গতি বাড়িয়ে জিতে নিয়েছেন লড়াই। সময় নিয়েছেন ১৩ মিনিট ৪১.৬৬ সেকেন্ড। ১৩ মিনিট ৪১.৯৮ সেকেন্ড সময়ে রুপা ইথিওপিয়ার জেব্রেমেসকেলের, কেনিয়ার লঙ্গোসিওয়ার ব্রোঞ্জ ১৩ মিনিট ৪২.৩৬ সেকেন্ডে। স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন। তবে নিজের কীর্তিতে ফারাহ চমকে দিয়েছেন নিজেকেও, ‘কী বলব...আমি অভিভূত। দুটি সোনার পদক...কে-ই বা ভাবতে পেরেছিল? আজ (পরশু) একটু চাপে ছিলাম, তবে জানতাম আমাকে স্রেফ জায়গাটা ধরে রাখতে হবে। দারুণ দর্শক সমর্থন পেয়েছি আমি। সবার প্রতি কৃতজ্ঞ।’ এএফপি।