যমজ ভাইদের চারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জিতেছেন। লন্ডন অলিম্পিকে সংখ্যাটাকে চারে নিতে চান। পিটার ও পাভল হচস্করনার সেটি পারলে দারুণ এক কীর্তিই গড়বেন। এরই মধ্যে নিজেদের ইভেন্টের সেমিফাইনালে উঠে গেছেন দুই স্লোভাকিয়ান যমজ ভাই। দিনের দ্বিতীয় সেরা টাইমিং করেছেন তাঁরা। খেলাটার নাম ক্যানইং স্ল্যালম, ইভেন্ট সি-২। ক্যানইং হচ্ছে ডিঙ্গি নৌকা চালানো। পতাকা লাগানো লাঠি পুঁতে আঁকাবাঁকা বরফ ঢাকা পথে স্কি প্রতিযোগিতার নাম স্ল্যালম। যে খেলাটির অবিসংবাদিত সম্রাট হয়ে উঠেছেন দুই ভাই। তাঁদের বাবা-মাও এই ইভেন্টে সাবেক চেকম্লোভাকিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এখন খেলছেন বোন ইভাও। যমজ ভাইয়ের খেলার নানা দিক দেখাশোনা করেন বোনই। পারিবারিক ঐতিহ্যের কারণেই কিনা দুই যমজ ইভেন্টটিতে দুর্বার। কী জেতেননি তাঁরা? তিনটি অলিম্পিক (সিডনি ২০০০, এথেন্সে ২০০৪, বেইজিং ২০০৮) সোনার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্ব খেতাব—সবই আছে ঝুলিতে। বলা যায় সব ‘গ্র্যান্ডস্লাম’ই পূরণ হয়ে গেছে! কীর্তিমান দুই ভাইয়ের জম্ম ১৯৭৯ সালে। বয়স ৩২। কোচ তাঁদের বাবা। মা-ও কোচিংয়ের সঙ্গে যুক্ত। তাঁরই সুবাদে খেলাটি স্লোভাকিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে।দুই ভাইয়ের যা অর্জন, সবই জুটি গড়ে। বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব পেয়েছেন দশবার, যা ইভেন্টটিতে রেকর্ড। এবার অলিম্পিক মিশনে সফল হতে পারলে নিজেদের ধরাছেঁয়ার বাইরে নিয়ে যাবেন তাঁরা। কীভাবে সম্ভব হলো এতটা পথ পাড়ি দেওয়া? ‘আমরা একে অন্যকে ছাড়া কখনো রেসে নামিনি। কাজেই আমরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে নিয়েছি। বেশির ভাগ সময় আমাদের রেসটা হয় সিক্রোনাইজড’—পিটারের এই কথায় লুকিয়ে আছে যমজ ভ্রাতৃদ্বয়ের এগিয়ে চলার গল্পও।লন্ডনেও সেটি দেখাতে তাঁরা উদ্গ্রীব। দুইয়ে দুইয়ে চার মিললে অলিম্পিক ইতিহাসে অমরত্বই পেয়ে যাবেন দুই ভাই। তথ্যসূত্র: ওয়েবসাইট।