যশোরকে হতাশ করল মোহামেডান
যশোরের সপ্তম শামসুল হুদা গোল্ডকাপের আয়োজকদের মনটা খারাপ করে দিয়েছে ঢাকা মোহামেডান। সরাসরি এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার কথা ছিল সাদা-কালোদের, সঙ্গে ঢাকার আরেক বড় দল মুক্তিযোদ্ধারও। সব ঠিকঠাই ছিল। কিন্তু কাল আয়োজকদের মোহামেডান জানিয়ে দিয়েছে, তারা যাচ্ছে না। অগত্যা মুক্তিযোদ্ধারও যাওয়া হচ্ছে না। ফলে স্থানীয় দুটি দলই ৩০ ডিসেম্বরের টুর্নামেন্টের ফাইনালে খেলছে।কাল যশোর থেকে মুঠোফোনে স্থানীয় উদ্যোক্তা এবং বাফুফের সদস্য শফিকুজ্জামান বললেন, ‘মোহামেডান আজ (কাল) না বলে দেওয়ায় আমরা খুবই হতাশ হয়েছি। শামসুল হুদা টুর্নামেন্টটা এ অঞ্চলে খুবই জনপ্রিয় টুর্নামেন্ট। রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, খুলনাসহ আরও কয়েকটা জেলার দল এই টুর্নামেন্টে খেলে। তবে স্থানীয় দর্শকেরা ঢাকার দুই বড় দলের খেলা দেখার অপেক্ষায় ছিল।’যেহেতু ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বের ড্র ৩০ ডিসেম্বর, দু-তিন দিন পরই মাঠে নামতে হবে। এসব সাতপাঁচ ভেবে মোহামেডান সিদ্ধান্ত বদল করেছে। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম তাই হতাশা ব্যক্ত করলেন কাল, ‘আমরা তৈরিই ছিলাম। যশোরে খেলতে পারলে ভালো হতো দলের জন্য। কিন্তু মোহামেডান অনীহা প্রকাশ করায় আমাদেরও আর যাওয়া হচ্ছে না।’