যত দোষ ওই শীতাতপযন্ত্রের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচন এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ভেন্যুর শীতাতপ ব্যবস্থা স্বাগতিকদের পক্ষে যাওয়ার অভিযোগ উঠেছে ছবি: এশিয়াড ওয়েবসাইট।
ইনচন এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ভেন্যুর শীতাতপ ব্যবস্থা স্বাগতিকদের পক্ষে যাওয়ার অভিযোগ উঠেছে ছবি: এশিয়াড ওয়েবসাইট।

রাজনৈতিকভাবেই চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অহিনকুল। কূটনৈতিক সম্পর্কের এই টানাপোড়েন অনেক সময় খেলার জগতেও আলোচনা তৈরি করে। এই যেমন চীনা ব্যাডমিন্টন কোচ এশিয়ান গেমসে ছেলেদের দলগত ফাইনালে হারের দায়ভার চাপিয়েছেন দক্ষিণ কোরিয়ার ঘাড়ে।
দলগত ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে চীন ৩-২ গেমে হেরে যাওয়ার পর চীনা কোচ দেখিয়েছেন, ‘মনুষ্য-সৃষ্ট’ কারণ। চীনের সংবাদপত্র সাংহাই ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাডমিন্টন কোচ লি ইয়োং বো বলেছেন, ‘ফাইনালে দক্ষিণ কোরীয়রা অনৈতিকভাবে ইনডোর স্টেডিয়ামের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। চীনের পরাজয় কেবলমাত্র এ কারণেই। আমরা খারাপ খেলিনি, কৌশলগত কোনো ভুলও ছিল না।’
ইয়োং বো তাঁর অভিযোগের বিশদ ব্যাখ্যাও দিয়েছেন, ‘যখন আমরা বাতাসের প্রতিকূলে খেলেছি, তখন বাতাস ছিল বেশ ভারী। কোর্টে আমাদের সামনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে হু হু করে তখন বাতাস বইছিল। কোরীয়রা যখন বাতাসের প্রতিকূলে, তখন ঘটনা ঘটেছে এর ঠিক উল্টোটা। তখন তাদের মুখোমুখি অবস্থানে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো ব্যাপারটা ইচ্ছা করে আমাদের বিপদে ফেলার জন্য করা হয়েছে।’
লি বলেন, এটা ভাবাই যায় না যে চীনের বিশ্বচ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকা চেন লং তার প্রথম ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট স্কোর করতে পেরেছে। তার ম্যাচের সময় স্টেডিয়ামের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে এলোমেলো বাতাস বইছিল।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্কও খুব একটা ভালো না। চীনের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক তথৈবচ হলেও এই একটি ব্যাপারে চীন-জাপান কথা বলেছে একই সুরে। চীনা কোচ লি ইয়োং বোর মন্তব্যকে সমর্থন করে জাপানি কোচ কেইটা মাসুদা বলেছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলোয় একই সমস্যায় পড়েছে তাঁর খেলোয়াড়েরাও। তিনি বলেন, ‘এশিয়ান গেমসে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ভেন্যুর শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ অদ্ভুত, এই শীতাতপ ব্যবস্থা কেন জানি সব ক্ষেত্রেই স্বাগতিকদের পক্ষে কথা বলেছে।’
চীন-জাপানের এই অভিযোগ স্বাভাবিকভাবেই উড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, যখনই শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অভিযোগ এসেছে, তখনই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে, খেলোয়াড় ছাড়াও ইনডোর স্টেডিয়ামে প্রচুর দর্শকও উপস্থিত থাকেন। তাঁদের জন্যও ইনডোর ঠান্ডা রাখার প্রয়োজন হয়।