যা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপের চার প্রতিপক্ষের বিপক্ষে কেমন খেলবে বাংলাদেশ? শ্রীলঙ্কা সিরিজ বাজেভাবে হারার পর পাঁচ জাতির টুর্নামেন্টে কতটা আত্মবিশ্বাসী থাকবে মুশফিকুর রহিমের দল? গত এশিয়া কাপের অপূর্ণতা কি পূরণ করা সম্ভব? এশিয়া কাপের চার প্রতিপক্ষের শক্তিমত্তা বিশ্লেষণ করে নিজের কলামে সেসবই বলেছেন মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

ভারতকে তিন শয়ের আগেই...
প্রথম ম্যাচটা আমাদের ভারতের বিপক্ষে। শক্তিশালী প্রতিপক্ষ সন্দেহ নেই। তারপরও আমি বলব, অবশ্যই এশিয়া কাপটা ভালোভাবে শুরুর সুযোগ আছে আমাদের।
তবে শ্রীলঙ্কা সিরিজে আমরা যেভাবে খেলেছি, ভারতের বিপক্ষে তার চেয়ে অনেক ভালো খেলতে হবে। ওদের ব্যাটিং শক্তির কথা আমরা সবাই জানি। তারপরও আমরা যদি ভারতকে ৩০০-র মধ্যে আটকাতে পারি, তাহলে রান তাড়া করা সম্ভব। তবে শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং নিয়ে আমরা সংগ্রাম করছি। ও রকম ভালো ব্যাটিং করতে পারিনি। বলতে পারেন বোলিং-ব্যাটিং কোনোটাতেই এখন আমরা সেরা অবস্থায় নেই, যে রকম ছিলাম গত এক-দেড় বছর।
এশিয়া কাপ শুরুর আগে খুব কম সময়ই পেয়েছি আমরা। তবুও আমার বিশ্বাস, শ্রীলঙ্কা সিরিজের দুঃস্বপ্ন কাটিয়ে ওঠা সম্ভব। সবাই যদি নিজেদের কাজগুলো গুছিয়ে পারফরম্যান্স ঠিকঠাক করতে পারি, যার যে সমস্যা ঠিক করতে পারি, প্রথম ম্যাচেই তার প্রতিফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে এগুলো মুখে বলা খুব সহজ। কাজটা করে দেখানোই সবচেয়ে জরুরি।
ভারতের টপ অর্ডারের সবাই এখন খুব ভালো ফর্মে। যদিও বাইরে ওদের কষ্ট হচ্ছে, তারপরও উপমহাদেশে তারা অনেক বড় খেলোয়াড়, বড় দল। চ্যালেঞ্জটা তাই আমাদের বোলারদের জন্যই বেশি থাকবে। তবে আবারও বলি, আমার বিশ্বাস, ওদের যদি ৩০০-র ভেতর রাখতে পারি বা আমরা যদি ৩০০-র ওপরে রান করতে পারি তাহলে ভালো কিছু সম্ভব। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। এশিয়া কাপের শুরু থেকেই ওই ভুল থেকে বেরিয়ে আসতে হবে।

পাকিস্তানের বোলিংকেই বেশি ভয়

আমরা এখানে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতে আসছে। সুতরাং তাদের বিপক্ষে আমাদের কাজটা অবশ্যই সহজ হবে না। গত এশিয়া কাপে আমরা দুটি ম্যাচ হেরেছিলাম, দুটিই পাকিস্তানের বিপক্ষে। ফাইনালের ২ রানের আক্ষেপটাও তাদের সঙ্গেই। এবার পাকিস্তানকে তাই একটু আলাদা চোখেই দেখতে হবে।
আমার ধারণা, পাকিস্তানের ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা বেশি ধারালো। যে কারণে ওদের খুব কম রানে আটকে রেখেও আমরা শেষ পর্যন্ত রান তাড়া করতে পারিনি। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে বিশ্বের সব দলই এই অবস্থায় পড়ে। বিশ্বমানের এই বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাটিংয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসার যে সাম্প্রতিক প্রবণতা দেখা গেছে ব্যাটসম্যানদের মধ্যে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে।
আমার মনে হয়, আমরা যারা খেলোয়াড় আছি, এশিয়া কাপে আমাদের নিজেদের আবার প্রমাণ করার সময় এসেছে। একই সঙ্গে সময় এসেছে আগের মতো দলটাকে দাঁড় করানোর।

শুরু ভালো হলে শ্রীলঙ্কাও সমস্যা নয়
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটার কথা এখন আর আনতে চাই না। কারণ, দলে অনেক ছোটখাটো সমস্যা গেছে। চোটাঘাতের সমস্যা ছিল। সবাই একসঙ্গে খেলতে পারিনি। এসবকে অজুহাত মনে করবেন না এবং আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাইও না। তবে এশিয়া কাপে আমরা একটা নতুন দল হয়ে মাঠে নামতে চাই। শ্রীলঙ্কা সিরিজের ভুল যেন সেখানে ফিরে না আসে।
সন্দেহ নেই শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। অনেক পেশাদার দল তারা। সাঙ্গাকারা-মাহেলা হয়তো বা ফিরে আসবেন এশিয়া কাপে। সে ক্ষেত্রে ওদের শক্তি আরও বেড়ে যাবে। তবে ভারত ও পাকিস্তানের সঙ্গে শুরুটা ভালো হলে আমরা ছন্দ ফিরে পাব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের হতাশা কাটিয়ে উঠতে ভারতের সঙ্গে ভালো একটা শুরু করা।
শ্রীলঙ্কা সিরিজের কথা এসেই গেল শেষ পর্যন্ত। আসলে তাদের বিপক্ষে সিরিজ হারলেও দুইটা টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেটা কিন্তু আমরা জেতা ম্যাচই হেরে গেছি। এই তিনটা ম্যাচ জিতলে আজকে পরিস্থিতিটা অন্য রকম থাকতে পারত। কোনো সন্দেহ নেই বাজে খেলেছি বলেই এভাবে হেরেছি। তবে এশিয়া কাপ নতুন একটা টুর্নামেন্ট। এখানে শুরুটা ভালো করতে পারলে সবই সম্ভব এবং সেটা আমরা গত এশিয়া কাপে প্রমাণও করেছি। শুরুটা ভালো হলে এশিয়া কাপে শ্রীলঙ্কা নতুন বাংলাদেশকেই দেখবে আশা করি।

আফগানিস্তানও ছোট প্রতিপক্ষ নয়
আমাদের কাছে আসলে কেউই ছোট প্রতিপক্ষ নয়। আমরা অনেক সময় ভুল করি, ভুল করে ম্যাচ হেরেও যাই। আফগানিস্তানকেও তাই শক্ত প্রতিপক্ষ ভেবেই খেলতে হবে। বিশেষ করে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচও অনেক বড় ম্যাচ। তারপরও আশা করি ভালো খেলে ওদের হারাতে পারব।
আফগানিস্তানের কিছু খেলোয়াড় আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন। তাঁদের কাছ থেকে আফগান ক্রিকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। তা ছাড়া ওদের কিছু খেলার ভিডিও তো আমাদের কাছে আছেই। সেগুলোও হয়তো আমরা বিশ্লেষণ করব। তারপরও মাঠের ব্যাপারটা আলাদা। আমাদের মাঠে ভালো খেলতে হবে, এটাই শেষ কথা। শ্রীলঙ্কার সঙ্গে আমরা এটা পারিনি। এশিয়া কাপের সব ম্যাচেই তাই সতর্ক থাকতে হবে।

এশিয়া কাপে আমাদের লক্ষ্য
মাত্র শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হব, তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে। আমি সে রকম বলব না। তবে অবশ্যই আমাদের ভেতর স্বপ্ন আছে আমরা জিতব, ভালো খেলব। চ্যাম্পিয়নই নয় কেন! আমাদের সে সামর্থ্য আছে। আমরা তো এই দল নিয়েই অনেক বড় ম্যাচ জিতেছি! কিন্তু এসব এখন বললে আপনাদেরই শুনতে খারাপ লাগবে। তাই অত বড় লক্ষ্যের কথা বললাম না। আপাতত অত দূরে না তাকিয়ে আমাদের সবারই ২৬ তারিখের ম্যাচটা নিয়ে ভাবা উচিত। সঙ্গে শুধু বলব, এশিয়া কাপে সবাই যেন ফর্মে ফিরতে পারি, সবাই যেন নিজেদের সত্যিকারের খেলাটা ফিরিয়ে আনতে পারি।