যা ঘটেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ ট্যাবলয়েড দ্য সান-এর দাবি, মঙ্গলবার মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তেভেজ-কাণ্ডটা ছিল ঠিক এ রকম: নাইজেল ডি ইয়ং ও তেভেজ—দুজনকেই ওয়ার্মআপ করতে বলেন মানচিনি। ৫৬ মিনিটে নামানো হয় ডি ইয়ংকে, মানচিনি তেভেজকে বলেন ওয়ার্মআপ করে যেতে। তেভেজ তখন উল্টো হাঁটা দেন ডাগ-আউটের দিকে, চেঁচিয়ে বলেন ‘না’। মানচিনি আবারও যখন ওয়ার্মআপ করতে বলেন, তেভেজ তখন চেঁচিয়ে বলেন ‘কেন?’ ফিটনেস কোচদের একজন তখন তেভেজকে ওয়ার্মআপ করতে বলেন, তেভেজ আবারও অস্বীকৃতি জানান। মানচিনি তখন ফিটনেস কোচকে বলেন, ‘বাদ দাও।’ ম্যাচ শেষে ড্রেসিংরুমে সব ফুটবলারকে ডেকে মানচিনি বলেন, ম্যাচে তারা কী কী ভুল করেছে। তখনই তেভেজকে বলেন, ‘তোমার সিটি অধ্যায় শেষ।’ তেভেজ পাত্তাই দেননি। কিন্তু মানচিনি ড্রেসিংরুম ছাড়ার পর যখন জানতে পারেন টিভিতে সব ধরা পড়েছে, তখন বিচলিত হয়ে পড়েন। তেভেজ তখন সিটির জুনিয়র এক খেলোয়াড়কে অনুবাদকের ভূমিকায় নিয়ে স্কাই স্পোর্টসকে বলেন, তিনি মাঠে নামতে অস্বীকৃতি জানাননি। সিটির জনসংযোগ বিভাগের একজন ওই অনুবাদককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তেভেজ। ইংল্যান্ডে ফেরার ফ্লাইটে মানচিনি, বাকি কোচিং স্টাফ এবং ক্লাবের কিছু কর্মকর্তা মিলে সিদ্ধান্ত নেন, কোনোভাবেই তেভেজকে সিটির হয়ে আর খেলতে দেওয়া হবে না।