যাঁদের কাজ তাঁদেরই করতে দিন
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ—এই জাতির জীবনেই এর চেয়ে স্মরণীয় ঘটনা খুব বেশি ঘটেনি। তবে জাতিগত বৈশিষ্ট্য বজায় রেখে এই গৌরবময় মুহূর্তটাকেও বিতর্কিত করে তুলতে সক্ষম হয়েছি আমরা। ‘আমরা’ না বলে বলা উচিত বিতর্কিত করে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।একটু ধন্দে পড়ে গেছেন নিশ্চয়ই। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবে কেন? বাংলাদেশ তো প্রথম বিশ্বকাপ খেলেছে সেই ১৯৯৯ সালে। ওপরের প্যারাটা সেই বিশ্বকাপের আগেই প্রথম আলোতে লেখা মন্তব্য প্রতিবেদনের প্রথম তিন লাইন।তা হঠাৎ ১১ বছর আগের সেই লেখা থেকে উদ্ধৃতি কেন? কারণ—আরেকটি বিশ্বকাপের আগেও একই কালো ছায়ায় আচ্ছন্ন বাংলাদেশের ক্রিকেট। ২০১১ বিশ্বকাপের দল নিয়ে দুদিন ধরে যেসব কাণ্ডকীর্তি হচ্ছে, তাতে ১১ বছর আগের ওই মন্তব্য প্রতিবেদনের শুরুতে ‘দেশের মাটিতে’ শব্দ দুটি যোগ করে দিলেই দেখুন না, সেটি কেমন সময়োপযোগী হয়ে যায়।বিশ্বকাপের জন্য ১৫ জনের দল নিয়ে টানা দ্বিতীয় দিন তথাকথিত টেকনিক্যাল কমিটির জেরার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের। সেই জেরা যে কখনো কখনো শালীনতার সীমাও লঙ্ঘন করেছে, বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ ব্যাপারেও। তা না হলেই বা কি? দল নির্বাচন করে ‘শালীন জেরা’র মুখেই বা কেন পড়তে হবে নির্বাচকদের?ক্রিকেটে দল নির্বাচন পুরোপুরিই নির্বাচকদের এখতিয়ার। ক্রিকেট বোর্ড নির্বাচনী নীতিমালা ঠিক করে দিতে পারে, কখনো কখনো মতবিনিময়ও হতে পারে, কিন্তু দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দিতে হবে নির্বাচকদের। এটাই ক্রিকেটীয় রীতি এবং সেটি মেনে চলা ক্রিকেটীয় আচরণবিধির মধ্যেই পড়ে। হায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এসবে থোড়াই কেয়ার করে!কোনো দেশের ক্রিকেট বোর্ড সে দেশের ক্রিকেটের অভিভাবক। ক্রিকেটের ভালোমন্দ দেখার দায়িত্ব তো তাদের আছেই। কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে যোগ্য নির্বাচক নির্বাচনেই সেই দায়িত্ব শেষ হওয়া উচিত। নির্বাচক কমিটির পারফরম্যান্স ভালো মনে না করলে সেটি ভেঙে দেওয়ার অধিকারও ক্রিকেট বোর্ডের আছে। কিন্তু নির্বাচকদের দলে নাক গলানো আগুন নিয়ে খেলার শামিল। কারণ এমন হলে দল নির্বাচনের সময় নির্বাচকদের মাথায় নানা অঙ্ক খেলা করবে, ক্রমশ তাদের বিচ্যুতি ঘটবে পক্ষপাতহীন থাকার মূল মন্ত্র থেকে। অথচ ঘটনা হলো, এই বোর্ডের আমলে নির্বাচকদের নির্বাচিত দলে হস্তক্ষেপ করার ঘটনা প্রায় নিয়মিতই ঘটেছে। আর বিশ্বকাপ দল নিয়ে যা হচ্ছে, তাতে ব্যাপারটা আগের সব ফিসফাস থেকে এখন কেলেঙ্কারি পর্যায়ে উন্নীত। দলে অমুককে বাদ দিয়ে তমুককে নেওয়া হোক—পরামর্শের আবরণে এ জাতীয় নির্দেশও নাকি দেওয়া হয়েছে নির্বাচকদের।এর সবই করা হচ্ছে টেকনিক্যাল কমিটির নামে। নির্বাচকেরা দল নির্বাচন করবেন, সেই দলই ঘোষিত হবে বোর্ড সভাপতির অনুমোদনের আনুষ্ঠানিকতার পর—এর মধ্যে এই ‘টেকনিক্যাল কমিটি’ নামে আজব বস্তুটি কীভাবে আসে? অন্য কোনো দেশে কি এর অস্তিত্ব আছে? এই টেকনিক্যাল কমিটির হাত এতই লম্বা যে, শুধু দল নির্বাচনেই তা সীমাবদ্ধ নয়। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্টের ওপর চাপ কমাতে বিশ্বকাপে প্রথম একাদশ-ব্যাটিং অর্ডার ঠিক করার কঠিন কাজটাও স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন এই কমিটির সদস্যরা। মজার ব্যাপার, নাম টেকনিক্যাল কমিটি হলেও তাতে নন-টেকনিক্যাল লোকও আছেন এবং তাঁর দাপটই নাকি সবচেয়ে বেশি। তাঁকে দোষ দিয়ে লাভ কী, সাবেক ক্রিকেটার যাঁরা কমিটিতে আছেন, তাঁরাও তো দেখছি ক্রিকেটীয় রীতিনীতি সব ভুলে বসে আছেন!জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু আছেন এই টেকনিক্যাল কমিটিতে, আছেন সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক এনায়েত হোসেন সিরাজ। তাদেরকে কি কিছু কথা মনে করিয়ে দেব? ১৯৯৯ বিশ্বকাপের কথা বলছিলাম। সেই বিশ্বকাপের ৩০ জনের দল ১৯ জনে নামিয়ে আনার সময়ই মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দিয়েছিলেন সিরাজের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ১৫ জনের দলও ঘোষিত হয়ে যাওয়ার পর বিকেএসপিতে সভাপতি-সাধারণ সম্পাদকহীন বিসিবির এক সভায় নির্বাচক কমিটি ভেঙে দেওয়া হয়, দলে ফেরানো হয় নান্নুকে। এই ঘটনার পর প্রথম আলোর স্টেডিয়াম পাতায় ‘আমি এর প্রতিবাদ জানাই’ শিরোনামে সাবেক এক ক্রিকেটারের কলাম ছাপা হয়েছিল। সেটির একটা অংশ ছিল এ রকম—‘বোর্ড তাদের অবস্থান থেকে ভাবছে, তারা খেলোয়াড় পরিবর্তন করে সঠিক কাজটি করেছে, কিন্তু রেফারেন্স হিসেবে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে জাতীয় পর্যায়ের দল গঠনে বিভিন্ন ফেডারেশনে যেকোনো পর্যায়ের খেলায়। তা ছাড়া এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে আমাদের ভাবমূর্তি কতটা উজ্জ্বল করেছে, সে ব্যাপারেও আমি নিশ্চিত নই।’লেখকের নাম? গাজী আশরাফ হোসেন লিপু।১৯৯৯ সালের ১৯ এপ্রিল প্রথম আলোর খেলার পাতায় একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। তাতে সাক্ষাৎকারদাতার দুটি উত্তর তুলে দিচ্ছি—‘ভবিষ্যতে কোনো সিলেকশন কমিটিই নির্ভয়ে-নির্বিঘ্নে সিদ্ধান্ত নিতে পারবে না। সব সময়ই একটা নিরাপত্তাহীনতা কাজ করবে তাদের মধ্যে।’‘ভবিষ্যতে যাঁরাই সিলেকশন কমিটিতে আসেন, তাঁরা যেন যতটা সম্ভব বেশি মেয়াদে ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান—এটাই সংশ্লিষ্টদের প্রতি আমার অনুরোধ।’সাক্ষাৎকারদাতার নাম? এনায়েত হোসেন সিরাজ।জনাব লিপু, জনাব সিরাজ—আপনারা কি সেই একই লোক?