যাঁদের ঘিরে অপেক্ষার প্রহর

মেসির ড্রিবলিং। রোনালদোর ক্ষিপ্রগতির দৌড়। নেইমারের লাতিন টাচ। সারাক্ষণ চোখে ভাসে দৃশ্যগুলো।
এত দিন এসব ক্লাব ফুটবলে দেখেছি। এবার বিশ্বকাপের মহামঞ্চে আরও বেশি করে দেখতে চাই। বিশ্বসেরাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ তো বিশ্বকাপই। সেটিতে প্রতিষ্ঠিত এবং চেনা-জানা তারকাদের খেলা দেখারই অপেক্ষার প্রহর গুনছি।
লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গেই আমার সখ্য বেশি। এ কারণে এই দুটি লিগের চরিত্রগুলো চট করে মনে চলে আসে। এটা প্রচারের কারণেও হতে পারে। বুন্দেসলিগা বা সিরি ‘আ’ তেমন দেখা হয় না। তাই ওই দুটি লিগের চেনা মুখের বাইরে আর কোনো নাম নেই, যাঁর খেলা দেখার আকর্ষণ অনুভব করছি। এর পরও টুর্নামেন্ট শুরু হলে হয়তো বা আড়ালে থাকা কোনো ফুল ফুটতেও পারে। সেটি ভিন্ন কথা।
যাঁদের খেলা দেখতে আমি ব্যাকুল, সেই তালিকায় অগ্রণী একজন নেইমার। আমি ব্রাজিল সমর্থক বলেই নয়, নেইমারের খেলাটাই এমন যে ভাবলেই রোমাঞ্চ জাগে। তবে নেইমার নিজের দেশের বিশ্বকাপে প্রত্যাশার চাপ কতটা সামলাতে পারবেন জানি না। লক্ষ করেছি, মাঝেমধ্যে সিদ্ধান্তহীনতার রোগে ভোগেন। তবে এটাও ঠিক, প্রতি ম্যাচেই এমন দুই-একটা লাতিন ছোঁয়া দেন, যা চোখ জুড়াতে যথেষ্ট।
ফুটবলপিপাসুদের তৃষিত চোখ অবশ্যই খুঁজবে মেসির পায়ের জাদুও। ব্রাজিল বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ বার্সার এই ফরোয়ার্ড। কিন্তু অপ্রিয় কথাটাও বলতে হচ্ছে, মেসি ক্লাবের হয়ে যতটা সফল, দেশের জার্সিতে ততটা নন। এই অপবাদ ঝেড়ে ফেলার বড় সুযোগ ওঁর সামনে। মেসির বয়স এখন ২৬। পরের বিশ্বকাপে সেরা ফর্মে থাকবেন কি না জানি না। কাজেই ব্রাজিলে নিজের সব ঢেলে দেবেন তিনি, এটাই প্রত্যাশা। এবার কিছু ম্যাচ সেহির খেয়ে শেষরাতে দেখতে হবে। তা হোক, মেসির মতো ফুটবলারের খেলা দেখতে সারা রাত জাগতেও উন্মুখ আমি।
আরেক বড় আকর্ষণ ক্রিস্টিয়ানো রোনালদো। বাঁ দিকের উইং দিয়ে যেভাবে গতি বাড়ান রিয়াল ফরোয়ার্ড, দেখার তৃপ্তিই আলাদা। চূড়ান্ত পাস, সতীর্থদের জন্য ডিফেন্স-চেরা থ্রু আর ওয়ান-টু-ওয়ান অবস্থায় মেসি অদ্বিতীয়। রোনালদোর ট্রেডমার্ক বল পায়ে ওঁর গতি। ওই গতির জন্য আলাদা একটা জায়গা দরকার হয় রোনালদোর। জায়গা পেয়ে ঠিকঠাক গতি আনতে পারলে ওঁকে থামানো মুুশকিল। বিশ্বকাপে এই রোনালদোকে দেখার জন্য তর সইছে না।
লিভারপুলে এবার দুর্দান্ত মৌসুম কাটালেন সুয়ারেজ। ওঁর ওপর নির্ভর করছে উরুগুয়ের বিশ্বকাপ-ভাগ্য। তিনকাঠি খুব ভালো চেনেন। জার্মানির ফিলিপ লাম, ব্রাজিলের অস্কারকেও রাখছি ‘যাঁদের খেলা দেখার অপেক্ষায়’ তালিকায়। লামের সঠিক সময়ে জায়গামতো উপস্থিতি বেশ কার্যকর। বাঁ পায়ে অতুলনীয় রোবেনকে দেখব আগ্রহ নিয়ে। গত ইউরোতে দুর্দান্ত লেগেছিল পিরলোকে। বয়সের ভারে এখন মনে হচ্ছে অনেকটা ক্লান্ত। ক্যাসিয়াস-বুফনরাও একই নৌকার যাত্রী। তবু এসব তারকার দিকেও নজর রাখব।
আগের বিশ্বকাপে ক্ষুরধার লেগেছে জাভি-ইনিয়েস্তাদের, এবারও চাইব ওঁরা তেমনই থাকুক। পাসের ফুল ফোটাক। প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে এসে যখন টিকি-টাকার পসরা সাজান ওঁরা, সেটি আরও উপভোগ্য। জাভি দুই বছর আগে অবিশ্বাস্য সব পাস দিয়েছেন, চাইব এটা ধরে রাখুক। কিন্তু অতটা আশা করা বাড়াবাড়িই মনে হচ্ছে। কারণ বয়স!
পিকে-রামোসরা স্পেনের রক্ষণে কী করেন, দেখার বিষয়। স্পেনের দুর্ভোগের কারণ হতে পারেন এই বয়সী খেলোয়াড়েরা। তবে এ মৌসুমে রিয়ালের লেফটব্যাক মার্সেলোকে অনেকটা আত্মবিশ্বাসী লাগছে। ওভারল্যাপ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের তোলা ক্রসগুলো গোলের রাস্তা তৈরি করেছে অনেক সময়ই।
ব্রাজিলিয়ান অস্কার, ডেভিড লুইজকে আলাদাভাবে লক্ষ করব। দানি আলভেজের ওভারল্যাপ, দু-তিনজনের পায়ের ফাঁক গলে বল নিয়ে বেরিয়ে পড়া—এসবও দেখতে চাই। ম্যান সিটির ডেভিড সিলভার বয়স কম এবং অন্য স্প্যানিয়ার্ডদের চেয়ে ওকে বেশি কার্যকর লাগছে। বিশ্বকাপে তিনি কী করেন, এ নিয়েও আমার অনেক কৌতূহল।
এই নামগুলো সরিয়ে নতুন কেউ আসবেন? এলে সেটি হবে আরও রোমাঞ্চকর। সেই একজন ব্রাজিলিয়ান হলে তো আমার বিশ্বকাপ হবে সোনায় সোহাগা!
গোলাম সারোয়ার টিপু: সাবেক ফুটবল তারকা ও কোচ