যাঁর কাছে বোল্টও হার মানেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত অ্যাথলেট কে—এটা এখন কোনো প্রশ্নই নয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আকাশে সূর্য হয়ে জ্বলছেন উসাইন বোল্ট, তাঁর পাশে বাকিরা সব মিটমিটে তারা। কিন্তু প্রশ্নটা যদি হয়, এ মুহূর্তে বিশ্বের সেরা অ্যাথলেট কে? বোল্টকে হারিয়ে দিয়ে এই স্বীকৃতিটা বোধহয় অ্যাস্টন ইটনের প্রাপ্য।অথচ কী আশ্চর্য, কল্পচোখে অনেকের চোখেমুখে বিস্ময় খেলা করতে দেখছি—এই অ্যাস্টন ইটনটা আবার কে? তাঁদের জানাই, ২৪ বছর বয়সী এই আমেরিকান ডেকাথেলনে বিশ্বসেরা। বোল্ট শুধু দৌড়ে ভালো। শুধু ভালো নয়, খুবই ভালো। ডেকাথেলেটরা কোনো ইভেন্টেই বিশ্বসেরা হওয়ার মতো ‘খুবই ভালো’ নন, তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবকিছুতেই তাঁদের ভালো হতে হয়। ‘ডেকা’ মানে ১০, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০টি ইভেন্ট মিলিয়ে এই ডেকাথেলন। দুই দিন জুড়ে অ্যাথলেটিক সামর্থ্যের যা চূড়ান্ত পরীক্ষাও। প্রথম দিন ১০০ মিটার, লংজাম্প, শটপুট, হাইজাম্প ও ৪০০ মিটার। দ্বিতীয় দিন ১১০ মিটার হার্ডলস, ডিসকাস, পোল ভল্ট, জ্যাভেলিন ও ১৫০০ মিটার।গ্রিসে সেই প্রাচীন অলিম্পিকেও সেরা অলরাউন্ড অ্যাথলেট নির্বাচনের একটা প্রথা ছিল। তবে তুলনায় পরীক্ষাটা সেখানে অনেক সহজ ছিল। তখন হতো পেন্টাথেলন। লংজাম্প, ডিসকাস, জ্যাভেলিন ও স্প্রিন্টের পর সবশেষে কুস্তি। মর্ডার্ন পেন্টাথেলন নামে একটা ইভেন্ট আধুনিক অলিম্পিকেও আছে। তবে খেলাগুলো বদলেছে।ডেকাথেলনে প্রতিটি খেলায় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পয়েন্ট আছে। ১০ ইভেন্ট শেষে সেগুলো যোগফলেই নির্ধারিত হয় বিজয়ী। গত বুধবার প্রথম ইভেন্ট ১০০ মিটারে ১০.৩৫ সেকেন্ডে দৌড়ে অ্যাস্টন ইটন যে এগিয়ে গেলেন, এরপর বাকি নয় ইভেন্টেই তাঁর সেই অগ্রগামিতা অক্ষুণ্ন। অলিম্পিক ট্রায়ালে গড়া নিজের বিশ্ব রেকর্ডটা অবশ্য ভাঙতে পারলেন না। সেটি ৯০৩৯ পয়েন্ট, এখানে পেলেন ৮৮৬৯।উসাইন বোল্ট নিজেকে ‘জীবন্ত কিংবদন্তি’ বলে দাবি করছেন। যৌক্তিক দাবিই। নিজে না বললেও সবাই তাঁকে এটাই বলতেন। তবে বিশ্বসেরা অ্যাথলেটের মুকুটটা কিন্তু তিনিও সসম্মানে দিয়ে দিচ্ছেন অ্যাস্টন ইটনকে। গত পরশু ২০০ মিটার জেতার পর সরাসরিই প্রশ্নটা করা হয়েছিল তাঁকে। বোল্ট হেসে বলেছেন, ‘আমি একজন গ্রেট অ্যাথলেট, কিন্তু দশটা ইভেন্ট করা...বিশেষ করে ১৫০০ মিটার, ওরে বাবা! এই স্বীকৃতিটা ওকেই দিতে হবে।’বোল্ট, না আপনি—প্রশ্নটা অ্যাস্টন ইটনকেও করা হয়েছিল। বোল্ট নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, ইটন যেন প্রশ্নটায় লজ্জাই পেলেন। তবে পাশে বসা তাঁর সতীর্থ রুপাজয়ী ট্রে হার্ডি ডেকাথেলেট সমাজের প্রতিনিধি হয়ে পরিষ্কার বলে দিলেন, ‘এই বিশ্বে পা রাখা সেরা অ্যাথলেট অ্যাস্টন। এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। এটা বললে অ্যাস্টনকে স্বার্থপর বা আত্মকেন্দ্রিক ভাবার কোনো কারণ নেই।’ এ কথার পক্ষে যুক্তিটা কী? সেটিও বিস্তারিত দিলেন হার্ডি, ‘বিশ্বের সেরা অ্যাথলেটের খেতাবটা ডেকাথেলনে অলিম্পিক চ্যাম্পিয়নই পায় আর এই ইভেন্টে বিশ্ব রেকর্ড অ্যাস্টনের। একই কারণে উসাইন বোল্ট বিশ্বের দ্রুততম মানব, কারণ ও সব ইভেন্টজয়ীর জন্য এই খেতাবটাই বরাদ্দ। শুধু দ্রুতগতির হলেই সেরা অ্যাথলেট হওয়া যায় না।’হার্ডির কথায় আরও বিব্রত ইটন লজ্জার হাসি হেসে বললেন, ‘থ্যাংকস, ট্রে!’ তিনি নিজে যে ওসব খেতাব-টেতাব নিয়ে একদমই ভাবেন না, জানিয়ে দিলেন তাও, ‘এ নিয়ে কোনো লড়াই নেই। উসাইন তার নিজের গুণেই দুর্দান্ত। ও খেলাটার একটা আইকন। আর আমার মনে হয়, এসব খেতাব-টেতাবে কী আসে-যায়! এসব তো শুধু বইয়েই লেখা থাকে। আমি যা করছি, সেটি করতে আমার খুব ভালো লাগে।’একটা জায়গায় আসলেই লড়াই নেই। উসাইন বোল্ট এখন বিশ্বের সবচেয়ে পরিচিত মুখ। আর অ্যাস্টন ইটন অলিম্পিক পার্কের ওই জনসমুদ্রে হেঁটে গেলেও তাঁকে কজন চিনবে, সন্দেহ! অ্যাডিডাস-ভিসা এমন সব কোম্পানির পণ্যদূত হয়ে বোল্টের কোটি কোটি টাকা, এই অলিম্পিকের পর অঙ্কটা নিশ্চিত আরও বাড়বে। আর বিশ্বের সেরা অ্যাথলেট অ্যাস্টন ইটনকে টাকাপয়সার প্রসঙ্গে বলতে হয়, ‘সোনা জয়ের পর কিছু একটা হয়তো দেওয়া হবে।’খুব যে দুঃখ করে বললেন, তা নয়। ট্রে খুব স্পষ্টভাষী, টাকাপয়সা প্রসঙ্গে হাত নাড়িয়ে বলে দিলেন ‘আই ডোন্ট কেয়ার।’ ইটন শুধু বললেন, ‘খ্যাতি বা অর্থের কথা ভেবে তো আমি কিছু করছি না। যা করছি, ভালো লাগে বলেই করছি।’এটাই আসলে শেষ কথা। ভালো না লাগলে ডেকাথেলনের মতো অমন হাড়ভাঙা পরিশ্রমের খেলা কে খেলতে যায়! সোনা তো মেলে একটাই!