
‘আমরা বিদায়ের লাউঞ্জে বসে আছি’—শুধু নিজেকে নিয়ে নয়, মাস খানেক আগে ক্লাইভ রাইস কথাটা বলেছিলেন একসময়ের সতীর্থ গ্রায়েম পোলককে নিয়েও। মৃত্যুটা যে এত কাছে ঘনিয়ে এসেছে, সেটা কি টের পেয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক? ১৬ বছর ধরে লড়ছিলেন মস্তিষ্কের টিউমারের সঙ্গে, সেই লড়াইয়ে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করলেন কাল। কেপটাউনের এক হাসপাতালে চিরতরে চলে গেলেন তর্কযোগ্যভাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান দেখলে ভুরু কুঁচকে যেতে বাধ্য। একটিও টেস্ট খেলেননি, তিন ওয়ানডেতে ২৬ রান ও ২ উইকেট—একেবারেই সাধারণ এক ক্রিকেটারের কথা বলে। কিন্তু পরিসংখ্যান বলছে না, বর্ণবাদের জন্য দক্ষিণ আফ্রিকার প্রায় ২০ বছরের নিষেধাজ্ঞার সঙ্গে সমাপতন হয়েছিল রাইসের বর্ণিল ক্যারিয়ারের। পরিসংখ্যান বলছে না, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ৪২ বছর বয়সী রাইসই টস করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সময়ে সেরাদের একজন ছিলেন, উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছিলেন। এসব কিছুটা বোঝাতে পারছে রাইসের মহিমা। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ হাজারেরও বেশি রান ও পেস বলে ৯৩০ উইকেট বোঝাতে পারছে আরও কিছুটা। ‘নিষেধাজ্ঞা ছোবল না দিলে রাইস ক্রিকেট গ্রেটদের একজন হতেন। হ্যাডলি ও কপিলের কাতারের ছিলেন তিনি’—দক্ষিণ আফ্রিকার সাবেক বোর্ডপ্রধান আলী ব্যাখারের কথাটা তাই অতিশয়োক্তি নয়।
২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার ১৯৭১-৭২ অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পেয়েছিলেন। সেই সফর আর হয়নি। এর আগেই যে বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট খেলার অধিকার হারিয়েছে। ক্যারিয়ার শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ট্রান্সভাল ও নাটালের হয়ে। তবে নিজের সেরা সময়টা কাটিয়েছিলেন ইংলিশ কাউন্টি দল নটিংহামশায়ারের হয়ে। স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গে ব্যাটে-বলে দুর্দান্ত যুগলবন্দী ছিল সেই সময়ের কাউন্টি ক্রিকেটের অন্যতম আকর্ষণ। রাইসের চাবুকের মতো কাট আর দুর্দান্ত পেস বোলিংয়ের গল্পের স্মৃতিচারণা করে যেমন কাল টুইটারে দীর্ঘশ্বাস ফেলেছেন অনেকে। ইউটিউবের অজস্র ভিডিওতে অবশ্য রাইসকে খুঁজে পাওয়া যাবে না, সেসব মুহূর্ত বন্দী হয়ে আছে মুগ্ধ দর্শকের স্মৃতিতেই।
এর মধ্যেই রাইসকে মুদ্রার এপিঠ-ওপিঠ অনেকবারই দেখতে হয়েছে। নটিংহামশায়ারের অধিনায়কত্ব হারিয়ে ক্যারি প্যাকারের বহুল আলোচিত ওয়ার্ল্ড সিরিজে অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে খেলেছেন। রিচার্ডস, লয়েড, গার্নার, গ্রিনিজদের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রাইসের দলের দারুণ জয়টা তো সেই সিরিজের বড় একটা বিজ্ঞাপনই হয়ে ছিল। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ‘রেবেল ট্যুর’-এ নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার। যে মুহূর্তটির জন্য তৃষিত অপেক্ষা, সেটা পূরণ হয়েছে ১৯৯১ সালে এসে। প্রায় দুই যুগের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম লোক ছিলেন রাইসই। কলকাতার ইডেন গার্ডেনে প্রায় এক লাখ দর্শকের সামনে নেমেছিলেন টস করতে। পরে যে মুহূর্তটি রোমন্থন করতে গিয়ে বলেছেন, ‘এখন আমি বুঝতে পারছি, নীল আর্মস্ট্রং চাঁদে পা দেওয়ার পর তাঁর কেমন লেগেছিল।’
ক্রিকেটার রাইসের মতো মানুষ রাইসও ছিলেন দারুণ বর্ণিল। অন্যায়ের সঙ্গে আপোস করেননি, ১৯৯২ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নির্বাচকদের প্রকাশ্যেই অভিযুক্ত করেছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বরাবরই, বব উলমার ও হান্সি ক্রনিয়ের মৃত্যুকে ‘খুন’ দাবি করে হইচই ফেলে দিয়েছিলেন বছর ছয়েক আগে। কিন্তু এর মধ্যেই ধীরে ধীরে ক্যানসারে রূপ নেওয়া টিউমারের সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ছিলেন। গত মার্চে বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য এসেছিলেন, অনেকটা সুস্থ হয়ে গেছেন বলেও খবর এসেছিল।
কিন্তু মৃত্যু জাল বিছিয়ে এনে চূড়ান্ত থাবাটা ঠিকই দিয়ে দিল। ২২ গজের পর এবার জীবন থেকেও বিদায় নিতে হলো রাইসকে। সেই রাইস, আরেক সাবেক সতীর্থ মাইক প্রক্টরের ভাষায়, যাঁর হৃদয় আফ্রিকার মতো বড়! ক্রিকইনফো, এএফপি।
প্রথম শ্রেণির ক্যারিয়ার
ব্যাটিং
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
৪৮২ ৭৬৬ ২৬৩৩১ ২৪৬ ৪০.৯৫ ৪৮/১৩৭
বোলিং
ম্যাচ উইকেট সেরা গড় স্ট্রাইক রেট ৫/১০
৪৮২ ৯৩০ ৭/৬২ ২২.৪৯ ৫২.২ ২৩/১