যাঁরা বিশ্বাস ভেঙেছিলেন...
একসময় অ্যাথলেটিকসেই বেশি ছিল ডোপ-পাপের কালো থাবা। বালকো কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তো জানা গিয়েছিল, রীতিমতো বিলিয়ন ডলার বিনিয়োগ করে গবেষণাগার বানিয়ে ডোপিং হয়েছে অ্যাথলেটিকসে। ডোপিং প্রতিরোধের কম চেষ্টা করা হচ্ছে না। কিন্তু কিছুতেই যেন বাধ দেওয়া যাচ্ছে না। এখন তো সব খেলাতেই মহামারির মতো ছড়িয়ে পড়ছে এই ‘অসুখ’। মারিয়া শারাপোভার মতো বিশ্বের সেরা টেনিস তারকাদের একজন নিষিদ্ধই হয়ে গেলেন। খেলার পৃথিবীর অন্ধকার জগতের খবর পাওয়া গেল আরও একবার। খেলার এমনই কয়েকজন সেরা তারকাদের ডোপ-পাপের গল্প পড়ুন—

মারিয়া শারাপোভা
রূপকথার মতো উত্থান হয়েছিল তাঁর। মঞ্চ থেকে মারিয়া শারাপোভার প্রস্থান কি হলো ঠিক তাঁর উল্টো? সময়ই বলে দেবে। তবে ২৯ বছর বয়সী এই টেনিস তারকার ক্যারিয়ারের শীর্ষ জায়গাটা এক রকম শেষই। ডোপ নেওয়ার অপরাধে গত মার্চে যে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন, সেটাই রূপ নিল দুই বছরে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় দেওয়া নমুনায় নিষিদ্ধ ঘোষিত মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ডোপ পরীক্ষার তারিখ ২৬ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে এই নিষেধাজ্ঞা। শেষ হবে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। টেনিসের অন্যতম জনপ্রিয় তারকা কোর্টে দারুণ সাফল্য না পেলেও টানা ১১ বছর আয়ের দিক থেকে ছিলেন বিশ্বের শীর্ষ নারী ক্রীড়াবিদ। সেখান থেকেই এই পতন।

ল্যান্স আর্মস্ট্রং
সাবেক এই সাইক্লিস্ট নিজেকে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তির কাতারে। শুধু সাতবার ট্যুর ডি ফ্রান্স জিতেছেন বলেই নয়; ট্র্যাকের বাইরে ক্যানসারের সঙ্গে তাঁর দীর্ঘ লড়াই, তাঁর নিজ হাতে গড়া ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক উদ্যোগ তৈরি করেছিল অন্য এক ভাবমূর্তি। সেই মূর্তিটাই ভেঙে খানখান করে দিলেন আর্মস্ট্রং। অভিযোগ আর সন্দেহের তির অনেক দিন থেকেই তাঁর দিকে ছুটে গেলেও সবই সামলে এসেছিলেন দারুণভাবে। যুক্তরাষ্ট্রের ডোপিং-বিরোধী সংস্থা যখন জালটা একেবারে গুটিয়ে আনছিল, সেই সময় উপায় না দেখেই এক টিভি অনুষ্ঠানে গিয়ে আর্মস্ট্রং সব স্বীকার করেন। ২০০০ অলিম্পিকে জেতা ব্রোঞ্জ মেডেলের পাশাপাশি সাতটি ট্যুর ডি ফ্রান্সের পদকও কেড়ে নেওয়া হয়।

বেন জনসন
১৯৮৮ অলিম্পিকে ট্র্যাকের ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গিয়েছিল। বেন জনসন আবির্ভূত হলেন এক বিস্ময় হিসাবে। তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কার্ল লুইস তো বটেই; বিশ্ব রেকর্ডের তালিকায় পেছনে ফেলে দিলেন সবাইকে। সে সময়ের নতুন বিশ্ব রেকর্ড ৯.৭৯ সেকেন্ড টাইমিং গড়লেন। কিন্তু ৪৮ ঘণ্টা যেতে না যেতেই জানা গেল, এই অতিমানবীয় কীর্তি জনসন গড়েছেন অন্যায়ভাবে। স্ট্যানোজোলল নামের একটি স্টেরয়েড নিয়েছিলেন জনসন।

ডিয়েগো ম্যারাডোনা
১৯৯৪ বিশ্বকাপ। অনেকেই ভেবেছিল ম্যারাডোনা ফুরিয়ে গেছেন, দেওয়ার আর কিছুই নেই। কিন্তু গ্রুপ পর্বে গ্রিস আর নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে বুড়ো হাড়ের ভেলকি দেখালেন। ম্যারাডোনা আরও চমক দেওয়ার আগেই মাঠের বাইরে চমকে দেওয়া এক নাটক। বুলগেরিয়া ম্যাচের ঠিক ছয় ঘণ্টা আগে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হলেন। ডোপ টেস্টে ধরা পড়ল নিষিদ্ধ এফিড্রিন। যে ড্রাগ পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে। আট বছর আগে যে টুর্নামেন্টে নিজের অমরত্ব নিশ্চিত করেছিলেন, সেটি থেকেই নিতে হলো কলঙ্কিত বিদায়।

জাস্টিন গ্যাটলিন
জোন্সকে ডোপ পাপের পথে টেনে এনেছিলেন কি গ্যাটলিনই? অনেকেরই ধারণা এমনটাই। ১০০ মিটার স্প্রিন্টের এই সাবেক বিশ্ব রেকর্ডধারী ২০০১ সালে প্রথমে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে না ফিরতেই আবারও পাপে জড়ান। ২০০৬ সালের এপ্রিলে ডোপ টেস্টে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হন। ২০১০ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয় তাঁকে। আজীবন নিষিদ্ধই হতেন। তবে তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি সহযোগিতা করে শুদ্ধ হয়ে আবার খেলার পৃথিবীতে ফিরবেন বলে প্রতিশ্রুতি দেন। গ্যাটলিন ফিরে এসেছেন। এই ‘বুড়ো’ বয়সেও দারুণভাবেই। কিন্তু তাঁর দিকে সন্দেহের দৃষ্টি যেন থাকছেই। একবার বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া যে খুব কঠিন।

টাইসন গে
ডোপ পাপে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিকস যখন জর্জরিত, একের পর এক তারকার পতন হয়ে আকাশটাও শূন্য; সেই সময় ধূমকেতুর মতো তাঁর আবির্ভাব। ২০০৭ বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে জিতলেন ‘ট্রেবল’। স্প্রিন্টের তিনটি সোনাই উঠল গলায়। উসাইন বোল্টের আবির্ভাবে আড়ালে চলে গেলেন। তবে ফিরেও আসছিলেন দারুণভাবে। ২০১৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে বোল্টকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা ছিল তাঁর। ঠিক তখনই নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব ধরা পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। ২০১২ অলিম্পিকে জেতা রুপার পদকটাও ফিরিয়ে দিতে হলো। গত বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ! কী পতন!

মারিয়ন জোন্স
স্প্রিন্টের রানি বলা হতো তাঁকে। অনেকের চোখে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা সেরা নারী অ্যাথলেটও ছিলেন। ২০০০ সিডনি অলিম্পিকে ৩টি সোনাসহ জিতেছিলেন পাঁচ পদক। কিন্তু ছয় বছর পরই পতন! সবগুলো পদক কেড়ে নেওয়া হলো। নিষিদ্ধ হলেন আজীবন। এক সময় বিশ্বের সবচেয়ে আয় করা নারী ক্রীড়াবিদকে একজন ছিলেন। সেই জোন্স পড়ে হয়ে গেলেন দেউলিয়া। আদালতের খরচা মেটাতে নিজের তো বটেই, মায়ের বাড়িঘরও বেচে দিতে হলো!

শেন ওয়ার্ন
২০০৩ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগের দিন সংবাদ সম্মেলন ডাকল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই চমকে দেওয়া তথ্য জানা গেল। স্পিনার শেন ওয়ার্ন এর আগের একটি সিরিজে দেওয়া রুটিন ডোপ টেস্টে ধরা পড়েছেন। নিষিদ্ধ ডিউরেটিকের অস্তিত্ব ধরা পড়ে তাঁর নমুনায়। এই ওষুধ ঠিক পারফরম্যান্স বাড়ায় না। তবে পারফরম্যান্স বাড়াতে নেওয়া স্টেরয়েড যেন ডোপ টেস্টে ধরা না পড়ে, সেই কাজ করে। ওয়ার্ন অবশ্য দাবি করেছিলেন, পারফরম্যান্স বাড়ানোর ওষুধ আড়াল করার জন্য তিনি এটি নেননি। তাঁর মা ছেলেকে এই জন্য ওষুধটা খেতে দিয়েছিলেন, যেন নির্মেদ ওয়ার্নকে দেখতে ভালো লাগে! যুক্তি বটে!