যাও টুইটার বলো তারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী এখন ‘যুদ্ধের ময়দানে’। প্রতিপক্ষ শিবিরে আক্রমণের নেতৃত্বের গুরুভার তাঁর কাঁধে। লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বজয়ের। স্বামীকে তাই পাশে পাচ্ছেন না বেশ কিছুদিন। পাবেন না আরও বেশ কিছুদিন। এমন বিরহ আর কত দিন সয়! প্রতিটা পল, ক্ষণ-অনুক্ষণ বিরহব্যথায় কাতর ক্যারল সেলিকো, ব্রাজিল তারকা কাকার স্ত্রী।কোচ দুঙ্গা খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের ব্যাপারে কড়াকড়ি বিধিনিষেধ জারি করেছেন বহু আগে থেকেই। কী উপায়! উপায় একটা বের করেছেন কাকা। আশ্রয় নিচ্ছেন প্রযুক্তির। যাও টুইটার বলো তারে, সে যেন ভোলে না মোরে। হ্যাঁ, কাকার বার্তাবাহক পায়রার ভূমিকায় এখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘টুইটার’।এই ‘টুইটার’-এ কাকার স্ত্রী সেলিকো একটা বার্তা পাঠিয়েছিলেন কদিন আগে। আবেগ নিংড়ানো বার্তা, ‘তুমিই আমার জীবনের ভালোবাসা।’ রিয়াল মাদ্রিদ তারকা কাকার জবাবটাও হয়েছে দারুণ রোমান্টিক, ‘সৃষ্টিকর্তা যখন একটি স্বপ্ন পাঠান, সেটার উদাহরণ তুমিই। কষ্ট পেয়ো না, ঘাবড়েও যেয়ো না কখনো। তুমি সেই স্বপ্নের মাঝেই বেঁচে থাকবে। ভালোবাসি তোমাকে।’এত দূর পর্যন্ত ঠিকঠাকই ছিল। কিন্তু গত শুক্রবার কাকা ও তাঁর স্ত্রীর সেই প্রেমবার্তা দুটি ফাঁস করেছে গ্লোবো। আর যায় কোথায়! কাকা-ভক্তরা তো হুমড়ি খেয়ে পড়েছে সেই বার্তা চাক্ষুষ করতে। তবে এমন হাজারো তারকা ও তাঁদের ভক্তকুলের কারণে টুইটারও আছে চাপে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের! ফলে প্রায় সময়ই এই সাইটটিতে ঢুকতে সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন জাঁ-পল কোজাত্তি। টুইটারের এই প্রকৌশলী জানিয়েছেন, গত সপ্তাহে চাহিদার তুলনায় সামর্থ্যের দ্বিগুণ দিয়েও শেষতক কুলিয়ে উঠতে পারেনি তারা। তাই নিজেদের ব্যর্থতার কথা বুঝিয়ে দিতে টুইটারের লোগোর জায়গায় একটি তিমির ছবি সেঁটে দেওয়া হয়েছে বাধ্য হয়ে। আর লোগোর তিমিটার প্রতীকী নাম দেওয়া হয়েছে ‘ব্যর্থ তিমি’! এএফপি, ওয়েবসাইট।