যাওয়ার আগে গেরহার্ডের ‘বোমা’
হকি কোচ নিয়ে চিরকালের মতোই এশিয়ান গেমসে নাটক হলো। খেলোয়াড় বনাম কোচ, কোচ বনাম নির্বাচক কমিটি ও ফেডারেশন—নানা খবর ছাপা হলো পত্রিকায়। এরই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত ফেডারেশন সূত্র দাবি করছিল, দু-এক দিনের মধ্যেই তারা বরখাস্ত করতে যাচ্ছে জাতীয় দলের কোচ পিটার গেরহার্ডকে।পিটার গেরহার্ড হয়তো সেটি আঁচ করতে পেরে নির্ধারিত সময়ের আগেই পরশু রাতে দেশে ফিরে গেছেন। যাওয়ার আগে এশিয়ান গেমস নিয়ে দিয়ে গেছেন ‘জ্বালাময়ী’ এক রিপোর্ট। ওই রিপোর্টটি হাতে এসেছে প্রথম আলোর, যাতে এশিয়ান গেমসে বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে মূল্যায়ন তো আছেই, আছে চাঁচাছোলা সব মন্তব্য। রিপোর্টে গেরহার্ড দলের সঙ্গে এশিয়ান গেমসে যাওয়া কর্মকর্তাদের বলেছেন ‘ভ্রমণার্থী’, ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিশেষণ দিয়েছেন ‘দন্তহীন বাঘ’; এমনকি বাংলাদেশ হকি ফেডারেশনকে আখ্যা দিয়েছেন ‘পুরোনো শহরের মাফিয়া’!রিপোর্টটা অবশ্য নির্দিষ্ট কারও বরাবর জমা দেননি গেরহার্ড। কারণ তিনি নিজেই নাকি বুঝতে পারছিলেন না, রিপোর্ট কার কাছে দিতে হবে! ‘যাহার জন্য প্রযোজ্য’ শিরোনামের এই রিপোর্টের শুরুতেই এই না বোঝার কারণ ব্যাখ্যা করেছেন জার্মান কোচ, ‘ফেডারেশনের কেউ যেহেতু আমার সঙ্গে কথা বলছে না এবং ফেডারেশন সভাপতি বুঝতে পারছেন না, আমার সঙ্গে কী কথা বলবেন এবং জনাব জামিল যেহেতু আমাকে বলেছেন, তিনি আর হকির সঙ্গে জড়িত নন; তাই আমি জানি না, এই রিপোর্ট কার কাছে পাঠাব।’এই ‘অজ্ঞানতা’ থেকে খোন্দকার জামিল ও ফেডারেশন ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বরাবর রিপোর্টটি ই-মেইল করেছেন গেরহার্ড। তাঁর আশা, এর মধ্যে কেউ একজন অন্তত বুঝতে পারবেন, কে এই রিপোর্ট পাওয়ার উপযুক্ত পক্ষ!শুরুতে গেরহার্ড এশিয়ান গেমসের ছয়টি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন। প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছেন, মূলত প্রতিপক্ষের অভিজ্ঞতার কাছেই হেরেছে বাংলাদেশ। একমাত্র ভারতের বিপক্ষে ম্যাচটিকেই তিনি বলছেন ‘দুঃস্বপ্ন’।গেরহার্ড বলছেন, এই পারফরম্যান্সকে শ্রেয়তর করার জন্য কাজ চালিয়ে যেতে হবে। এই দল নিয়ে তিনি ইউরোপে লিগ খেলে যাওয়ার পক্ষে। তবে এ ক্ষেত্রে গেরহার্ড প্রধান অন্তরায় মনে করেন খোদ ফেডারেশনকেই। এই হকি ফেডারেশন গেরহার্ডের ভাষায় ‘পুরোনো শহরের মাফিয়া চক্র’; যে চক্র সভাপতিকে কেন্দ্র করে ঘুরপাক খায়। ফেডারেশনকে গেরহার্ডের কাছে অসংগঠিত, পরিকল্পনাহীন ও দায়িত্ব নিতে অসমর্থ একটি সংগঠন মনে হচ্ছে। সাধারণ সম্পাদক সম্পর্কে তাঁর মূল্যায়ন—তিনি ‘টিথলেস টাইগার’।এরপরই কোচ চীনে দলের সঙ্গে থাকা সাত কর্মকর্তার মূল্যায়ন করেছেন, ‘আমাদের একজন তথাকথিত ম্যানেজার ছিলেন, জনাব মনজুর; যিনি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। আমাদের সঙ্গে জনাব বারী (শামসুল বারী) নামে এক অসুস্থ ভদ্রলোক ছিলেন, যাঁর উদ্দেশ্য এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি হওয়া। জনাব বাবুল নামে ফেডারেশনের এক সদস্য ছিলেন তাঁর শুশ্রূষা করার জন্য। পিরু আমাদের একজন অকর্মা সহকারী কোচের সহকারী ছিলেন। অথচ ছিল না কোনো ভিডিওম্যান বা ফিজিও।’ সবশেষে এসেছে খেলোয়াড়দের প্রসঙ্গ। আলাদা করে প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্স ও মান মূল্যায়ন করেছেন গেরহার্ড। এই মূল্যায়নে কোচের ‘গুড বুক’-এ ‘রত্ন’ হিসেবে ঠাঁই পেয়েছেন দুই তরুণ পুস্কর খীসা ও কুষ্ণ কুমার। পিন্টু, রানা, চয়ন ও তাপসকে কোচ বলছেন ‘খুবই ভালো খেলোয়াড়’। এর মধ্যে চয়নকে বলেছেন বিশ্বমানের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ, পিন্টুকে দলের সেরা খেলোয়াড়। কোচের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন বিপ্লব। গেরহার্ডের মতে বিপ্লবেরই দলের অধিনায়ক হওয়া উচিত।খেলোয়াড় হিসেবে গোলরক্ষক জাহিদও প্রশংসা পেয়েছেন; তবে গেরহার্ডের বিবেচনায় অধিনায়ক হিসেবে জাহিদ ‘ফ্লপ’। জাহিদকে তিনি রাসেল মাহমুদের (জিমি) মুখপাত্র বলেছেন।গেরহার্ডের সবচেয়ে তীব্র সমালোচনায় পুড়েছেন রফিক, তূর্য, মাকসুদ আলম (হাবুল), নান্নু ও রিয়াজ। এর মধ্যে হাবুলকে তো ‘অকর্মা’-ই বলে ফেলেছেন। জিমি সম্পর্কে কোচ একটু দ্বিধান্বিত। তাঁর পারফরম্যান্স কোচকে সন্তুষ্ট করলেও তাঁর আচার-আচরণে এখনো সমস্যা আছে বলে মনে করেন গেরহার্ড। গেরহার্ড বাংলাদেশের হকির জন্য কিছু সুপারিশ করেছেন। অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ করে দিতে চান। এ রকম ১৮ জন খেলোয়াড়ের জন্য দুই বছরের ভিসা ও পৃষ্ঠপোষক জোগাড় করতে রাজি তিনি। তবে এর আগে তো টিকে থাকতে হবে তাঁকে।