যাওয়ার জন্য ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৭ সালে। ওয়ানডেকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি, তবে দলে নেই দেড় বছর ধরে। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও জায়গা হয়নি চূড়ান্ত দলে। গত বছরের এপ্রিলে আবার মাতারা আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। সব মিলিয়ে ধরেই নেওয়া হয়েছিল সনাৎ জয়াসুরিয়ার ক্যারিয়ার শেষ। কিন্তু একজন কিংবদন্তির বিদায় মাঠ থেকে না হলে কি আর হয়?জয়াসুরিয়াকেও সেই সুযোগ করে দিচ্ছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ককে। খবরটা প্রথমে এসেছিল বড় একটা বিস্ময় হয়েই। মনে হচ্ছিল, এই ৪২ ছুঁই-ছুঁই বয়সে বুঝি ক্যারিয়ারের নতুন শুরু হচ্ছে জয়াসুরিয়ার। কিন্তু পরে নিজেই জানিয়েছেন, এই ফেরা আনুষ্ঠানিকভাবে যাওয়ার জন্যই। ওভালে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেই ইতি টানবেন বর্ণাঢ্য ক্যারিয়ারের।শ্রীলঙ্কা দলে চমক আছে আরও। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া থিলিনা কান্দাম্বি ফিরেছেন দিলশানের ডেপুটি হয়ে। শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ বলে বিবেচিত দিনেশ চান্দিমাল টেস্টের পর ফিরেছেন ওয়ানডে দলেও। ৫ ও ৬ নম্বরে গত কিছুদিন ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছিল সামারাবীরা, কাপুগেদারা ও চামারা সিলভাকে। এবার বাদ পড়েছেন তিনজনই। ফিরেছেন অলরাউন্ডার জীবন মেন্ডিস। উপুল থারাঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার দিমুথ করুণারত্নে। বিশ্বকাপের ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আইসিসির তদন্তাধীন বলে বিবেচনা করা হয়নি থারাঙ্গাকে। অ্যাঞ্জেলো ম্যাথুসকে রাখা হলেও ইংল্যান্ডে যাবেন কেবল চোট পুরোপুরি সারলেই।জয়াসুরিয়ার ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল দু-তিন দিন ধরেই। চিরসবুজ তারকাও বলেছিলেন, ‘দল চাইলে আমি প্রস্তুত।’ সর্বশেষ ইংল্যান্ড সফরে থারাঙ্গাকে নিয়েই উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড (২৮৬) গড়েছিলেন জয়াসুরিয়া। শচীন টেন্ডুলকারের (৪৫৩) পরে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড তাঁর (৪৪৪), সর্বোচ্চ রানেও তিনি দ্বিতীয় (১৩৪২৮)। তাঁর ২৮ সেঞ্চুরির চেয়ে বেশি করেছেন কেবল রিকি পন্টিং (৩০) ও টেন্ডুলকার (৪৮)। বাঁহাতি স্পিনে উইকেট ৩২২টি। আছে আরও কিছু রেকর্ড। প্রথম ওয়ানডের একদিন পর, আগামী ৩০ জুন ৪২ পূর্ণ করবেন ‘মাতারা হারিকেন’। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ২৫ জুন, এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে আছে একটি করে ম্যাচ।শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান (অধিনায়ক), থিলিনা কান্দাম্বি (সহ-অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, জীবন মেন্ডিস, দিমুথ করুণারত্নে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, দিলহারা ফার্নান্ডো, সুরজ রনদিভ, অজন্তা মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, সনাৎ জয়াসুরিয়া।