যাচ্ছেন বিভব সিংও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা অভিমান থেকেই বিসিবির চাকরি ছেড়ে চলে গেছেন কোচ শেন জার্গেনসেন। সিডনিতে নতুন চাকরি পেয়ে বিদায় নিয়েছেন ট্রেনার ডেভিড ডয়ার। আর ব্যাটিং কোচ কোরি রিচার্ডসও তাঁর প্রতি বিসিবির অনাগ্রহ বুঝতে পেরে নিজেই দিয়েছেন ইস্তফা। পুরোনোদের মধ্যে বাকি ছিলেন শুধু ফিজিও বিভব সিং। কাল জানা গেল, চলে যাচ্ছেন তিনিও।
বিসিবিতে এর মধ্যেই ইস্তফাপত্র দিয়েছেন জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান ফিজিও বিভব সিং। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল ইস্তফাপত্র পাওয়ার কথা জানিয়ে বলেছেন, ‘বিভব ব্যক্তিগত কারণ দেখিয়ে বলেছেন, তিনি আর বেশি দিন কাজ করতে পারবেন না।’ তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিভব সিং দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী। বাংলাদেশ দলের সঙ্গে এটাই হবে বিভব সিংয়ের শেষ সম্পৃক্ততা। মাস খানেক আগে বিয়ে করেছেন। জানা গেছে, স্ত্রীর ইচ্ছাতেই বাংলাদেশের চাকরি ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় বা তার আশপাশে কিছু একটা করতে চান বিভব।
প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে আর ট্রেনার হিসেবে একই দেশের মারিও ভিলাভারায়ানকে নিয়োগ দেওয়া হলেও জাতীয় দলের জন্য এখনো নেওয়া হয়নি স্পিন বোলিং এবং ফিল্ডিং কোচ। নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন, ‘শ্রীলঙ্কার পিয়াল বিজেতুঙ্গেকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই তাঁকে পাওয়া যাবে। এ ছাড়া ফিল্ডিং কোচ নেওয়ার ব্যাপারেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’ অবশ্য আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন ফিল্ডিং কোচ পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি।
তিন ওয়ানডে, দুই টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে আগামী ১৩ আগস্ট।