যাজকদের ক্রিকেট যুদ্ধ!

যাজকদের কাজ উপাসনালয়ে নিবিষ্ট মনে প্রার্থনা করা। আর শান্তির বার্তা প্রচার করা। কিন্তু যাজকেরা যদি ব্যাট-বল নিয়ে মাঠে নামেন, তাহলে চমকে উঠতে হয় বৈকি! ব্যাট-বলের এ লড়াই হবে ইংলিশ যাজক ও ভ্যাটিকান যাজকদের মধ্যে।
ব্যাপারটা খোলাসা করা যাক। গত অক্টোবরে ভ্যাটিকানে গঠন করা হয়েছে ‘সেন্ট পিটার্স ক্রিকেট ক্লাব’। ক্লাবের সব খেলোয়াড় রোমের ক্যাথলিক কলেজের যাজক, সঙ্গে প্রশিক্ষণার্থী যাজকও রয়েছেন। ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলা হয়েছে ‘ভ্যাটিকান একাদশ’। এ দলটিই লড়বে বিলেতি পুরোহিতদের (অ্যাঙ্গলিকান প্রিস্ট) সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে, ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে।
ইংল্যান্ডের প্রধান ধর্মযাজক জাস্টিন ওয়েলবি ও ভ্যাটিকানের প্রধান ধর্মযাজক ডেভিড মক্সোনের মধ্যে এ বিষয়ে যাবতীয় আলাপ-আলোচনা সম্পন্ন হয়েছে। বলা বাহুল্য, দুই দলের খেলোয়াড়দের প্রত্যেকেই আনাড়ি। ভ্যাটিকান দল গঠনে মুখ্য ভূমিকা পালন করছেন ফাদার ইয়ামোন ও’হিগিনস।
ম্যাচের আগেই শুরু হয়েছে কথার লড়াই। এটি শুরু করেছেন মক্সোন। অস্ট্রেলিয়ার কাছে ইংলিশদের অ্যাশেজ হারা প্রসঙ্গে বলেছেন, ‘তিনি (ইংল্যান্ডের প্রধান ধর্মযাজক) অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ক্ষমা করতেই এ চ্যালেঞ্জ নিতে চান।’ ভ্যাটিকান দলটি গঠন করা হয়েছে রোমের যাজকদের নিয়ে। খেলোয়াড়েরা বেশির ভাগই এসেছেন ক্রিকেট ঐতিহ্য চালু রয়েছে এমন দেশ যেমন—ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ড থেকে।
গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এ ম্যাচের মাহাত্ম্য কি? আদতে ১৫৩৪ সালে রাজা অষ্টম হেনরির রোম পতনের পর দুটি চার্চের ক্রীড়া কূটনীতি ও আন্তধর্মীয় সম্পর্ক দৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। মক্সোন বলেন, ‘এটি গোটা বিশ্বের ক্যাথলিক ও অ্যাঙ্গলিকান সম্প্রদায়কে এক করার সংলাপের সূচনা করবে। আমার ধারণা, এটি দুটি সম্প্রদায়ের ভালোবাসার বন্ধন দৃঢ় করতে পারে।’
ভ্যাটিকান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাদার কে এম জোসেফ। তিনি ভারতে বিভিন্ন ভ্যাটিকান ধর্ম অনুসারী স্কুলে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়েছেন। ফলে ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এ যাজক। ভ্যাটিকান দলের পোশাকের রং হবে রাষ্ট্রের অফিশিয়াল রং—হলুদ ও সাদা। জ্যাকেটের বুকে থাকবে পোপের দুটি ‘ক্রস চাবি’র চিহ্ন।
যদিও পোপ ফ্রান্সিস ক্রিকেটের ভক্ত নন। তিনি পছন্দ করেন ফুটবল। সমর্থন করেন তাঁর জন্মভূমি আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোকে। ক্লাবটি গত রোববারে রোমে এসেছিল পোপের সঙ্গে দেখা করতে। ফাদার ও’হিগিনস এ প্রসঙ্গে বলেন, ‘পোপ ফ্রান্সিসের অন্যতম উদ্দেশ্য, নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সবখানে নিজেদের ছড়িয়ে দেওয়া।’ ফলে বোঝাই যাচ্ছে, ক্রিকেটের মাধ্যমে অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপনে যথেষ্ট আগ্রহী পোপ।
ক্যাথলিক ক্রিকেট ক্লাবের ধারণাটি মূলত ভ্যাটিকানে অবস্থানরত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জন ম্যাকক্যারথির মস্তিষ্কপ্রসূত। এর আগে যাজকদের অংশগ্রহণে এ ধরনের একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল রোমে। ম্যাকক্যারথি ক্রিকেটপাগল মানুষ। ফলে তিনি চান যাজকেরা এবার ক্রিকেট খেলুন। তিনি বলেন, ‘আমার পরামর্শ, সেন্ট পিটার্স বাসিলিকার সামনে কোনো উপলক্ষে অন্তত ব্যাটিং প্র্যাকটিস হোক।’
আরেকটি মূল্যবান প্রশ্ন, দুই চার্চের মধ্যে যে খেলাটি হবে, সেটির আম্পায়ার কে থাকবেন? এক সাংবাদিক পরামর্শ দিয়েছেন, আম্পায়ার হোক কোনো মুসলমান, ইহুদি কিংবা নিদেনপক্ষে নাস্তিক কেউ। এ প্রশ্নে অবশ্য মক্সোন এক গাল হেসে বলেন, এ ক্ষেত্রে তিনি নাকি যথেষ্ট ‘পক্ষপাতহীন’!