যাত্রা শুরু ‘বিগ বেবি’র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিসে চীনাদের একচ্ছত্র আধিপত্য। চার বছর আগে বেইজিং অলিম্পিকে চার ইভেন্টের চারটিতেই সোনাসহ ১২টি পদকের ৮টিই ওঠে চীনাদের গলায়। কিন্তু চীনাদের আধিপত্যে ছেদ টানার উদ্দেশ্যেই হোক কিংবা অন্য কারণে, টেবিল টেনিসের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এককে কোনো দেশের দুজনের বেশি খেলতে পারবেন না। তা সত্ত্বেও লন্ডনে সবগুলো সোনার দিকেই চোখ চীনাদের। চীনাদের প্রতিনিধি হয়ে সেই পথের শুরুটাও দারুণ এক জয় দিয়ে করলেন ‘বিগ বেবি’।চীনা ভাষায় বর্তমান মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন ডিং নিং-এর ডাকনাম ‘দ্য বাওবেই’, বিগ বেবি। পরশু প্রথম ম্যাচে ২২ বছর বয়সী এই মহিলা টেবিল টেনিস খেলোয়াড় ১১-৪, ১১-৩, ১১-৯, ১১-৬ সেটে হারিয়েছেন সাবেক ইউরোপিয়ান দ্বৈত চ্যাম্পিয়ন রোমানিয়ার ড্যানিয়েলা ডোডেয়ানকে। ক্যারিয়ারের প্রথম অলিম্পিক বলে একটু চাপ অনুভব করেছেন ঠিকই। তবে পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হওয়ায় আত্মবিশ্বাসও ছিল। সব সময়ই ব্যতিক্রমী উত্তর দেওয়া ডিং নিং পরশুর জয়ের পরও যেমন বলেছেন, ‘হ্যাঁ, আমি চাপে ছিলাম। কিন্তু একই সময়ে আমি ভালো প্রস্তুতিও নিয়েছি। কারণ, আমি ১ নম্বর। কাজেই আমি এর জন্য প্রস্তুত। সব সময়ই আমরা এই প্রশ্নটার মুখোমুখি হই, খেলাটাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করি? আমাদের একটা ক্রীড়া মনোবিদ দল আছে। তা ছাড়া চীনে আমাদের প্রচুর সমর্থক আছে।’ডিং নিংয়ের দাবি, চীনাদের বিপক্ষে খেলতে প্রতিপক্ষরা সব সময়ই চাপে থাকে। পরশু যেমন ছিলেন ডোডেয়ান। আর প্রতিপক্ষদের এই চাপটাই চীনাদের সবচেয়ে বেশি সাহায্য করে, ‘সেও চাপে ছিল। কারণ প্রতিপক্ষরা জানে, চীনা দলকে হারানো কতটা কঠিন। এ কারণেই তারা হারের জন্যও প্রস্তুত থাকে। এটা ভিন্ন রকম চাপ।’ নতুন নিয়মে প্রতিটি দেশ থেকে এককে দুজন করে খেলতে পারছেন। ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের বর্তমান রানারআপ স্বদেশি লি শিয়াওশিয়াকেই প্রত্যাশা করছেন ডিং নিং। এএফপি।