যাত্রা হলো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে দল
প্রথম বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে দল

যেন ক্রমশ প্রকাশ্য কোনো রোমাঞ্চকর উপন্যাস। বিশ্বকাপের আগের ১৯টি আসর নিয়ে কত গল্পগাথা। প্রথম আলো অনলাইনের নতুন এই ধারাবাহিকে ফিরে দেখা হবে বিশ্বকাপের আগের আসরগুলো। প্রথম পর্বে থাকছে ১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ—

সময়টা ১৯২৮ সাল। অলিম্পিক তখন ফুটবলের একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট। কিন্তু তাতে ফুটবলের একক অধিকার তো নেই, অলিম্পিকের এতগুলো ইভেন্টের মধ্যে ফুটবল একটা ইভেন্টমাত্র। তবুও ওই এক ইভেন্টের জনপ্রিয়তাই বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফাকে ভাবাল ফুটবলের একটি আলাদা একক টুর্নামেন্টের কথা। তা ছাড়া ১৯৩২ অলিম্পিকে ফুটবল আর না রাখার সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছিল ফিফাকে। অতঃপর ২৮ মে আমস্টারডামে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ফিফা এককভাবে ফুটবলের একটি বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজন করবে।

আয়োজন হবে, ঠিক তো হলোই। এখন বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে তা নির্ধারণের পালা। ঘণ্টা বাঁধার জন্য, অর্থাত্ আয়োজক হওয়ার জন্য আবেদন করল পাঁচটি দেশ—ইতালি, সুইডেন, হল্যান্ড, স্পেন ও উরুগুয়ে। ১৯২৪ ও ১৯২৮—টানা দুবার অলিম্পিকজয়ী উরুগুয়ের প্রাধান্য সেখানে পরিষ্কার। উরুগুয়ের স্বাধীনতার শতবর্ষপূর্তি উদযাপনের জন্য প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজনই নিশ্চয় ছিল সেরা উপলক্ষ। বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাকে নিশ্চিত করতে উরুগুয়ে আরও দারুণ কিছু প্রস্তাব করল। ফুটবল বিশ্বকাপের জন্য নতুন একটি স্টেডিয়াম তৈরিসহ টুর্নামেন্টের পুরো সময়ে ভ্রমণসহ প্রতিযোগীদের সব খরচের পুরোটাই ফেরত দেওয়ার প্রস্তাব ছিল তাদের। প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় উরুগুয়েকে। বিশ্বকাপ ট্রফি ডিজাইনের দায়িত্ব বর্তাল ফ্রেঞ্চ স্থপতি আবেল লেফলোর কাঁধে।

পরবর্তী প্রশ্ন—কারা খেলবে ফুটবলের প্রথম বিশ্বকাপে? এটিই একমাত্র বিশ্বকাপ যেখানে বাছাইপর্ব বলে কিছু ছিল না। ফিফার প্রতিটি সদস্য রাষ্ট্রকেই বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানানো হয়। উরুগুয়ে ছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে ও পেরু দক্ষিণ আমেরিকার এই ছয়টি দেশ ঝটপট সাড়া দেয়। উত্তর আমেরিকা থেকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আগ্রহীদের তালিকায় নাম তোলে। কিন্তু ইউরোপ কোনো সাড়া দেয়নি।
সে সময় ইউরোপের গল্পও ছিল অন্য রকম। তখন সেখানে অর্থনৈতিক দুরবস্থার যুগ। ইউরোপ থেকে লাতিন আমেরিকার ব্যয়বহুল ও ক্লান্তিকর ভ্রমণ হয়তো নিদারুণ আতিশয্য মনে হয়েছিল ইউরোপের দেশগুলোর কাছে। পরে অবশ্য ফিফার কর্তা জুলে রিমের হস্তক্ষেপে ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম ও যুগোস্ল্ল¬াভিয়া—ইউরোপের এই চার দেশ মূল প্রতিযোগিতায় অংশ নেয়।

সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার গিলের্মো স্তাবিল
সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার গিলের্মো স্তাবিল

মোট ১৩টি দেশ নিয়ে শুরু হয় এই মর্ত্যে সবচেয়ে বড় উত্সবের প্রথম মঞ্চায়ন। ১৩টি দলকে বিভক্ত করা হয় চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল স্থান করে নেবে নকআউট পর্ব অর্থাত্ সেমিফাইনালে। নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা নিষপত্তি না হলে অতিরিক্ত সময়ের নিয়ম করা হয়েছিল, সেটির প্রয়োজন পড়েনি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনটি নকআউট ম্যাচে।
১৯৩০ সালের ১৩ জুলাই, একই সঙ্গে মাঠে গড়ায় বিশ্বকাপ ইতিহাসের প্রথম দুটি ম্যাচ। যত যুগ ধরেই বিশ্বকাপের উপাখ্যান চলুক না কেন, যুগ যুগ ধরে প্রথম ম্যাচ হিসেবে ফ্রান্স-মেক্সিকো আর যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের ম্যাচ দুটোর কথাই বলা হবে। ফ্রান্সের লুসিয়া লরেন ইতিহাসে নাম লেখান বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে। প্রথম গ্রুপে তিনটি ম্যাচের তিনটিই জিতে সেমিফাইনালে স্থান করে নেয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। দ্বিতীয় গ্রুপ থেকে যুগোস্ল¬াভিয়া দুটি ম্যাচের দুটিই জিতে বিদায় করে দেয় আরেক ফেবারিট ব্রাজিলকে। তৃতীয় গ্রুপ থেকে প্রত্যাশিতভাবেই উরুগুয়ে চলে যায় শেষ চারে। চতুর্থ গ্রুপে অপ্রত্যাশিতভাবে ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্য। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের সঙ্গেও জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের নাম।
প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের বার্ট পার্টিনডের করা একটি গোল দলের অন্য খেলোয়াড়ের নামে লেখা হয়েছিল। কিন্তু সেটি ২০০৬ সালে সংশোধন করে তাঁর নামে লেখা হয়। খাতা-কলমে তিনি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের মালিক হিসেবে স্বীকৃতি পান, তার আগ পর্যন্ত যেটি লেখা ছিল ওই ম্যাচের ঠিক দুই ম্যাচ পরেই করা আর্জেন্টিনার গিলের্মো স্তাবিলের নামে।
বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং উরুগুয়ে যুগোস্ল¬াভিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলে। কাকতালভাবে দুটি ম্যাচের স্কোর ছিল একই, ৬-১। প্রথমটিতে জয়ী দলের নাম আর্জেন্টিনা, দ্বিতীয়টিতে উরুগুয়ে। প্রথম বিশ্বকাপের তৃতীয় স্থান নিয়ে অবশ্য বড়সড় বিতর্ক আছে। গ্রামের ভুতুড়ে বাড়িটা নিয়ে নানাজনে যেমন নানা কথা বলে, প্রথম বিশ্বকাপের তৃতীয় স্থানটাও তেমনই এক ভুতুড়ে বাড়ি। কিছু সূত্রের দাবি, প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়েছিল, যুগোস্ল¬াভিয়া ৩-১ গোলে সেই ম্যাচে জয়ী হয়। আবার কিছু সূত্র অনুযায়ী যুগোস্ল¬াভিয়া সেমিফাইনাল ম্যাচের বাজে রেফারিংয়ের প্রতিবাদে স্থান নির্ধারণী ম্যাচটাই খেলেনি। কেউ বলে যুগোস্লাভিয়া ও যুক্তরাষ্ট্র দুই দলকেই ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়েছিল।
অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ, প্রথম বিশ্বকাপের ফাইনাল! ৩০ জুলাই বিশ্বকাপ উপলক্ষে নির্মিত স্টেডিয়াম মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে ফাইনালটি অনুষ্ঠিত হয়। ১৯২৮ অলিম্পিকের দুই ফাইনালিস্ট সেবার স্টেডিয়ামে উপস্থিত ৯৩ হাজার দর্শকের সামনে আবারও মুখোমুখি হয় আরেকটি বৈশ্বিক প্রতিযোগিতার ফাইনালে। গোল বাধল, কোন দেশের বল দিয়ে খেলা হবে তা নিয়ে। আর্জেন্টিনা উরুগুয়ের বল দিয়ে খেলতে রাজি নয়, উরুগুয়েই বা কেন আর্জেন্টিনার বল দিয়ে খেলবে? সমাধান? দুই অর্ধে খেলা হলো দুই দলের বল দিয়ে।
দুই বছর আগের অলিম্পিকে উরুগুয়ের কাছেই ২-১ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনা এবার হার মানল ৪-২ গোলে। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকা স্বাগতিক উরুগুয়ে জিতে নেয় প্রথম বিশ্বকাপ। ফাইনালের পরের দিনটি উরুগুয়েতে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষিত হয়েছিল।
টুর্নামেন্টে ১৮টি ম্যাচে মোট গোল হয়েছিল ৭০টি। সর্বোচ্চ ৮ গোল করেন আর্জেন্টিনার গিলের্মো স্তাবিল। এভাবেই লেখা হয়ে যায় বর্ণময় বিশ্বকাপ ইতিহাসের প্রথম পাতাটি।