জয় জয়ই, তা সে যেখানেই হোক কিংবা যার বিপক্ষেই। বিশ্বকাপ-যাত্রার শুরুতে আমরা একটা জয় চেয়েছিলাম। এবং এই চাওয়াটাকে রাখতে চেয়েছিলাম পুরোপুরি ঝুঁকিমুক্ত। আমরা মনে করি, যেকোনো বড় যাত্রায় শুরুটা ভালো হওয়া দরকার। শুরুতেই কোনো বাজে অভিজ্ঞতা হয়ে গেলে পুরো বিশ্বকাপেই হয়তো তার প্রভাব পড়বে।কানাডার বিপক্ষে জয় দিয়ে সেই শুভসূচনাটুকু করে নিলাম আমরা। তবে টসে জিতেও আগে ফিল্ডিং নেওয়ার মূল উদ্দেশ্য ছিল বোলারদের প্র্যাকটিসটা যেন ভালোভাবে হয়। রাতে শিশির বেশি থাকবে, বোলাররা তখন ভালো বোলিংয়ের সুযোগটা পাবে না। স্বাভাবিক কন্ডিশনে বল করলে যে সুযোগটা পেত, তাদের সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আর বিশ্বকাপের আগে কাল পাকিস্তানের বিপক্ষে আরেকটা প্রস্তুতি ম্যাচ আছে। ওই ম্যাচে ব্যাটসম্যান-বোলার সবারই অনুশীলন করার সুযোগ থাকবে। সেটা ভেবেই গত ম্যাচে বোলারদের সুযোগ দিলাম।জয় সব সময়ই আত্মবিশ্বাস বাড়ায়। কানাডার বিপক্ষে ম্যাচটাও আমাদের জন্য সেভাবেই কাজ করবে আশা করি। তা ছাড়া জয়টাও হয়েছে খুবই সহজ। এ ধরনের দলকে যেভাবে হারানো দরকার, সেটা যে আমরা করতে পারি—এই জিনিসটা তো জানা হলো।এই ম্যাচে আমার পরিকল্পনা ছিল, যারাই ভালো বল করবে তাদের দিয়ে বেশিক্ষণ বল করাব না। যারা বেশি বল করেছে, ভালো বোলিং না করায় প্র্যাকটিসের জন্যই তাদের দিয়ে সেটা করিয়েছি। স্কোরকার্ড দেখলেই বুঝবেন, যারা ভালো বোলিং করেছে তারা সবাই কম ওভার বল করেছে। ভালো বোলিং করলে তো আর বেশি কিছু দেখার দরকার নেই, বোলার এমনিতেই আত্মবিশ্বাসী থাকবে। তা ছাড়া ম্যাচে এমনও কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, ওরা রান বেশি করে ফেলছে বা ভালো কোনো জুটি হয়ে যাচ্ছে। আমি আমার পরিকল্পনাটা এই সুযোগে ভালোভাবেই কাজে লাগাতে পেরেছি।এই ম্যাচে আমাদের ফিল্ডিংও ভালো ছিল। সবাই চেষ্টা করেছে যার যার জায়গা থেকে ভালো ফিল্ডিং করার। আর ব্যাটিংয়েও তামিম-ইমরুল তাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছে। আমার কখনোই মনে হয়নি আমাদের ব্যাটসম্যানরা কানাডার ১১২ রান সামনে নিয়ে ব্যাটিং করেছে। তামিম-ইমরুল দুজনেরই লক্ষ্য ছিল স্বাভাবিক ব্যাটিং করা এবং তারা সেটাই করেছে। এমন কোনো লক্ষ্য আমাদের ছিল না যে ১১২ রানের জবাবে ১০ উইকেটে জিততে হবে, বা এত ওভারের মধ্যে জিততে হবে। বিশ্বকাপের ম্যাচে যেভাবে খেলবে এই ম্যাচেও ব্যাটসম্যানরা সেভাবেই খেলেছে। তামিম আউট না হলে ম্যাচটা ১০ উইকেটেই জিততাম। তবে আমার কাছে এসব ম্যাচে ১০ উইকেটে জয় আর ৯ উইকেটে জয় একই। বরং তামিম নিজের কিছু জিনিস করার চেষ্টা করছিল, আউট হয়ে গেলেও ওই প্র্যাকটিসটা দরকার ছিল। সব মিলিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে আমি কোনো সমস্যা দেখিনি। যার যার জায়গা থেকে সবাই-ই ভালো করেছে।এই ম্যাচে পেসার এবং স্পিনার সবাই ভালো বল করেছে, এটাও একটা ভালো দিক।্রতবে কানাডার সঙ্গে হয়তো সবকিছু অত ভালোভাবে বোঝা যায়নি। এটা বোঝা যাবে পাকিস্তানের বিপক্ষে। দলের কোথায় কী অবস্থা সেই ম্যাচেই ঠিকভাবে ধরা পড়বে। তবে নতুন করে পরীক্ষা-নিরীক্ষার খুব বেশি কিছু দেখছি না।আমাদের পাওয়ার প্লের ব্যাটিং নিয়ে খুব কথা হচ্ছে। বোলিং পাওয়ার প্লের পরই ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে নেওয়ার ব্যাপারটিও আলোচনায় এসেছে। বাস্তবে এগুলো নিয়ে এখনই খুব বেশি চিন্তা করছি না। প্রথম কথা হলো স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে। তারপর যদি নতুন কিছু করা যায় ভালো। হ্যাঁ, একটা ম্যাচে এ রকম হতেই পারে যে ১০ উইকেট হাতে আছে, ব্যাটিং পাওয়ার প্লেটা আগে নিয়ে নিলাম। কিন্তু উইকেট পড়ে গেলে তো আর এটা করা যাবে না।এবার চট্টগ্রামের উইকেট-মাঠ দুটোই ভালো লেগেছে। মাঠটা তো এখন অনেক সবুজ! এ ছাড়া চট্টগ্রামের বিশ্বকাপ প্রস্তুতিও দেখলাম বেশ এগিয়ে গেছে। ওখানে ম্যাচ হতে আরও প্রায় এক মাস বাকি। সেদিক দিয়ে তারা বরং ঢাকার চেয়ে এগোনো। বিশ্বকাপের আগে নিশ্চয়ই আরও চমৎকারভাবে সেজে উঠবে চট্টগ্রাম।