যানজটেও বিশ্বকাপের আনন্দ
ভিআইপিরা মানুষের গালাগাল সম্ভবত বেশি শোনেন রাস্তায়। আগে-পিছে সেপাই-সান্ত্রি নিয়ে পতাকা লাগানো গাড়িতে করে কেউ যাবেন, দাও বন্ধ করে সাধারণের চলাচল। তীক্ষ হুইসেল বাজিয়ে তীব্রগতিতে মাত্র কয়েকটা যানের উপদ্রবহীন ছুটে চলার জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নগরজীবন। হাততালি দেওয়ার তো কোনো কারণ নেই!নিজে দাঁড়িয়ে থেকে অন্যকে আগে যেতে দেওয়ার অপেক্ষাটাও যে আনন্দের হতে পারে, সেটা বুঝি বাংলাদেশে বিশ্বকাপ না এলে বোঝা যেত না! ক্রিকেটারদের যাওয়া-আসার কারণে বিশ্বকাপে শেরাটন হোটেল টু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম রুটের আশপাশের সড়কগুলোয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা প্রতিদিনই একাধিকবার হচ্ছে। মানুষ তাতে বিরক্ত হচ্ছে কমই। বরং টিম বাসের জানালার কাচ গলে যদি দেখতে পাওয়া যায়, আরে! এটা তো বাংলাদেশ দল! ওই তো সাকিব কিংবা শফিউল—স্লোগান ওঠে ক্রিকেটারের নাম ধরে, কখনো দেশের নামে।কাল বিকেলে অনুশীলন শেষে মিরপুর থেকে বাংলাদেশ দলের হোটেলযাত্রার কথাই ধরুন। সামনে-পেছনে ও দুই পাশে অস্ত্রধারী পুলিশের গাড়ি। তার পেছনে অ্যাম্বুলেন্স, আরেকটা মাইক্রোবাসে স্থানীয় আয়োজক কমিটির নিরাপত্তাকর্মীরা। অফিস ছুটির সময় বলেই হয়তো ট্রাফিক বিভাগের সতর্কতার পরও বিজয় সরণি আর ফার্মগেটে হালকা জটে পড়ল বহরটি। গতি একটু মন্থর হচ্ছে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ক্রিকেটারদের বাহন ঘিরে ধরছে পুলিশ। পেছনের গাড়ি-মোটরসাইকেলগুলোকে নিরাপদ দূরত্ব রেখে মন্থর করে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা, কেউ এতটুকু বিরক্ত হলো না। কোনো কটু মন্তব্য নেই। খেলোয়াড়দের নিরাপদে যেতে দেওয়া যাচ্ছে বলে উল্টো যেন বিশ্বকাপের অংশ হতে পারার আনন্দ সবার মধ্যে।রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের আনন্দও কম নয়। একটা জায়গায় ‘বাংলাদেশ বাংলাদেশ’ মিছিলই হলো কিছুক্ষণ! এই না হলে বিশ্বকাপের শহর! আলোকসজ্জা আর সৌন্দর্যবর্ধনের সঙ্গে সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটুকু যোগ না হলে ঢাকাও বোধহয় বিশ্বকাপ নগর হতো না। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কৃতজ্ঞ অগুনতি ক্রিকেট-ভক্তের প্রতি, ‘বাসে করে যাওয়ার সময় এই ব্যাপারগুলো দেখে আমাদের খুবই ভালো লাগে। মনে হয় বিশ্বকাপ শুধু আমরাই খেলছি না, পুরো দেশই সঙ্গে আছে।’