যানজটে নাকাল পেলে, পারেননি খেলা দেখতে!

যানজটের কবলে পড়ে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখা হয়নি পেলের! চোখে না দেখলেও গাড়িতে বসে ধারাবিবরণীটা অন্তত শুনতে পেয়েছেন তিনি।
জীবনে এই প্রথম গাড়িতে বসে ব্রাজিলের খেলার ধারাবিবরণী শুনেছেন পেলে। কাল ফোর্তোলেজায় খেলা হলেও সাও পাওলো স্থবির হয়ে পড়েছিল যানজটে। ব্রাজিলের যেকোনো খেলার দিন বড় শহরগুলোতে এমন যানজট অবশ্য নতুন কিছু নয়।
খেলা দেখতে না পারলেও ফলে অবশ্য স্বস্তিই মিলতে পারে ফুটবলসম্রাটের। কোনো গোল তো অন্তত মিস করতে হয়নি! পেলের অবশ্য তা নিয়ে আফসোস নেই একেবারেই। রেডিওতে খেলা শুনেই তৃপ্ত তিনি, ‘এবারই প্রথম গাড়িতে বসে রেডিওতে খেলা শুনতে হলো। বিরাট যানজটে আটকা পড়েছিলাম। ব্রাজিলের খেলা সম্পর্কে টেলিভিশন চ্যানেল গ্লোবোর কাছে ইতিবাচক মন্তব্যই করেছেন তিনি, ‘ব্রাজিল তো খারাপ খেলেনি। গোলই কেবল পায়নি।’
ফুটবলপাগল ব্রাজিলীয়রা কাল সবাই কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে বসে যেতে চেয়েছিলেন টিভির সামনে। সে কারণেই সাও পাওলোয় দেখা দেয় ভয়াবহ যানজট। কাল কেবল এই শহরেই যানজটের কারণে স্থবির হয়ে পড়েছিল ৩০২ কিলোমিটোর সড়ক। ব্রাজিলের বাণিজ্যিক নগরে যানজটের রেকর্ডটা অবশ্য হয়েছে গত মে মাসে। সেদিন সাও পাওলোয় যানজট ছিল ৩৪৪ কিলোমিটার।