নিখুঁত টেকনিক আর একই রকম শারীরিক গড়ন—সঞ্জয় মাঞ্জরেকারকে একসময় বলা হতো সুনীল গাভাস্কারের উত্তরসূরি। গাভাস্কারের পর আর শচীন টেন্ডুলকারের আগে ভারতীয় ক্রিকেটের সম্ভাব্য মহাতারকাও ভাবা হয়েছিল তাঁকে। প্রত্যাশার সামান্যই পূরণ করতে পেরেছেন মাঞ্জরেকার। তবে নিজের ইচ্ছাতে না হলেও এমন এক কীর্তি গড়ে ফেলেছেন যে রেকর্ড বুকে তাঁর জায়গাটাকে বলা যায় স্থায়ী। ক্যারিয়ারে ৩৭ টেস্ট খেলেছেন ৩৫টি মাঠে, যার প্রথম ৩৩টিই খেলেছেন ভিন্ন ভিন্ন মাঠে। এক মাঠে দুটি টেস্ট খেলতে আট বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে, কেবল আহমেদাবাদ ও বেঙ্গালুরুতে খেলেছেন দুটি করে টেস্ট। মাঞ্জরেকারের আগে রেকর্ডটি ছিল টেন্ডুলকারের, প্রথম ৩২টি টেস্ট খেলেছিলেন ভিন্ন ভিন্ন মাঠে। এই দুজনের পরেও আছেন আরেক ভারতীয়, প্রথম ২৪টি টেস্ট ভিন্ন মাঠে খেলেছিলেন সাবেক পেসার ও বর্তমান আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। তবে শ্রীনাথের সঙ্গী আছেন এক ওয়েস্ট ইন্ডিয়ান, দিনেশ রামদিন।