যুক্তরাষ্ট্র নকআউটে খেলবেই!
এমন একটা গ্রুপে পড়েও আগে থেকেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার নিশ্চয়তা দিচ্ছেন। ইয়ুর্গেন ক্লিন্সমানের সাহস আছে! নাকি হেভিওয়েট সব প্রতিপক্ষকে আগেই হুমকি দিয়ে অন্তত মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের কোচ?
‘জি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের এক প্রতিপক্ষ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তার মধ্যে একবার জার্মানি দলের অংশ ছিলেন ক্লিন্সমান নিজেও, একটি বিশ্বকাপে দলের কোচও ছিলেন। এক দল পর্তুগাল, যাদের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাই প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়ায়। অন্য দলটি ঘানা, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে যারা ঘাতক হয়ে শেষ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ। তবে ক্লিন্সমানের কথা শুনে মনে হতে পারে এবার কাউকেই ভয় পাচ্ছেন না তিনি, ‘আমি খুবই নিশ্চিত যে এবার আমরা নকআউট পর্ব পর্যন্ত যাব।’
গ্রুপ এবং ম্যাচের সূচি বলছে অন্য কথা। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রকে পাড়ি দিতে হবে প্রায় ৯ হাজার মাইল। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে এত দীর্ঘ ভ্রমণ আর কোনো দলকেই করতে হবে না। তবে ভৌগোলিক কারণেই বাকি দলগুলোর জন্য এবারের বিশ্বকাপ অন্য রকম হবে বলে মনে করেন ক্লিন্সমান, ‘ব্রাজিলের জীবনযাত্রার ধরনের কারণেই আমি এটাকে বলছি ধৈর্যের বিশ্বকাপ। সবার জন্যই সেখানে অনেক চমক অপেক্ষা করছে। এবার কারও জন্যই নিখুঁত বিশ্বকাপ হবে না।’ বিশ্বকাপের সময় প্রচণ্ড তাপমাত্রা, আর্দ্রতা, মাঠের দূরত্ব—এসব প্রতিকূলতার সঙ্গে যে দল যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারা ততই ভালো করবে বলে বিশ্বাস সাবেক জার্মান স্ট্রাইকারের, ‘আপনাকে প্রায় মাস দুয়েক প্রচণ্ড চাপ, উত্তেজনা সামলানো ও সমস্যার সমাধানের জন্য প্রস্তুত থাকতে হবে।’ এএফপি।