স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসের গত কয়েকটি আসরে নিয়মিতই সাফল্য পেয়ে আসছে বাংলাদেশ। এবারও ধারাবাহিকতাটা ধরে রাখতে চায় বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড়েরা। ২৫ জুলাই-২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসছে ১৪তম স্পেশাল অলিম্পিকস গেমসের বিশ্ব আসর। এতে অংশ নেবে ১৬৫টি দেশ। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বে ২১ জুলাই। যাওয়ার আগে কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা শোনালেন আশার কথা।
এই গেমস সামনে রেখে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিকেএসপিতে প্রথম দফায় আবাসিক ক্যাম্প হয়েছে খেলোয়াড়দের। তিন মাসের বিরতির পর মে মাসে আবারও শুরু হয় অনুশীলন। সাঁতার, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বোঁচি, ফুটবল এবং টেবিল টেনিসে অংশ নেবে ৫৭ জন খেলোয়াড়।
মাত্র ছয়টি খেলায় কোচ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ২০ জন। দলনেতা, সহকারী দলনেতা, চিকিৎসক মিলিয়ে ৮০ সদস্যের দলের বাইরেও যাচ্ছেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস গেমসের ৯ জন পরিচালক। আমন্ত্রিত অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও যাবেন যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে বিশাল এক বহরই যুক্তরাষ্ট্রে যাচ্ছে।
এই গেমসের জন্য বাজেট ২ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন ১ কোটি ২০ লাখ। গেমসে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।