যুক্তরাষ্ট্রকে থামাল পানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামার যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে দেওয়া অথবা কনক্যাকাফ গোল্ডকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের পরাজয়—দুটি ঘটনাই অভূতপূর্ব। নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম পানামা জিতল যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আর যুক্তরাষ্ট্রও এই প্রথম হারল কনক্যাকাফ গোল্ডকাপের গ্রুপ পর্বে।যুক্তরাষ্ট্রের পরাজয়ের রাস্তা তৈরি হয়ে যায় ৩৬ মিনিটের মধ্যেই। ফ্লোরিডায় ২৮ হাজার দর্শকের সামনে ১৯ মিনিটে পানামাকে এগিয়ে দেন লুইস টেজাডা। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল গোমেজ। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বব ব্র্যাডলির যুক্তরাষ্ট্র। তবে ল্যানডন ডনোভান, মাইকেল ব্র্যাডলিরা ম্যাচে কর্তৃত্ব দেখালেও গোলের দেখা পেয়েছেন একবারই। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ব্যবধান কমানো গোলটি করেছেন ক্লারেন্স গুডসন।ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ফুটবলে এ সময়ের সবচেয়ে বড় তারকা ডনোভান পরাজয়ের ব্যবচ্ছেদ করতে গিয়ে প্রথমার্ধটাই আনলেন অণুবীক্ষণের নিচে, ‘এভাবে শুরু আপনি করতে পারেন না। কোনো কারণে আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। শুরুতে ভুগছিলাম আত্মতুষ্টিতে। এভাবে শুরু করতে পারি না আমরা। তারা শুরুটা ভালো করেছে। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। তবে এত বড় গর্তে পড়ে যাওয়ার পর সেখান থেকে ওঠা যায় না।’গোল্ডকাপের গ্রুপ পর্বে ২৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারল যুক্তরাষ্ট্র, কোয়ার্টার ফাইনালে ওঠাটাই শঙ্কার মুখে পড়ে গেছে দ্বিতীয় সর্বোচ্চ চারবার টুর্নামেন্টজয়ী দেশটি। পানামার গল্পটা ঠিক উল্টো। বেসবলের দেশ হিসেবে পরিচিত মাত্র ৩৪ লাখ মানুষের পানামা এই প্রথম উঠেছে গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে। দেশটি উৎসবে তো ভাসবেই। কোচ হুলিও দেলি ভালদেস বলেছেন, ‘পানামায় মানুষ নিশ্চয়ই উৎসব শুরু করে দিয়েছে।’ এএফপি, রয়টার্স।