অনুশীলনের জায়গা নেই। ভালোভাবে প্রস্তুতিও নিতে পারেনি বাংলাদেশ ব্রিজ দল। তারপরও ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ দারুণ করছে। কাল ষোলতম রাউন্ডে ব্রিজের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র-১ দলের সঙ্গে বাংলাদেশের জয়ের ব্যবধান ৩৮-১০ পয়েন্ট। ফ্রান্সের লিঁও শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টে এর আগে মেক্সিকো এবং ইতালিকেও হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ১০৫.৬৫ পয়েন্ট নিয়ে ২২ দলের মধ্যে ২০তম স্থানে বাংলাদেশ। জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহমান মোহন ফ্রান্স থেকে বলছিলেন, ‘সবাই অবাক হয়েছে বাংলাদেশের খেলা দেখে। আমাদের অভিনন্দনে ভাসিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র দলটাকে বলা হয় ব্রিজের পাওয়ার হাউস। এদের সঙ্গে জেতার আনন্দই আলাদা। মনে হচ্ছে বিশ্বকাপই জিতে ফেলেছি। জয়ের সব কৃতিত্ব ছেলেদের। এখন আমাদের একটাই চাওয়া, দলের অনুশীলনের জন্য একটা জায়গা যেন বরাদ্দ দেয় সরকার।’