যুক্তরাষ্ট্রে খেলতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বে এখনো খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। তবে সাম্প্রতিক সময়ে সেখানে পাড়ি জমাতে শুরু করেছেন ইউরোপের তারকা ফুটবলাররা। ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরি, আলেসান্দ্রো নেস্তা ইতিমধ্যেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ঘরোয়া ফুটবল লিগে। আর এবার সেখানে গিয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে এই ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন এই পর্তুগিজ স্ট্রাইকার।২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে স্পেনে আনার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় ১৩০ মিলিয়ন ডলার গুনতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কাজেই এখন চাইলেও খুব সহজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারবেন না রোনালদো। তবে আগামী দিনে সুযোগ এলে যে তিনি আমেরিকান ফুটবল অঙ্গনে পা রাখতে চান, সে কথাটা প্রকাশ্যেই জানিয়েছেন ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ী এই ফুটবলার। তিনি বলেছেন, ‘আমার যদি এখানকার ফুটবল অঙ্গনের জন্য কিছু করার থাকে, তাহলে আমি হয়তো সেটা করতে পারি। কিন্তু আমার মতে তারা খুবই ভালো করছে। তারা খুবই ভালো পথেই আছে। আমি একদিন এখানে খেলার আশা করি।’ইউরোপিয়ান মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছে রিয়াল মাদ্রিদ। গতকাল রোববার লাস ভেগাসে তারা মুখোমুখি হয়েছিল মেক্সিকান ক্লাব সান্তোস লাগুনার।— রয়টার্স