যুক্তরাষ্ট্রে বসবে বড় ক্লাবের মেলা
ইউরোপের বড় ক্লাবগুলো মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে যাবে, প্রস্তুতি ম্যাচ খেলবে। গত কয়েক বছর ধরে হয়ে আসছে এমনটাই। এ বছরও নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস যাচ্ছে আটলান্টিকের ওপারে। তবে এবার আর প্রীতি ম্যাচের নামে অর্থহীন ফুটবল নয়, একেবারে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতেই যুক্তরাষ্ট্রে যাবে ক্লাবগুলো। আগামী জুলাইয়ে দেশটি আয়োজন করতে যাচ্ছে চ্যাম্পিয়নস কাপ নামের প্রাক্-মৌসুমি এক প্রতিযোগিতার। আটটি ক্লাব অংশ নেবে নকআউটভিত্তিক সেই টুর্নামেন্টের প্রথম আসরে। স্প্যানিশ ‘দানব’ রিয়াল মাদ্রিদ, ইতালির জুভেন্টাস ও ইন্টার মিলান এবং স্বাগতিক দেশের এলএ গ্যালাক্সি অংশ নিচ্ছে, নিশ্চিত হয়েছে এতটুকুই। পরশু টুর্নামেন্টের আয়োজকেরা জানিয়েছেন, সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন এসি মিলান, তুরস্কের গ্যালাতাসারাই ও ইংল্যান্ডের দুটি বড় ক্লাবের সঙ্গেও কথা বলছেন তাঁরা। বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের এই টুর্নামেন্ট বিশ্বজুড়ে সম্প্রচারের জন্য ফক্স সকার চ্যানেলের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে আয়োজক আরএসই ভেঞ্চারস। সংস্থাটির ফুটবল বিভাগের প্রধান নির্বাহী চার্লি স্টিলিটানো জানিয়েছেন, মৌসুম শুরুর আগেই কিছুটা চ্যাম্পিয়নস লিগের আবহ আনতেই আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট, ‘পার্থক্যটা হচ্ছে এটা একটা সত্যিকারের টুর্নামেন্ট। আগে আমরা অনেক প্রীতি ম্যাচ দেখেছি, যাদের অনেকগুলোই খুব সফল হয়েছিল। আমরা চেষ্টা করছি, মৌসুম শুরুর আগেই চ্যাম্পিয়নস লিগ জাদুর কিছুটা হলেও নিয়ে আসতে। আমরা জানি, এটা চ্যাম্পিয়নস লিগ নয়। তবে কোচরা জানিয়েছেন, তাঁরা মৌসুম শুরুর আগে অর্থহীন কোনো ম্যাচ খেলতে চান না।’রিয়াল মাদ্রিদের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিভাগের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো মনে করেন, টুর্নামেন্টের ধরনটা তাঁর ক্লাবের খেলোয়াড়দের নতুন উদ্দীপনা জোগাবে, ‘যেখানেই হোক না কেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা মানেই আপনাকে প্রতিটি ম্যাচ জিততে হবে। তবে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়াটা খেলোয়াড়দের বাড়তি কিছু দেবে।’টুর্নামেন্টের পুরো সময়সূচি ও কারা কারা অংশ নেবে সেসবের বিস্তারিত জানা যাবে আগামী মাসে। তবে আগস্টের শুরুতে ফাইনালটা মায়ামির সান লাইফ স্টেডিয়ামে হবে, সেটি নিশ্চিত হয়েছে। রয়টার্স।