যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ও টিম হাওয়ার্ডের শহর
গোলরক্ষক টিম হাওয়ার্ড এখন যুক্তরাষ্ট্র ফুটবল দলের মহাতারকা। নিউজার্সি অঙ্গরাজ্যের শান্ত শহর নর্থ ব্রানসউইকে টিম হাওয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা। এই শহরে জন্ম নেওয়া একটি ছেলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলের অন্যতম প্রধান তারকা—ব্যাপারটি নিয়ে গর্বের সীমা নেই নর্থ ব্রানসউইকবাসীর। টিম হাওয়ার্ডের কল্যাণে ব্রানসউইক এখন পুরো যুক্তরাষ্ট্রে অতিপরিচিত এক শহরের নাম।শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে চমত্কার খেলে ড্র করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে যারপরনাই খুশি মার্কিনরা। তাদের কাছে অবশ্য খেলাটি ‘ফুটবল’ নয় ‘সকার’ নামে পরিচিত। ফুটবল নামে যুক্তরাষ্ট্রে ভিন্ন আরও একটি খেলা রয়েছে, সেই খেলাটি অনেকটা রাগবির মতো। সে দেশে ‘সকার’-এর চেয়ে ‘ফুটবল’ বরং বেশি জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের মানুষ ইতিহাস নিয়ে অতটা আগ্রহী না হলেও, ১৯৫০ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর ব্যাপারটি তারা বেশ ভালো করেই জানে। অনেক সকারভক্তই ৫০-এর বিশ্বকাপের সেই ঘটনাটি বেশ গর্ব ও আনন্দ নিয়েই মনে রেখেছেন। সকারভক্তরা শনিবারের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের জয় না পাওয়ায় কিছুটা হতাশও। তাদের মতে, যুক্তরাষ্ট্রের দুর্ভাগ্য যে তারা ম্যাচটি জিততে পারেনি। এবারের বিশ্বকাপ নিয়ে মার্কিন গণমাধ্যমকে বেশ আগ্রহীই মনে হয়েছে। বিশ্বকাপের আগে থেকেই সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলো এ-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বেশ ফলাও করেই প্রকাশ এবং প্রচার করেছে। এ কারণে মার্কিনরাও বিশ্বকাপ নিয়ে অন্য বারের চেয়ে অনেক বেশি আগ্রহী। তবে বেশির ভাগ মার্কিনের কাছেই সকারের নিয়ম-কানুন খুব একটা স্পষ্ট নয়। বিশ্বকাপ ফুটবল নিয়ে যেকোনো আলাপেই সকারের নিয়ম-কানুন বেশ আগ্রহ নিয়েই জানতে চায় মার্কিনরা।বিশ্বকাপ নিয়ে আগ্রহ মোটামুটি থাকলেও, অফিসের কাজকর্ম ফাঁকি দিয়ে খেলা দেখার প্রবণতা একেবারেই নেই যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে। তবে সাপ্তাহিক ছুটির সুযোগে বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচটি অনেককেই উপভোগ করতে দেখা গেছে।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন সেই টিম হাওয়ার্ড। এই সাফল্যে নর্থ ব্রানসউইক শহরে টিম হাওয়ার্ডের পুরোনো বন্ধুরা আতশবাজি পুড়িয়ে আনন্দ-উল্লাস করেছেন। শহরের স্কুলগুলো থেকে শিক্ষার্থীরা টিম হাওয়ার্ডের সাফল্য কামনা করে গণচিঠি পাঠিয়েছে। টিম হাওয়ার্ডের সাবেক স্কুল লিনউড মিডলে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র ইহরামও অন্যদের মতো উত্তেজিত। বন্ধু আসিফকে নিয়ে ইহরামের প্রতিক্রিয়া, ‘টিম হাওয়ার্ড আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। টিমের মতো আমাদের স্কুল এবং আমাদের শহরও এখন বিখ্যাত হয়ে উঠেছে।’ নর্থ ব্রানসউইক শহরের বয়ঃবৃদ্ধ প্যাট্রিক লেসি তাঁর প্রতিক্রিয়ায় জানালেন, ‘আমাদের শহরের ছেলেটি এত বিখ্যাত হয়ে উঠেছে, এটা সত্যিই আনন্দের। আমি হাওয়ার্ড ও যুক্তরাষ্ট্র দলের সাফল্য কামনা করছি।’ প্যাট্রিক লেসি অবশ্য সকার একেবারেই বোঝেন না। খেলাটি ভালো করে তাঁকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি এই প্রতিবেদককে অনুরোধও জানালেন।