যুক্তরাষ্ট্রের এ কী দশা!
ক্ষমতার মানচিত্রে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিধর। যুক্তরাষ্ট্রের পেশিশক্তি আর অঙ্গুলি হেলনে উঠতে-বসতে হয় কত দুর্বল রাষ্ট্রকে। রাজনীতি-অর্থনীতি সবকিছুতেই তাদের ক্ষমতা বেড়েই চলেছে দিনকে দিন। কিন্তু একেবারেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ছেলেদের টেনিস অঙ্গনে। সাবেক মার্কিন তারকা পিট সাম্প্রাসের যে উইম্বলডন রেকর্ড সাত-সাতবার, সেই ঘাসের কোর্টেই এবার বেহাল দশা যুক্তরাষ্ট্রের। এবারের আসরের পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের বাধাই পেরোতে পারেননি কোনো মার্কিন খেলোয়াড়! উইম্বলডনে এমন ঘটনা ঘটল ১০১ বছর পর। ১৯১১ সালে শেষবারের মতো উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন আমেরিকার পতাকাবাহীরা।১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত উইম্বলডনে একটা সোনালি সময় পার করেছে যুক্তরাষ্ট্র। টানা নয়টি আসরের আটটি শিরোপাই জিতেছেন আমেরিকান তারকা আন্দ্রে আগাসি ও পিট সাম্প্রাস। এর আগে জিমি কনোর্স, জন ম্যাকেনরোরাও বেশ ভালোই দাপট দেখিয়েছিলেন উইম্বলডনে। যুক্তরাষ্ট্রের শেষ আশার বাতিটা ছিলেন অ্যান্ডি রডিক। ২০০৩ সালে তাঁর হাত ধরেই সর্বশেষ উইম্বলডনের পুরুষ এককের শিরোপাটি গিয়েছিল যুক্তরাষ্ট্রে। সেই তিনিও অবসরের ঘোষণা দিয়েছেন গত বছর। তারপর যেন একটা শূন্যতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের টেনিস অঙ্গনে। উইলিয়ামস বোনেরা এখনো মেয়েদের কোর্টে মার্কিন আধিপত্য ধরে রাখলেও নারী কি পুরুষ উভয় ক্ষেত্রে উঠে আসছে না তেমন কোনো প্রতিভা। স্যাম কুরি ছিলেন এবারের উইম্বলডনে আমেরিকার শীর্ষ তারকা। টেনিস র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ১৯তম। তিনি বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। দ্বিতীয় রাউন্ড থেকে ঝরে পড়েছেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা জন ইসনার। দ্বিতীয় রাউন্ডে বাড়ির পথ ধরতে হয়েছে জেমস ব্লেক ও ডেনিস কুলডাকেও। এবারের আসরের পুরুষ এককে সর্বশেষ আমেরিকান হিসেবে ববি রেনল্ডসও বিদায় নিয়েছেন নোভাক জকোভিচের কাছে হেরে। এর ফলে ১০১ বছর পর উইম্বলডনের পুরুষ এককের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে কোনো আমেরিকানকে ছাড়াই। উইলিয়ামস বোনদের সৌজন্যে, আরও স্পষ্ট করে বললে সেরেনার সৌজন্যে মেয়েদের কোর্টে হয়তো এখনো যুক্তরাষ্ট্রের পতাকা সগর্বেই উড়ছে। কিন্তু সামগ্রিক চিত্রটা দেখলে হতাশার ঘুণপোকার বাস সেখানেও। মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা একশতে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় আছে মাত্র দশজন। এঁদের মধ্যে সেরা ১৫-তে মাত্র একজন—শীর্ষে থাকা সেরেনা। ছেলেদের র্যাঙ্কিংয়ে সেরা একশতে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় আছেন আটজন। এঁদের মধ্যে পাঁচজনেরই অবস্থান আশির পরে! কিন্তু কেন এই দশা? বিশেষ করে ছেলেদের কোর্টে? উত্তরটা পাওয়া গেল আমেরিকার সাবেক উইম্বলডনজয়ী জন ম্যাকেনরোর কথায়, ‘ছেলেদের থেকে মেয়েরাই টেনিস বেশি খেলছে। আমেরিকার বড় তারকারা হয় রাগবি খেলে নয়তো বাস্কেটবল। টেনিসে যে জায়গায় আমাদের থাকার কথা ছিল আমরা সেখানে নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ রয়টার্স।