যুক্তরাষ্ট্রের দুটি টানা পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ইভেন্ট মানেই কঠিন লড়াই। কিন্তু ইভেন্টের নাম যদি হয় মেয়েদের ৪০০ মিটার রিলে আর বাস্কেটবল, তবে এ কথাটা ঠিক খাটে না। এই দুই ইভেন্টে লড়াই হয় রুপার জন্য, সোনাটা যুক্তরাষ্ট্রের জন্য ধরাবাঁধা! এবারও ব্যতিক্রম হলো না। অনায়াসেই ‘নিজেদের’ দুই ইভেন্টের সোনা জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই ইভেন্টেই জিতল এই নিয়ে টানা পাঁচবার! নিজেদের শ্রেষ্ঠত্ব আর দাপট ফাইনালেও প্রমাণ করেছে মার্কিনরা। রিলেতে রুপাজয়ী রাশিয়ার সঙ্গে ব্যবধান প্রায় ৩ সেকেন্ড, বাস্কেটবলে ফ্রান্সের সঙ্গে ৩৬ পয়েন্ট। আর কোনো অলিম্পিক সোনার লড়াই এমন একতরফা হয়?রিলেতে প্রথম লেগে কাছাকাছি-ই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দ্বিতীয় লেগে ২০০ মিটারের সোনাজয়ী অ্যালিসন ফেলিক্স ব্যবধানটাকে বাড়িয়ে নিলেন অনেকটা। শেষ লেগে ৪০০ মিটারের সোনাজয়ী সানিয়া রিচার্ডস-রস যখন ব্যাটন পেলেন, যুক্তরাষ্ট্র তখনই ধরাছোঁয়ার বাইরে। ৩ মিনিট ১৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে শেষ পর্যন্ত জিতেছে সোনা, ৩ মিনিট ২০.২৩ সেকেন্ডে রুপা জিতল রাশিয়া। ৩ মিনিট ২০.৯৫ সেকেন্ডে ব্রোঞ্জ জ্যামাইকার। ২০০ মিটারের সঙ্গে দুই রিলের সোনা—লন্ডনের ট্র্যাকের সফলতম মেয়ে অ্যাথলেট ফেলিক্স। সানিয়ার সোনা দুটি।বাস্কেটবলে ফ্রান্স ফাইনালে এসেছিল অপরাজিত থেকে। কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়েও মার্কিন মেয়েরা কতটা এগিয়ে, এর প্রমাণ দিয়েই জিতল ৮৬-৫০ পয়েন্টে। ২১ পয়েন্ট স্কোর করার পাশাপাশি ১১টি রিবাউন্ড নিয়ে জয়ের মূল নায়িকা ক্যানডেস বারবার। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের সেমিফাইনালে সোভিয়েত ইউনিয়নের সম্মিলিত দলের কাছে হারার পর এখনো অলিম্পিকে অপরাজিত যুক্তরাষ্ট্রের মেয়েরা। এই জয়ের ধারায় জয়ের ব্যবধান একবারই মাত্র ছিল দশের কম! ১৯৯২ অলিম্পিকে হারার আগের দুই অলিম্পিকে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল যুক্তরাষ্ট্র। ১৯৮৪ অলিম্পিক থেকে মার্কিন মেয়েদের জয়-পরাজয়ের হার ৫৫-১! এএফপি।