যুক্তরাষ্ট্রের পঞ্চম
কনক্যাকাফ গোল্ডকাপ টুর্নামেন্ট মানেই মেক্সিকো নয়তো যুক্তরাষ্ট্রের শিরোপা! এর আগের ১১ আসরের ১০ বারই শিরোপা গেছে মেক্সিকো কিংবা যুক্তরাষ্ট্রে। কিন্তু সর্বশেষ দুবারসহ সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতা মেক্সিকো এবার সেমিফাইনালেই বিদায় নেওয়ায় ফাইনালে যুক্তরাষ্ট্রই ছিল ফেবারিট। ইয়ুর্গেন ক্লিন্সমানের দল ফেবারিট তকমার মর্যাদা রেখেছে। পরশু নিজেদের মাঠের ফাইনালে পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘরে তুলেছে কনক্যাকাফ গোল্ডকাপের পঞ্চম শিরোপা। আগের দুই আসরের ফাইনালে মেক্সিকোর কাছে হারের হতাশা কিছুটা হলেও এতে ঘুচেছে।টুর্নামেন্টে দু-দুবার মেক্সিকোকে হারিয়ে (গ্রুপ পর্বে ও সেমিফাইনালে) চমক দেখানো পানামাও স্বপ্ন দেখছিল প্রথম গোল্ডকাপ শিরোপা ঘরে তোলার। সেটা হলে নিতে পারত ২০০৫ সালে এই যুক্তরাষ্ট্রের কাছেই ফাইনালে হারার প্রতিশোধও। কিন্তু পানামার সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন ব্রেক শেয়া। ৬৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন স্টোক সিটির ২৩ বছর বয়সী এই উইঙ্গারই। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে এটাই ক্লিন্সমানের প্রথম শিরোপা। যদিও পরশু ফাইনালে ডাগ-আউটে থাকতে পারেননি জার্মানির সাবেক স্ট্রাইকার। হন্ডুরাসের বিপক্ষে সেমিফাইনালে রেফারির বিরুদ্ধে অভিযোগ করায় ফাইনালে ডাগ-আউটে নিষিদ্ধ ছিলেন ক্লিন্সমান। এএফপি।